কাঁঠালবাগানের ফ্ল্যাট থেকে ঠিকাদারের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাঁঠালবাগান এলাকার একটি ফ্ল্যাট থেকে আজ রোববার দুপুরে জিয়াউল ইসলাম ওরফে রিপন (৪০) নামের এক ঠিকাদারের হাত বাঁধা ও গলায় তোয়ালে প্যাঁচানো লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ওয়াসার ঠিকাদার এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ জলিলের সহকারী একান্ত সচিব ছিলেন। তাঁর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তিনি ৫৯ কাঁঠালবাগান বাড়িটির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।পুলিশের ধারণা, রিপনকে হাত বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর তাঁর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। পুলিশ হাতুড়িটি উদ্ধার করেছে। কলাবাগান থানার পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ বেলা একটার দিকে ওই বাসায় যায়। সেখানে শোবার ঘরে খাটের ওপর গামছা দিয়ে হাত বাঁধা ও গলায় তোয়ালে প্যাঁচানো জিয়াউলের লাশ পড়ে থাকতে দেখে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।জিয়াউলের বড় ভাই নাসিরুল ইসলাম সাংবাদিকদের জানান, জিয়াউল অবিবাহিত ছিলেন। তিনি এ বাসায় একা থাকতেন। তবে খাওয়াদাওয়া করতেন ইন্দিরা রোডে তাঁর (নাসিরুল) বাসায়। কিন্তু গত শুক্রবার থেকে জিয়াউল তাঁর বাসায় যাননি এবং তাঁর মুঠোফোনও বন্ধ ছিল। গতকাল বিকেলে তিনি তাঁর মেয়েকে নিয়ে জিয়াউলের বাসায় যান। সেখানে দরজায় তালা দেখতে পান। আজ সকালে তিনি তাঁর কাছে থাকা নকল চাবি দিয়ে জিয়াউলের ফ্ল্যাটের দরজা খুলে তাঁকে মৃত পড়ে থাকতে দেখে কলাবাগান থানায় খবর দেন। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও অপরাধ তদন্ত বিভাগ ঘটনাস্থলে ছুটে আসে। জিজ্ঞাসাবাদের জন্য নাসিরুলকে পুলিশ নিয়ে গেছে।ডিবির সহকারী কমিশনার হাসান আরাফাত জানান, খুনিরা পরিচিত। হত্যার পর তারা বাইরে দিয়ে তালা লাগিয়ে পালিয়ে গেছে।