কাউকে ছাড় দেওয়া হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, কাপাসিয়ার উপনির্বাচনে আইন ও বিধিবহির্ভূত কোনো কাজ কমিশন বরদাশত করবে না। আইনশৃঙ্খলা কঠোরভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।আজ সোমবার সকালে গাজীপুর-৪ (কাপাসিয়া) শূন্য আসনের উপনির্বাচন উপলক্ষে কাপাসিয়া উপজেলা মিলনায়তনে মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন।প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তাদের দায়িত্বে শৈথিল্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভোটকেন্দ্রে যাতে কোনো অনিয়ম, বিশৃঙ্খলা বা বেআইনি কাজ না হয়, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন ঘিরে এত আয়োজন সবই প্রার্থী ও ভোটারদের জন্য। আমরা তাঁদের সেবায় নিয়োজিত। আমরা চাই, সব ভোটার যেন আনন্দঘন পরিবেশে বিনা বাধায় তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।’প্রার্থীদের প্রতি অনুরোধ জানিয়ে সিইসি বলেন, ‘আপনারা ও আপনাদের কর্মী-সমর্থকেরা নির্বাচনী আচরণ-বিধি মেনে চলবেন। নির্বাচন কমিশনকে সহযোগিতা করবেন। আচরণ-বিধি কাগজপত্রে যতই লেখা থাক না কেন, যদি এটা আমরা প্রতিপালন না করি, তাহলে এটা কাগজেই রয়ে যাবে। গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ থাকা। নির্বাচন কমিশনের কাছে সকল প্রার্থী সমান। আমরা আশাবাদী এ ব্যাপারে প্রার্থী ও কর্মীরা সজাগ থাকবেন।’কাজী রকিব উদ্দিন আহমদ আরও বলেন, ভোটারেরা যাতে নিরাপদে ভোট কেন্দ্রে এসে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এ জন্য নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নজরে রাখার জন্য ক্যামেরা স্থাপন করা হবে। এসব ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক ছবি ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু নির্বাচনে বিস্তারিত পরিকল্পনা তৈরি করা হয়েছে। নির্বাচনের তিন দিন আগে থেকে মোট পাঁচ দিন নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সংখ্যক স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম, র্যাব ও পুলিশ মোতায়েন থাকবে। নির্বাচন সুষ্ঠু হচ্ছে কি না তা দেখার জন্য দেশি, বিদেশি ও নির্বাচন কমিশনের পর্যবেক্ষক দল নির্বাচনী এলাকা ও কেন্দ্র পর্যবেক্ষণ করবে। এ জন্য জেলা পুলিশ, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালন করতে বলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়ে সিইসি বলেন, ‘নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা, নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে। যাতে কেউ কাউকে অহেতুক চাপ বা ভয় দেখাতে না পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। আমি আপনাদের সবার সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার আশা করছি।’প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটারদের বলতে চাই, আপনারা নির্বিঘ্নে ভোট দিতে যাবেন। ভোট দেওয়া আপনার নাগরিক অধিকার প্রয়োগের একটি মাধ্যম। আপনারা আপনাদের বিবেক অনুযায়ী পছন্দনীয় প্রার্থীকে যাতে ভোট দিতে পারেন, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম। সভায় বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক, উপজেলা রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ, কাপাসিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন আলী, র্যাব-১-এর উপ-অধিনায়ক কাউছার মাহমুদ, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি, স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমদ খান ও সিপিবির প্রার্থী আসাদুল্লাহ বাদল।