কাঁঠালবাগানে হেলে পড়া ভবন: রোববার আবার ভাঙার কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁঠালবাগানের হেলে পড়া সাততলা ‘এশিয়ান হায়দার টাওয়ার’ নামের ভবনটির ওপরের ছাদ ভাঙার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। ঈদ উপলক্ষে মাঝে বিরতি ছিল। আগামী রোববার আবারও ভাঙার কাজ শুরু হবে। রাজউকের অথারাইজড কর্মকর্তা আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, কাজ দ্রুত শেষ করার জন্য পাশের ১৬তলা নাসির টাওয়ারের একটি ফ্ল্যাটে ৩০ জনের মতো শ্রমিকের থাকার ব্যবস্থা করা হয়েছে। আগামী রোববার ছয়তলার ভাঙার কাজ শুরু হবে। ওই তলাটি ভাঙার পর ভবনটি অনেকটা ঝুঁকিমুক্ত হবে। এরপর অল্প সময়ে বাকি কাজ শেষ করা সম্ভব হবে বলে তিনি জানান।এদিকে রাজউক সূত্র জানায়, ফ্ল্যাটমালিকদের ক্ষতিপূরণ বাবদ আড়াই কোটি টাকা ফেরত দেওয়া হবে—নির্মাতা প্রতিষ্ঠান থেকে এমন আশ্বাস দেওয়ার কথা তাঁরা জানতে পেরেছেন। এ ছাড়া নির্মাতা প্রতিষ্ঠানের কাছে ফ্ল্যাটমালিকদের ২ কোটি ১১ লাখ টাকা বকেয়া রয়েছে। ভবন ভাঙার পর রডসহ নির্মাণসামগ্রী বিক্রি করে ৫০ লাখ টাকার মতো পাওয়া যেতে পারে। সব মিলিয়ে পাওয়া যাবে প্রায় কোটি টাকা। ফ্ল্যাটমালিক মনিরউদ্দিন অবশ্য এর আগে জানিয়েছেন, উপযুক্ত ব্যবস্থা না হলে ১৪টি ফ্ল্যাটের মালিক একযোগে ভূমি মালিক ও নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করবেন। গত ৬ নভেম্বর রাতে সাততলা ভবনটির স্তম্ভ ভেঙে একদিকে হেলে পড়ে। হেলে পড়া ভবনের ছাদে থেকে আগেই পাশের ১৬ তলা ভবনের পাঁচতলার সঙ্গে বাঁশের তৈরি মাচা বা সংযোগ সেতু তৈরি করা হয়েছিল। ওই সংযোগ সেতু দিয়ে শ্রমিকদের পাঠানো হয় সাততলায়। রাজউক সূত্র জানায়, ঈদের আগে ১৫ নভেম্বর ছাদ ভাঙার কাজ শেষ করা হয়। শ্রমিকদের বেশির ভাগই ফ্ল্যাটমালিকদের নিয়োজিত।ফ্ল্যাটমালিক মনিরউদ্দিন আরও জানান, তাঁদের নিয়োজিত শ্রমিকদের দিয়ে ভাঙার কাজ করানোয় তাঁরা উপকৃত হচ্ছেন। কারণ এতে করে বিভিন্ন ফ্ল্যাটে লাগানো টাইলস, দরজা এবং গোসলখানার সামগ্রী উদ্ধার করা সম্ভব হচ্ছে।