কাঁদছে হুমায়ূনের কুতুবপুর
জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। এটি তাঁর পৈতৃকবাড়ি। এলাকার ছেলেমেয়েদের শিক্ষার কথা ভেবে এই গ্রামেই হুমায়ূন আহমেদ বছর ষোলো আগে প্রতিষ্ঠা করেছিলেন ‘শহীদ স্মৃতি বিদ্যাপিঠ’ নামে তাঁর স্বপ্নের বিদ্যালয়। সেই বিদ্যাপিঠেও আজ শোকের কালো ছায়া। কাঁদছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ গোটা গ্রামের মানুষ।গতকাল শুক্রবার সকালে রোয়াইলবাড়ী ইউনিয়নের কুতুবপুর গ্রামের রাস্তাঘাটসহ সর্বত্র মানুষের জটলা। আলোচনার বিষয়বস্তু একটাই—হুমায়ূন আহমেদ। গ্রামের বাড়িতেও মানুষের ভিড়। পুরো কুতুবপুর গ্রামের মানুষই শোকে মুহ্যমান। চাচা আলতাফুর রহমান আহমেদ বললেন, ‘হুমায়ূন সর্বশেষ গত বছরের ২৩ এপ্রিল এখানে এসেছিল। দেখভাল করেছে প্রায় সাড়ে তিন একর জমির ওপর গড়ে তোলা তার স্কুল। এমনকি বাড়িতে বৃষ্টির রিমঝিম শব্দ শোনার জন্য টিনের ছাদসহ নতুন ঘর ও পুকুরঘাট বানানোর কথাও বলেছিল সে। এলাকায় একটি হাসপাতাল করার স্বপ্ন ছিল ওর। তা আর হলো না।’ চাচাতো ভাই ফরহাদ আহমেদ কান্নাজড়িত কণ্ঠে বললেন, ‘দাদা ভাই (হুমায়ূন) এই স্কুল ও গ্রামটিকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছিলেন। সেসব পূরণ হওয়ার আগেই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।’হুমায়ূন আহমেদের সমবয়সী কুতুবপুর গ্রামের তারা মিয়া ও ইছহাক মিয়া বললেন, ‘হুমায়ূনের সঙ্গে একসাথে খেলছি। কখনো তাকে দৌড়ে ধরতে পারতাম না।’ এই বলেই তাঁরা কান্নায় ভেঙে পড়েন। এভাবে আরও অনেকে হুমায়ূন আহমেদকে নিয়ে স্মৃতিচারণা করলেন। গতকাল শুক্রবার ছুটির দিন থাকলেও সকাল থেকেই শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ স্মৃতি বিদ্যাপীঠে এসে জড়ো হয়। প্রিয় হুমায়ূন স্যারের মৃত্যুতে সবার চোখেই জল। শিক্ষার্থীরা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। বিদ্যাপীঠে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। ঘোষণা করা হয়েছে তিন দিনের শোক। দ্বিতীয় সাময়িক পরীক্ষাও স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে দুই দিনব্যাপী বিদ্যাপীঠে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী জানান, মুক্তিযুদ্ধে শহীদ বাবার স্মরণে স্কুলটির নামকরণের ইচ্ছা পোষণ করেছিলেন সমকালীন বাংলা সাহিত্যের জনপ্রিয় এই লেখক। পরে সেই ভাবনা থেকে সরে এসে একাত্তরের সব শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে স্কুলটির নাম রেখেছিলেন ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’। ১৯৯৬ সাল থেকে এই বিদ্যাপীঠ যাত্রা শুরু করে। আধুনিক স্থাপত্যশৈলীর এই বিদ্যাপীঠে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনার সুযোগ আছে ঠিকই। কিন্তু সরকারি অনুদানভুক্ত করার জন্য জীবদ্দশায় বহু চেষ্টা করেছেন তিনি। শেষ পর্যন্ত না পেরে নিজেই এর সম্পূর্ণ খরচের জোগান দিয়ে আসছিলেন। তাঁর মৃত্যুতে বিদ্যাপীঠের ভবিষ্যৎ নিয়ে কেউ কেউ শঙ্কা প্রকাশ করেন।প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, ‘স্যারের স্বপ্ন ছিল বিদ্যাপীঠটিকে কলেজ পর্যায়ে উন্নীত করার। অসুস্থ অবস্থায়ও তিনি স্কুলের খোঁজ-খবর নিয়েছেন। এমপিওভুক্ত না হলেও সব সময় নির্ধারিত সময়ে বেতনের টাকা পাঠিয়ে দিতেন। এখন কীভাবে কী হবে, তা নিয়ে শঙ্কিত।’ বিদ্যালয়ের শিক্ষার্থী সনিয়া বলে, ‘স্যার সব সময় আমাদের ভালোভাবে লেখাপড়া করার জন্য উপদেশ দিতেন। আজ স্যার নেই। যেন সবই অন্ধকার হয়ে গেছে।’ তাসলিমা নামে অপর এক শিক্ষার্থী বলে, ‘এত দিন বিনা বেতনে পড়ার সুযোগ পেয়েছিলাম। এখন কী হবে?’