নদীতে বড় বড় নৌকার দিকে তাকিয়ে যাঁর শৈশব কেটেছে, তাঁর ছবিতে বাংলাদেশ আসবে, এটাই স্বাভাবিক। দীর্ঘ জীবনে তিনি ছবির মাধ্যমে বাংলার রূপ-রস-গন্ধ দেখিয়েছেন, অনুভব করিয়েছেন। শুধু ক্যানভাসেই নয়, বইয়ের প্রচ্ছদ ও অলংকরণেও সেই রূপকে তুলে এনেছেন; অবদান রেখেছেন বাঙালির শিল্পরুচি গঠনে।শিল্পজগতের এই প্রবাদপুরুষ কাইয়ুম চৌধুরীর ৮০তম জন্মবার্ষিকী ছিল গতকাল শুক্রবার। এ উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে ‘আত্মানুসন্ধান’ শীর্ষক তাঁর একক চিত্র প্রদর্শনী।উদ্বোধনী উপলক্ষে বেঙ্গল গ্যালারির ভেতর ও বহিরাঙ্গন সাজানো হয় নানা রঙের ফুলে। বাইরে শোভা পাচ্ছিল শিল্পীর প্রতিকৃতি, ভেতরে শিল্পীর আঁকা ৮০টি চিত্রকর্ম। সন্ধ্যা সাতটায় রঙিন পাঞ্জাবি ও সাদা পাজামা পরা শিল্পী সস্ত্রীক অনুষ্ঠানস্থলে এলে উপস্থিত শুভাকাঙ্ক্ষীরা করতালি দিয়ে অভিবাদন জানান। তাঁর সঙ্গে মিশেছেন, মিলেছেন কিংবা ভক্ত-অনুরাগী হয়েছেন—তাঁদের অনেকেই এসেছিলেন প্রিয় মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। ফলে অনুষ্ঠানটি পরিণত হয় শিল্পী ও শিল্পরসিকদের মিলনমেলায়। কাইয়ুম চৌধুরী হাসিমুখে সবার শুভেচ্ছা-ভালোবাসা নেন।গ্যালারির বাইরে খোলা চত্বরে দুই সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন কাইয়ুম চৌধুরীর বন্ধু ও সুহূদ শিল্পী মুর্তজা বশীর, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। তাঁরা ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পী কাইয়ুম চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পলেখক অধ্যাপক আবুল মনসুর এবং বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী।অনুষ্ঠানের শুরুতে সমবেত সংগীত পরিবেশন করেন সুরের ধারার শিল্পীরা। ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পীর হাতে বেঙ্গল ফাউন্ডেশনের সম্মাননা ক্রেস্ট তুলে দেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। মানপত্র পাঠ করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।অনুষ্ঠানে কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমি গভীরভাবে আপ্লুত, আমার এই প্রদর্শনী ও জন্মদিন উপলক্ষে সবাই যে ভালোবাসা এবং মমত্ব দেখিয়েছেন। এটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।’ তিনি বলেন, ‘আমার একটাই গর্বের বিষয়, আমার বন্ধুভাগ্য ঈর্ষণীয়। ৮০ বছরের এ জীবনে আমার বন্ধুদের মধ্যে প্রতিজনের কাছে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু পেয়েছি।’অধ্যাপক আনিসুজ্জামান বলেন, শিল্পী হিসেবে তিনি যেমন অসাধারণ, তেমনি মানুষ এবং বন্ধু হিসেবেও অসাধারণ। রামেন্দু মজুমদার বলেন, শিল্পী কাইয়ুম চৌধুরী তাঁর নিজস্বতা নিয়ে সময়ের সঙ্গে বদলেছেন। সহপাঠী মুর্তজা বশীর বলেন, ‘যখন এ শিল্পে আসি তখন শিল্পী মানে ছিল ভাবজগতের মানুষ; ভিন্ন জগতের মানুষ, যারা সমাজ-রাষ্ট্র নিয়ে ভাবে না। কিন্তু তখনো দেশের প্রতি প্রেম, মানুষের প্রতি মমত্ববোধ কাইয়ুমের মধ্যে দেখেছি।’ সৈয়দ শামসুল হক কাইয়ুম চৌধুরীর লেখা কবিতার প্রশংসা করেন।বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, কালি ও কলম-এর পক্ষে সম্পাদক আবুল হাসনাত, শিল্পী হাশেম খান, মনিরুল ইসলাম, সমরজিৎ রায়চৌধুরী, কালিদাস কর্মকার, অলকেশ ঘোষ, ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম, প্রথম আলোর পক্ষ থেকে সাজ্জাদ শরিফ, আনিসুল হক, অশোক কর্মকার, শিল্পী সুমনা হক, বিপাশা হায়াত, তৌকীর আহমেদসহ অনেকে শিল্পীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাঁর বিশেষ সহকারী মাহবুবুল হক ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।প্রদর্শনী ২২ মার্চ প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।