কাঁধে কাঁধ মিলিয়ে তাঁদের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবিটা আরেক বিশ্বকাপেরই। ২০০৩ সালের। জিম্বাবুয়ে দলের সবচেয়ে বড় তারকা অ্যান্ডি ফ্লাওয়ার মাঠে নামলেন। বাহুতে কালো বাহুবন্ধনী। শোকের প্রতীক, প্রতিবাদের। ফ্লাওয়ারের মতো কালো আর্মব্যান্ড পরা হেনরি ওলোঙ্গার বাহুতেও। জিম্বাবুয়ের স্বৈরশাসক রবার্ট মুগাবে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তাঁরা মঞ্চ হিসেবে বেছে নিলেন বিশ্বকাপকেই!এরপর জিম্বাবুয়ে দলে অনেক ওলটপালট। ফ্লাওয়ার ভাইয়েরা থাকতে পারেননি। ওলোঙ্গা দেশ থেকেই নির্বাসিত। নিজের সেরা ফর্মে থাকার সময়ই ক্যারিয়ারের ইতি টেনে দিতে হয়েছে হিথ স্ট্রিককে। অ্যালিস্টার ক্যাম্পবেলসহ আরও অনেক শ্বেতাঙ্গ ক্রিকেটার আর জাতীয় দলে থাকতে পারেননি। একসময়ের সমীহ জাগানো জিম্বাবুয়ে হীনশক্তির দল হয়ে পড়ে। টেস্ট ক্রিকেট থেকে স্বেচ্ছানির্বাসনে চলে যায়। ওয়ানডেতেও সেই ভীতিজাগানিয়া চেহারা আর থাকে না। জিম্বাবুয়ে আবার ঘুরে দাঁড়াতে চাইছে। এবং সবচেয়ে আশার কথা, জিম্বাবুয়ের সাবেক তারকারা আবারও অভিমান, প্রবঞ্চনাবোধ, তিরস্কারের কথা ভুলে এককাট্টা হয়েছেন। যে স্ট্রিকের বাবার খামার কেড়ে নিতে চেয়েছিল কৃষ্ণাঙ্গ সরকার, যাঁর বাবাকে ২০০২ সালে জেলও খাটতে হয়েছে; সেই স্ট্রিক ভালোবাসার টানে ফিরে এসেছেন। এই দলের বোলিং কোচের দায়িত্ব নিয়েছেন। সাবেক অধিনায়ক ক্যাম্পবেল এখন প্রধান নির্বাচক। ফ্লাওয়ার ভাইদের ছোটজন গ্রান্ট এখন ব্যাটিং কোচ।সাবেক এই ক্রিকেটারদের আবারও জাতীয় দলে ফিরিয়ে আনতে বড় ভূমিকা রেখেছেন জিম্বাবুয়ের মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ (এমডিসি) দলের নেতা ডেভিড কলটার্ট, একসময় যাঁকে জেল খাটতে হয়েছে। পরিবর্তনের সুবাতাসে কলটার্ট এখন দেশটির ক্রীড়ামন্ত্রী। এমডিসিরই আরেক সমর্থক ডক মুকুলানিও যোগ দিয়েছেন জিম্বাবুয়ে ক্রিকেটে (জেডসি)। মুকুলানির খামারও কেড়ে নেওয়া হয়েছিল। তা হলে কেন ফিরে এলেন তাঁরা? কেন ‘শত্রু’র সঙ্গে কাঁধ মেলানো?মুকুলানির উত্তর, ‘এভাবে তো চিরকাল চলতে পারে না। পরিবর্তন একদিন হবেই। কিন্তু ব্যক্তি আমাদের চেয়ে ক্রিকেট তো অনেক বড়।’ মুমূর্ষু ক্রিকেটকে আবারও বাঁচিয়ে তুলতে তাই পিটার চিঙ্গোকাদের সঙ্গে হাত মিলিয়েছেন তাঁরা। সবচেয়ে বড় কথা, এখনো জেডসির প্রধান পৃষ্ঠপোষক রবার্ট মুগাবেই!অতীতের তিক্ত অভিজ্ঞতা কি একবারও মনে পড়ে না? গ্রান্ট ফ্লাওয়ার জানালেন, এখানেও ক্রিকেটের প্রতি ভালোবাসা তাঁদের সেই ক্ষতের প্রলেপ, ‘আপনাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। আপনাকে ঠিক করতে হবে, আপনি কি এখনো সম্পর্ক তিক্ত করে রাখবেন, নাকি দেশের ক্রিকেটের পুনরুদ্ধারে কাজ করবেন?’ যদিও সিদ্ধান্তটি নিতে দ্বিধায় ভুগেছেন বলে জানালেন তিনিও, ‘আমার ছয় মাস সময় লেগেছে এটা নিয়ে ভাবতে। সিদ্ধান্ত মোটেও সহজ ছিল না। আমি অ্যান্ডির সঙ্গেও কথা বলেছি। ও আমাকে ভেবে সিদ্ধান্ত নিতে বলেছে।’ সাবেকদের মধ্যে জিম্বাবুয়ের ক্রিকেটে সবার আগে ফিরেছেন ক্যাম্পবেল। ২০০৯ সালে কলটার্ট তাঁকে প্রস্তাব দেওয়ার পর প্রথমে দ্বিধায় ছিলেন। কিন্তু তাঁকে স্বাধীনভাবে কাজ করার নিশ্চয়তা দেওয়া হয়। ক্যাম্পবেলই মূল ভূমিকা রেখেছেন বাকিদের ফিরিয়ে আনতে।‘আমাদের ওদের ফিরিয়ে আনতেই হয়েছে। কারণ নতুন প্রজন্মকে প্রশিক্ষণ দেওয়ার মতো জনবল আমাদের ছিলই না’—বলেছেন ক্যাম্পবেল। আর স্ট্রিক বলছেন, ‘শুরুতে আমি খুব সংশয়ে ছিলাম। কিন্তু সেটা কাটিয়ে উঠেছি। আসল কথাটা হলো জিম্বাবুয়ের ক্রিকেটকে বাঁচিয়ে রাখা।’ ওয়েবসাইট।