কাঁদলেন, হাসলেন দুই কোরিয়ার নারীরা(ভিডিও)
উত্তর আর দক্ষিণ। দুই প্রান্তের দুটি দেশ। দুই দেশের নারীদের মধ্যেই রয়েছে একই রকম হাসি, কান্না, সুখ আর দুঃখ। তবুও ছিল বৈষম্য। আর সেই বৈষম্য সংস্কৃতিগত। এসব বৈষম্য দূর করে উত্তর আর দক্ষিণ কোরিয়ার নারীদের এক করতে দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছে নতুন টিভি শো। টিভি শোয়ের নাম ‘নাউ অন মাই ওয়ে টু মিট ইউ’। এ অনুষ্ঠানে দুই কোরিয়ার নারীরা নিজেদের মধ্যে তাঁদের অভিজ্ঞতা বিনিময় করেছেন। ওই টিভি শোতে নারীরা খোলা মনে তাঁদের কথা জানিয়েছেন। অনেক নারীই এভাবে কথা বলার স্বাধীনতা আগে পাননি। উত্তর কোরিয়ার নারী সিন ইয়ান হা টিভি শোতে বলেছেন, ‘আমার জীবনটা ছিল অনেক কঠিন। ভাবিনি টিভি শোর মাধ্যমে সবার কাছে জীবনের অভিজ্ঞতা বিনিময় করতে পারব।’ টিভি শোয়ের প্রযোজক লি জিন মিন বলেন, ‘গত ১০ বছরে কোনো টিভি শোতে আমি দর্শকের এমন প্রতিক্রিয়া পাইনি। যেমন টিভি শোতে অনেকেই বলেছেন, গত ১০ বছরের মধ্যে এই প্রথমবার আমি আমার স্বামীর সঙ্গে শোতে অংশ নিয়ে কেঁদেছি।’ ওই নারী আরও বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি বিবাহবিচ্ছেদ করব না। এই শো আমাদের জীবনকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে।’ তিনি আরও বলেন, উত্তর কোরিয়ার দেশত্যাগীদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য দক্ষিণ কোরিয়াকে ধন্যবাদ। ১৯৯০ সালে উত্তর কোরিয়া ছেড়ে যান প্রায় ২৩ হাজার মানুষ দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নেন। এই টিভি শোয়ের মাধ্যমে দুই কোরিয়ার নারীরা কিছুটা হলেও কাছাকাছি আসবে বলে মনে করা হচ্ছে। রয়টার্স।