কাইয়ুমদের জড়িয়ে জঙ্গিদের আড়াল করার চেষ্টা ছিল!
‘বিএনপি চাইছিল আমারে জবাই দিয়া কিবরিয়া হত্যা মামলার তদন্ত শেষ করে দিতে। টানা ৪১ দিন রিমান্ডে রেখে ব্যাপক নির্যাতন করেছে। পুলিশ ও র্যাবের একটাই কথা, “কিবরিয়া হত্যায় জড়িত বলে কারও একজনের নাম বল, তুই বেঁচে যাবি।” একপর্যায়ে তারা আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্তের নাম বলাতেও চাপ দিয়েছিল।’এই বক্তব্য বিএনপির হবিগঞ্জ জেলার তখনকার সহসভাপতি এ কে এম আবদুল কাইয়ুমের। সাবেক অর্থমন্ত্রী আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় তাঁকে প্রধান আসামি করে প্রথম অভিযোগপত্র দেওয়া হয়েছিল বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় শুরু হওয়া অধিকতর তদন্তের সূত্রে গতকাল দেওয়া সম্পূরক অভিযোগপত্রে বলা হয়েছে, কাইয়ুমসহ আগের ১০ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। কাইয়ুম প্রথম আলোকে বলেন, মামলা ভিন্ন খাতে নিতেই তখন তাঁদের ফাঁসানো হয়েছিল। সেই অভিযোগপত্রে বলা হয়েছিল, ‘ওই আসন থেকে এমপি হতেই নাকি আমি কিবরিয়াকে হত্যা করিয়েছি। কিন্তু ২০০৬ সালের বাতিল হওয়া নির্বাচনে ওই আসনে বিএনপি থেকে মনোনয়ন পান চৌধুরী আশরাফুল বারী নোমান। তিনি ডিজিএফআইয়ের তৎকালীন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী ফজলুল বারীর ভাই।’ বিগত জোট সরকারের আমলে কিবরিয়া হত্যা মামলায় স্বীকারোক্তি আদায়ের জন্য তাঁর ওপর অমানুষিক নির্যাতন করা হয়েছিল বলে দাবি করেন কাইয়ুম। আবদুল কাইয়ুম প্রথম আলোর কার্যালয়ে এসে বলেন, ‘এক দিন গভীর রাতে উত্তরার টর্চার সেল থেকে আমাকে তুরাগ নদীর তীরে নিয়ে যাওয়া হয়। গাড়ি থেকে নামিয়ে নদীর পাড়ে দাঁড় করিয়ে “তোর জীবন শেষ” বলেই বুকে বন্দুক ধরেন একজন। এরপর আরেক লোককে আমার পাশে এনে দাঁড় করায়। তাঁর হাত-পা বাঁধা। হঠাৎ ওই লোকটির বুকে গুলি করা হয়। গলগল করে তাঁর বুক থেকে রক্ত বের হচ্ছিল। আমি মনে মনে আল্লাহকে ডাকতে থাকি। এ অবস্থায় ওই লোককে দেখিয়ে এক কর্মকর্তা বলেন, ‘...পুত, তোরও এই অবস্থা হবে, তাড়াতাড়ি নাম বলে ফেল্।’ কাইয়ুম বলেন, ‘এরপর এক অফিসার আমাকে বলেন, “এবার তোর পালা। আমি এক থেকে তিন বলার সঙ্গে সঙ্গে তুই শেষ।” তিনি টু (দুই) পর্যন্ত গোনার পর তাঁর ওয়াকিটকিতে একজন জানতে চান “কী অবস্থা?” তিনি জবাবে বলেন, “স্যার, আলফা কমপ্লিট। ভিটা ইজ নাউ অন গোয়িং।” ওই পাশ থেকে বলা হয়, “নো নো...ভিটা স্টপ, ভিটা স্টপ।” তারপর আমাকে আবার উত্তরায় র্যাবের হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়। এ সময় ওই অফিসার ওই লোকের লাশ দেখিয়ে অন্য একজনকে বলেন, “ডেড বডিটা কুষ্টিয়া পাঠানোর ব্যবস্থা করো।”’কাইয়ুম দাবি করেন, ওই ঘটনার সময় উপস্থিত ছিলেন র্যাব সদর দপ্তর ও পুলিশের সিলেট অঞ্চলের তৎকালীন দুজন পদস্থ কর্মকর্তা। তাঁদের একজন মারা গেছেন। অপরজন এখন আরও উচ্চপদে আছেন। আবদুল কাইয়ুমের বাড়ি হবিগঞ্জের সদর থানার ভাদই গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে স্নাতকোত্তর পাস করে ১৯৮২ সালে বিসিএস ক্যাডার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। তিন বছর পর সরকারি চাকরি ছেড়ে দিয়ে র্যাংগস গ্রুপে যোগ দেন। তিনি র্যাংগস গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) ছিলেন। সপরিবারে ঢাকায় থাকেন। ঘটনার সময় তিনি বিএনপির হবিগঞ্জ জেলা শাখার সহসভাপতি ছিলেন। