কাউকে মারতেও চাই না, মরতেও চাই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আমরা সন্ত্রাসে বিশ্বাসী নই। আমরা কাউকে মারতেও চাই না, নিজেরা মরতেও চাই না। আমরা সবাইকে নিয়ে বাঁচতে চাই। আমরা হত্যা ও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না।’আজ শনিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ ময়েজউদ্দিনের ২৮তম শাহাদতবার্ষিকীর স্মরণসভায় সৈয়দ আশরাফ এসব কথা বলেন। স্থানীয় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কালিগঞ্জ সরকারি পাইলট স্কুল মাঠে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।সৈয়দ আশরাফ আরও বলেন, আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বঙ্গবন্ধুকে মুক্ত করতে তহবিল গঠন ও আইনজীবী নিয়োগ করে শহীদ ময়েজউদ্দিন বড় ভূমিকা পালন করেছিলেন। শহীদ ময়েজউদ্দিন কখনো বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের সঙ্গে বেইমানি করেননি। এ সময় সৈয়দ আশরাফ গাজীপুরের কোনো সাংসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই বলে উল্লেখ করেন। খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে উদ্বৃত্ত করতেও সক্ষম হয়েছি। অনেকগুলো গুরুত্ব্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। বিশেষ করে সারের মূল্য অর্ধেকে নামিয়ে আনতে ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে চালের দাম এখন সবচেয়ে কম।’খাদ্যমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে, বাংলাদেশে কোনোদিন দুর্ভিক্ষ হবে না, একটি মানুষও না খেয়ে মরবে না।অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ নূর-ই আলম চৌধুরী, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক মো. আকতারুজ্জামান, গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান, গাজীপুর-৫ আসনের সাংসদ ও শহীদ ময়েজউদ্দিনের মেয়ে মেহের আফরোজ, টঙ্গী পৌর মেয়র আজমত উল্লাহ খান প্রমুখ।