কাঁঠালবাগানে গুলি করে ব্যবসায়ীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাঁঠালবাগানে গতকাল শুক্রবার সন্ত্রাসীরা রোকনউদ্দিন (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে। তিনি তৈরি পোশাক কারখানার ঝুট ব্যবসা ও ইট-বালুর ঠিকাদারি করতেন এবং আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে কাঁঠালবাগানে গ্যাস্ট্রোলিভার হাসপাতালের কাছে মায়ের দোয়া নামের সিডির দোকানে বসে রোকন ওই দোকানের মালিক বাবুর সঙ্গে কথা বলছিলেন। এ সময় কালো পাঞ্জাবি ও নীল জিনস পরা আনুমানিক ২০-২৫ বছর বয়সী দুই যুবক ওই দোকানে ঢোকেন। ওই দুজনের সঙ্গে রোকনের কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা রোকনের দুই পায়ে গুলি করলে তিনি পড়ে যান। পরে তাঁর বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে ওই দুই যুবক পাশের গলি দিয়ে পালিয়ে যান। রোকনকে প্রথমে পান্থপথের শমরিতা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দোকানের মালিক বাবুসহ কয়েকজনকে র‌্যাব জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।হাসপাতাল সূত্র জানায়, রোকনকে মৃত ঘোষণার পর তাঁর অর্ধশতাধিক স্বজন জোর করে লাশ নিয়ে নেয়। হাসপাতাল ক্যাম্পের পুলিশ তাদের বাধা দিয়ে ব্যর্থ হয়। পরে শাহবাগ থানা থেকে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। নিহত রোকনের ছেলে খায়রুল আলম কান্নাজড়িত কণ্ঠে জানায়, কাঁঠালবাগানের ৬৯/আই/এ নম্বর বাড়ি তার বাবার। তাঁকে কারা, কেন খুন করেছে, তা সে জানে না। রোকনের স্ত্রী খাদিজা বেগম এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। রোকন দুই সন্তানের জনক।রোকনের বন্ধু আল আমিন জানান, রোকন ঝুট ব্যবসার পাশাপাশি ইট-বালুর ঠিকাদারি করতেন। তিনি ৫০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী। রোকনের সত্ভাই সোহেল দাবি করেন, ব্যবসায়িক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে।স্থানীয় লোকজন জানান, ১০-১২ বছর আগে এলাকায় সন্ত্রাসী হিসেবে রোকনের পরিচিতি ছিল। পরে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসেন।কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহীন মণ্ডল বলেন, রোকন সন্ত্রাসী ছিলেন। ধানমন্ডি থানায় তাঁর নামে অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারীরা তাঁর পরিচিত। পূর্বশত্রুতা ও ঝুট ব্যবসায় আধিপত্যের বিস্তার নিয়ে এই হত্যকাণ্ড ঘটেছে।আহত নিরাপত্তাকর্মীর মৃত্যু: কাফরুল থানার সেনপাড়া পর্বতায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত নিরাপত্তাকর্মী আবদুল জলিল (৫০) ২৭ দিন চিকিত্সাধীন থাকার পর গত বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি ৪৪১/২/ডি সেনপাড়া পর্বতায় থাকতেন। তাঁর বাবার নাম আজিমুদ্দিন।