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে এক সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে শাহ কিবরিয়াকে হত্যা করা হয়। এর আট দিন পর ঢাকার সেগুনবাগিচার বাসা থেকে আটক করা হয় কাইয়ুমকে। কাইয়ুম প্রথম আলোকে বলেন, ওই বছরের ৫ ফেব্রুয়ারি রাত তিনটার দিকে র্যাবের গোয়েন্দা শাখার তৎকালীন পরিচালক লে. কর্নেল গুলজার উদ্দিন, পুলিশের সিলেটে বিভাগের তৎকালীন উপমহাপরিদর্শক (ডিআইজি) এ কে এম মাহফুজুল হকসহ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দুই কর্মকর্তার নেতৃত্বে র্যাব-পুলিশ তাঁর বাসায় যায়। তিনি বলেন, ‘দরজা নক করার পর খুলতেই তাঁরা আমাকে ধরে বলেন, “তুই চল।” আমি বলি, “আমার অপরাধটা কী?” তাঁদের জবাব, “অপরাধ-টপরাধ বুঝি না, তুই চল।” তাঁরা আমার স্ত্রীর কাছ থেকে চাবি নিয়ে বাসার আলমারি, ড্রয়ার সব ঘেঁটে তছনছ করেন। আমার, আমার স্ত্রী ও দুই ছেলের পাসপোর্ট, বাসায় থাকা সঞ্চয়পত্র ও ৭০০ ডলার নিয়ে যান তাঁরা।’ কাইয়ুম বলেন, ঢাকার বাসা থেকে চোখ বেঁধে তাঁকে মাইক্রোবাসে তুলে সরাসরি হবিগঞ্জে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, ‘সারা দিন এসপি অফিসে ফ্লোরে বসিয়ে রাখে। রাতে কর্নেল গুলজার, ডিআইজি মাহফুজ, সিআইডির এএসপি মুন্সি আতিক, ডিবির দারোগা জহির ও জুবায়ের আসেন। তাঁরা বলেন, “শুনছিস তো, কিবরিয়া সাহেব যে মারা গেছে? তুই একা মারাইছস না আরও লোক ছিল?” আমি বলি, “আমি তো ঢাকায়, আমি কীভাবে মারালাম?” এ কথার পর ‘দাঁড়া’ বলেই তাঁরা আমার দুই হাত রশি দিয়ে বেঁধে ছাদের সঙ্গে ঝুলায়। এরপর পায়ের তালু ও হাঁটুতে পেটাতে থাকে। একজন বলেন, “শালা, তোরে ক্রসফায়ারে দিব।” একপর্যায়ে আমি জ্ঞান হারাই।’পরদিন সকালে কিছু ওষুধ দেওয়া হয়। রাতে আবার আগের মতো নির্যাতন। কাইয়ুম বলেন, ‘দ্বিতীয় রাত টর্চারের পর সিআইডির মুন্সি আতিক ও ডিবির দারোগা জহির ও জুবায়ের মুরগির মাংস, ভাত ও সিগারেট নিয়ে আসেন। মুন্সি আতিক বলেন, “শালা, তোরে দেখতে তো বোকা বোকা লাগে। তুই কিবরিয়াকে হত্যা করছস, এই কথা তো জাতি বিশ্বাস করবে না। তুই এক কাজ কর, জাতীয় পর্যায়ের কোনো একজন নেতার নাম বলে দে, তুই বাঁচি যাবি।” আমি বলি, “আন্দাজে কার নাম বলব?” তখন আতিক বলেন, “সুরঞ্জিত সেন বা ফয়সালের নাম বলে ফেল।” আমি বলি, “কিছু জানি না, কীভাবে তাঁদের নাম বলব?”’সুরঞ্জিত সেনগুপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা। আর ফয়সাল ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির তৎকালীন সভাপতি। দলীয় রাজনীতিতে ফয়সাল তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমানপন্থীদের বিপক্ষে ছিলেন বলে স্থানীয় সূত্রগুলো জানায়।কাইয়ুমের অভিযোগ, তাঁকে প্রথমে পুরোনো দুটি হত্যা মামলায় (রোজিনা হত্যা ও সিরাজ হত্যা) গ্রেপ্তার দেখানো হয়। পরে কিবরিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখায়। বিভিন্ন মামলায় ৪২ দিন রিমান্ডে নেওয়া হয়। তিনি বলেন, আটকের তিন দিন পর তাঁকে অন্য মামলায় রিমান্ডে নিয়ে ঢাকায় টিএফআইতে (টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল) নেওয়া হয়। সেখানে বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে, রাতে খালি গায়ে মশাবহুল জংলায় কয়েক ঘণ্টা দাঁড় করিয়ে রাখাসহ নানা রকম নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন পঞ্চাশোর্ধ্ব কাইয়ুম। কাইয়ুম বলেন, ‘কারেন্টের চেয়ার এত জোরে ঘুরত, মনে হতো বুঝি কলিজা ছিঁড়ে যাবে। রিমান্ডে তাঁদের একটাই কথা, “একটা নাম বল, তুই তো বেঁচে যাবি।” এক দিন ডিআইজি মাহফুজুল হক ও র্যাবের এক অফিসার এসে বলেন, “..., যতদিন তুই কিছু না বলবি, ততদিন তোকে রিমান্ডে রাখব। কতদিন না বলে থাকবি?”’