কাঁঠালবাগানে নিজ বাসায় ওয়াসার ঠিকাদার খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাঁঠালবাগানে নিজ বাসায় ঢাকা ওয়াসার ঠিকাদার জিয়াউল ইসলাম (৩৫) খুন হয়েছেন। গতকাল রোববার সকালে খাটের ওপর থেকে তাঁর রক্তাক্ত ও গামছা দিয়ে দুই হাত বাঁধা লাশ উদ্ধার করে কলাবাগান থানার পুলিশ।পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, জিয়াউল কলাবাগান থানাধীন কাঁঠালবাগানে একটি বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া বাসায় থাকতেন। ওই বাসার দুটি ঘরের একটিতে তিনি এবং অপর ঘরে দুই যুবক থাকতেন। দুই দিন ধরে জিয়াউলের খোঁজ পাচ্ছিল না তাঁর পরিবার। তাঁর মুঠোফোনও ছিল বন্ধ। তাঁর খোঁজে গতকাল সকালে তাঁর বড় ভাই নাসিরুল ইসলাম ওই বাসায় গিয়ে বাসা তালাবদ্ধ দেখেন। তিনি বিষয়টি বাড়িওয়ালাকে জানান। পরে তাঁরা বিকল্প চাবি দিয়ে তালা খুলে ভেতরে গিয়ে দেখেন, জিয়াউলের রক্তাক্ত লাশ খাটের ওপর চিত হয়ে পড়ে আছে। পা দুটি মেঝেতে ঝোলানো ও দুই হাত গামছা দিয়ে বাঁধা। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।নাসিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি শুক্রবার দুপুর ১২টার পর থেকে জিয়াউলের মুঠোফোন বন্ধ পান। তাঁর খোঁজ নিতে গিয়ে ওই দিন তিনি ওই বাসায় গিয়ে তালাবদ্ধ দেখেন। তিনি ভেবেছিলেন, জিয়াউল হয়তো বাইরে কোথাও গেছেন। তাই প্রতিবেশীদের তিনি তাঁর ভাই বাসায় ফিরলে জানাতে বলেছিলেন। কিন্তু দুই দিন পরও কোনো খোঁজ না পাওয়ায় গতকাল তিনি আবার ওই বাসায় যান।নাসিরুল আরও বলেন, তিন ভাইয়ের মধ্যে জিয়াউল ছিলেন মেজো। তিনি ওয়াসায় ঠিকাদারি করতেন, পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁদের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বেলেপুকুর এলাকায়। বাবা রফিকুল ইসলাম।মর্গে জিয়াউলের কয়েকজন বন্ধু সাংবাদিকদের বলেন, জিয়াউল একসময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, জিয়াউলকে শ্বাসরোধে ও মাথায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। লাশ পচে ও ফুলে যাওয়ায় ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে তাঁকে হত্যা করা হয়েছে। ওই বাসায় অন্য ঘরে থাকা দুই যুবকের হদিস নেই। জিয়াউল যে মুঠোফোন ও মোটরসাইকেল ব্যবহার করতেন সেগুলোর খোঁজ পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে।ওই বাড়ির মালিক মোহাম্মদ সাইদ প্রথম আলোকে বলেন, তিনি ছয়-সাত বছর আগে জিয়াউলকে দুই ঘরের ওই বাসা ভাড়া দেন। অর্থসংকটের কথা বলে জিয়াউল মাস দুয়েক আগে একটি ঘর দুই যুবককে ভাড়া দেন। ওই দুজনের নাম-ঠিকানা তিনি জানেন না। শুক্রবার থেকে বাসাটি ছিল তালাবদ্ধ।