কাঁথায় রবীন্দ্রনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুর কে—এই প্রশ্ন কোনো বাঙালিকে করাই অবান্তর। কেননা বাঙালি আর বাংলা সংস্কৃতির একক পরিচয় দিতে গেলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামই আসে সবার আগে। গান, কবিতা, গল্প, উপন্যাস, পত্রসাহিত্য, চিত্রকলা—সবখানেই তিনি রবির মতো দীপ্তিমান। যেখানে হাত দিয়েছেন সেখানেই ফলিয়েছেন সোনার ফসল। বাঙালি নানা সময়ে নানাভাবে রবীন্দ্রচর্চা করেছে। এবার সুঁই-সুতার নিপুণ বুননে রবীন্দ্রনাথ এসেছেন ব্যতিক্রমী উপস্থাপনায়।জাতীয় চিত্রশালায় গতকাল শুরু হয়েছে ‘টেগোর ইন কাঁথা’ বা ‘কাঁথায় ঠাকুর’ শীর্ষক সূচিকর্মের প্রদর্শনী। ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে শুক্রবার বিকেলে এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য, সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক অঙ্কন ব্যানার্জি প্রমুখ।প্রদর্শনীর বিভিন্ন আকৃতির কাঁথায় যেমন মূর্ত হয়েছেন স্বয়ং রবীন্দ্রনাথ, তেমনি রয়েছেন তাঁর অমর সৃষ্টি ‘দুই বিঘা জমি’, ‘কৃপণ’, ডাকঘর, চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, ‘পুরাতন ভৃত্য’, ভানুসিংহ ঠাকুরের পদাবলী, ‘কাবুলিওয়ালা’র কাহিনি অবলম্বনে নানা চিত্র। এসব সূচিকর্ম করেছেন ভারতের বিভিন্ন এলাকার গ্রামীণ নারী কারুশিল্পীরা। তাঁদের এই কাজ উপস্থাপন (কিউরেটর) করেছেন শ্যামলু দুদেজা। ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে এ প্রদর্শনী।