কাঁঠালবাগানের হেলে পড়া ভবন ভাঙা শুরু
কাঁঠালবাগানের ঢালে হেলে পড়া ছয় তলা ভবনটি ভাঙার কাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের উপস্থিতিতে শ্রমিকেরা পরীক্ষামূলকভাবে ভবনটির ওপরে পানির ট্যাংকিতে হাতুড়ি চালান। এ ক্ষেত্রে কারিগরি সহায়তা দেবে রাজউক ও রিহ্যাব। বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক শফিউল্লাহ সাংবাদিকদের বলেন, ‘পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে আগামীকাল শুক্রবার থেকে পূর্ণোদ্যমে ভাঙার কাজ শুরু হবে। আমরা সব সময় ভবনটি পর্যবেক্ষণে রাখব। ভবনটি কাঁপছে বা হেলে পড়ছে কি না, তা নির্ণয়ের যন্ত্রও থাকবে। উল্টোদিকের ১৬ তলা ভবনটি ঝুঁকিমুক্ত। তবে হেলে পড়া ভবন-সংলগ্ন টিনশেড স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে আশপাশের কয়েকটি ভবন থেকে ভাঙার কাজ চলাকালীন মানুষজন সরিয়ে নেওয়া হবে।’রাজউকের অথরাইজড কর্মকর্তা আমিনুর রহমান জানান, বুয়েটের বিশেষজ্ঞদের পরামর্শে আজ হেলে পড়া ভবনটির পাশে জাল (নেট) টানানো হবে। এর বাইরেও শ্রমিকদের হেলমেট ও নিরাপত্তা-বেল্ট রয়েছে। পাশের ১৬ তলা ভবন ও হেলে পড়া ভবনটির মধ্যে শ্রমিকদের যাতায়াতের জন্য একটি সংযোগ সেতু তৈরি করা হয়েছে। ভবন ভাঙার আবর্জনা নামানোর জন্য একটি ঝুলন্ত লিফট (রোপ-ওয়েস্ট) থাকবে বলে তিনি জানান।তবে ভবন-ভাঙা আবর্জনাগুলো অন্যত্র কীভাবে সরানো হবে, তা নিয়ে বিপাকে পড়েছেন বলে জানিয়েছেন রাজউকের কর্মকর্তারা।এদিকে ফ্ল্যাট-মালিকদের সঙ্গে ভবনের নির্মাতা প্রতিষ্ঠান ও জমির মালিকের চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন ফ্ল্যাট-মালিক মনিরউদ্দীন। তিনি জানান, হেলে পড়া ভবনটির মোট ২৭টি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে নির্মাতা প্রতিষ্ঠান ১৩টি ও জমির মালিক ১৪টির মালিক। নির্মাতা প্রতিষ্ঠান তাদের ভাগের সবকটি ও জমির মালিক একটি ফ্ল্যাট বিক্রি করেছেন। এর মধ্যে পাঁচটি ফ্ল্যাটের মালিক নির্মাতা প্রতিষ্ঠানকে পুরো টাকা দিয়ে ফ্ল্যাট রেজিস্ট্রি করে নিয়েছেন। বাকি মালিকদের কাছে নির্মাতা প্রতিষ্ঠানের পাওনা দুই কোটি ১১ লাখ টাকা।ফ্ল্যাট-মালিকেরা জানান, ১২ জন ফ্ল্যাট-মালিক চুক্তিতে স্বাক্ষর করেছেন। চুক্তি অনুযায়ী নির্মাতা প্রতিষ্ঠান নতুন ভবনটির বেজমেন্ট ঢালাই দেওয়ার পর ফ্ল্যাট-মালিকেরা বাকি টাকা শোধ করবেন।মনিরউদ্দীন বলেন, ‘আমরা কোনো মামলা-মোকদ্দমায় যেতে চাই না। আমাদের টাকা ফেরত চাই, নতুবা ফ্ল্যাট চাই।’ তবে রাজউকের কর্মকর্তারা জানিয়েছেন, জমির-মালিক ও নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দায়ের করা রাজউকের মামলাটি নিয়ম অনুযায়ীই চলবে।