কাইয়ুম বলেন, ‘যখন দেখল, আমার কাছে কিছু পাচ্ছে না। তখন তারা গ্রামের কিছু সাধারণ লোককে ধরল। একেক দিন একেকজনকে ধরে আনত আর আমার সামনে টর্চার করত। পরে শাহেদ আলী, জমির আলী, তাজুল ইসলাম, মোমিনকে দিয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায়। আসলে তারা কিছু বলেনি। সাদা কাগজে তাদের সই নেওয়া হয়েছিল। আমাকে বলা হয়, আমার গ্রামের বাড়ির খাটের তলা থেকে বোমা নিয়েছে তাজুল ইসলাম (তাজুল হবিগঞ্জে চাচার মাইক্রোবাস ভাড়ার ব্যবসা দেখে)। সে বোমা নিয়ে লস্করপুর ইউনিয়ন বিএনপির নেতা জমিরকে দেয়। জমির বোমা দেয় পোস্ট অফিসের পিয়ন মোমিনকে। আর মোমিন নাকি বোমা মেরেছে। আমি নাকি এমপি হওয়ার জন্য কিবরিয়া সাহেবকে এভাবে হত্যা করিয়েছি।’কাইয়ুম সাড়ে তিন বছর কারাগারে ছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের আগস্টে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান। এর আগে তাঁকে পর্যায়ক্রমে হবিগঞ্জ, সিলেট, ঢাকা ও মৌলভীবাজার কারাগারে রাখা হয়। কাইয়ুম বলেন, সাড়ে তিন বছর মামলা চালাতে গিয়ে গ্রামের জমিজমা বিক্রি করেছেন। চাকরি হারিয়েছেন। দুই ছেলের লেখাপড়া পিছিয়েছে। এখন তিনি আয়কর আইনজীবী পেশায় যুক্ত হয়ে জীবিকা নির্বাহ করছেন। কাইয়ুম বলেন, তিনি এখন বিএনপি বা অন্য কোনো রাজনীতির সঙ্গে নেই। তাঁর দাবি, ‘বিএনপি সরকার চাইছিল, আমারে জবাই দিয়ে এই চাপ্টার (কিবরিয়া হত্যা মামলা) শেষ করে দিতে। এরপর রাজনীতির প্রতি ঘেন্না ধরে গেছে।’ সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের শনাক্ত করায় তিনি বর্তমান সরকারকে ধন্যবাদ জানান। কাইয়ুমের অভিযোগ, ‘মুন্সি আতিকের নীল-নকশা অনুযায়ী প্রথম অভিযোগপত্র দেওয়া হয়। সে নিজে আমাকে মারেনি। মারধরের পর সে এসে বলত, “খামাকা মাইর খাইয়া তোর লাভ কী? সুরঞ্জিত-তুরঞ্জিত কারো একটা নাম বল, তুই তো বেঁচে যা।”’মুন্সি আতিক এখন অবসরে আছেন। তিনি জোট সরকারের আমলে আলোচিত বেশ কিছু মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন। প্রায় সবগুলোতেই তাঁর বিরুদ্ধে তদন্ত ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ উঠেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে খোদ সিআইডি মামলা করেছে। যোগাযোগ করা হলে মুন্সি আতিক কিবরিয়া হত্যা মামলা ও কাইয়ুমের অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি।মাহফুজুল হক বর্তমানে অতিরিক্ত মহাপরিদর্শক। তিনি এখন পুলিশ সদর দপ্তরে সংযুক্ত (ওএসডি) আছেন। যোগাযোগ করলে, তিনিও এ ব্যাপারে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।প্রসঙ্গত, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা ভিন্ন খাতে নিতে আলোচিত ‘জজ মিয়ার গল্প’ সাজানো হয়। সিলেটে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা এবং মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, মহিলা আওয়ামী লীগের নেত্রী জেবুন্নেছা হক ও সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা, বগুড়ার কাহালুতে এক ট্রাক গুলি ও বিস্ফোরক আটক, ময়মনসিংহে সিনেমা হলে বোমা হামলা ও চট্টগ্রামে আটক ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্ত ভিন্ন খাতে নেওয়া হয়েছিল। শেষ দুটি ছাড়া বাকি সব মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন সিআইডির তৎকালীন এএসপি মুন্সি আতিক। বগুড়া ও চট্টগ্রামের অস্ত্র-গুলি আটকের মামলা ছাড়া বাকি সব ঘটনাতেই জঙ্গিরা জড়িত ছিল বলে পরে তদন্তে বেরিয়ে আসে। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকারের সময় সব কটি ঘটনায় নিরপরাধ লোকদের জড়িয়ে জঙ্গিদের আড়াল করার চেষ্টা করা হয়েছিল।