কাইয়ুম চৌধুরীকে ক্যালকাটা পেইন্টার্সের ‘সম্মাননা’ প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা প্রতিনিধি জানান, রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মজয়ন্তী উদ্যাপন উপলক্ষে ক্যালকাটা পেইন্টার্স ২২ থেকে ২৫ মার্চ পর্যন্ত কলকাতার কাছেই সাঁতরাগাছিতে ‘ফরচুন পার্ক’-এ ‘সকল রসের ধারা’ শিরোনামে চার দিনব্যাপী আর্ট ওয়ার্কশপ ও প্রদর্শনীর আয়োজন করে। এই কর্মশালা ও প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের খ্যাতিমান শিল্পী কাইয়ুম চৌধুরীকে শিল্পকলায় তাঁর অবদানের জন্য ক্যালকাটা পেইন্টার্সের ‘সম্মাননা’ প্রদান করা হয়। পশ্চিম বাংলার প্রবীণ ভাস্কর বিপিন গোস্বামী শিল্পী কাইয়ুম চৌধুরীর হাতে সম্মাননা তুলে দেন। আর্ট ওয়ার্কশপে বাংলাদেশ ও ভারতের অর্ধশত শিল্পী যোগ দেন। এর মধ্যে বাংলাদেশের পাঁচজন শিল্পী হলেন: কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, তাহেরা খানম, মাহমুদুল হক ও ফরিদা জামান। কলকাতার শিল্পীদের মধ্যে ছিলেন: গণেশ হালুই, ধীরাজ চৌধুরী, ঈশা মোহাম্মদ, রামানন্দ বন্দ্যোপাধ্যায়, দ্বিজেন গুপ্ত, মনোজ দত্ত, প্রকাশ কর্মকার, দেবব্রত চক্রবর্তী, শানু লাহিড়ী প্রমুখ। এ ছাড়া কলকাতার বেশ কয়েকজন নবীন শিল্পী এই আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করেন। ২২ মার্চ আর্ট ওয়ার্কশপ যৌথভাবে উদ্বোধন করেন কাইয়ুম চৌধুরী, ঈশা মোহাম্মদ, ধীরাজ চৌধুরী ও কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত উপহাইকমিশনার তারেক মুহাম্মদ আরিফুল ইসলাম।এই আর্ট ওয়ার্কশপ উপলক্ষে এক চিত্রকলা প্রদর্শনীরও আয়োজন করা হয়। বেঙ্গল ফাউন্ডেশনের মাধ্যমে এ প্রদর্শনীতে বাংলাদেশের ১৫ জন চিত্রশিল্পীর ছবি প্রদর্শিত হয়। প্রদর্শনীর সব ছবিই রবীন্দ্রনাথকে নিয়ে আঁকা।