কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাউখালী উপজেলার ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে অনুমোদিত চিকিৎসক নেই। এরমধ্যে ৫০ শয্যার অবকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে।জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন চিকিত্সকের পদ থাকলেও দীর্ঘদিন ধরে গাইনি, অ্যানেসথেসিয়া, ডেন্টাল ও সার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট, আবাসিক চিকিৎসা কর্মকর্তাসহ আরও দুজন চিকিত্সা কর্মকর্তার পদ শূন্য। মাত্র দুজন চিকিৎসক দিয়ে চলছে এ হাসপাতাল।সম্প্রতি সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা গেছে, রোগীরা টিকিট সংগ্রহের জন্য অপেক্ষা করছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত টিকিটঘরে কোনো লোক নেই। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, মেডিসিন বিশেষজ্ঞ স্যার ‘বিশেষ কাজে’ এ সময় প্রতিদিন বাসায় ব্যস্ত থাকেন। উপজেলার সয়না রঘুনাথপুর গ্রাম থেকে আসা গৃহবধূ পারভিন নদী পার হয়ে তাঁর আট বছরের ছেলে তানভীরকে নিয়ে এসেছেন চিকিত্সার জন্য। কিন্তু টিকিট ও চিকিত্সকের দেখা না পেয়ে অপেক্ষায় আছেন।চিকিত্সাকেন্দ্র সূত্রে জানা গেছে, বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ জন রোগী চিকিত্সাকেন্দ্রে আসে। এখানে কর্মকর্তা ও কর্মচারীদের পেছনে প্রতি মাসে বেতন ও ভাতায় ব্যয় হয় চার লাখ ৩৩ হাজার ৭১৪ টাকা।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোশারেফ হোসেন বলেন, ‘এখানে চিকিৎসকের যে হাল তাতে এখন জ্বর, বাত, শারীরিক দুর্বলতা ও পেটের ব্যথার রোগীদের চিকিত্সা দেওয়া ছাড়া উপায় নেই। গুরুতর জখম ও অপারেশনের রোগী আসলে সঙ্গে সঙ্গে অন্যত্র পাঠিয়ে দিই। এই স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ চিকিত্সকদের শূন্য পদগুলো পূরণ করার জন্য অনেকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। রোগীর চাপ সামলানোর জন্য সহকারী সার্জন (ইউনিয়ন পর্যায়) মোরশেদুর রহমানকে এখানে আনা হয়েছে। এ ছাড়া চিকিৎসক আনোয়ার হোসেনকে সময়মতো কর্মস্থলে আসার জন্য অনেকবার বলা হয়েছে।’চিকিৎসক আনোয়ার হোসেন বলেন, ‘একার পক্ষে অনেক কিছু সামাল দিতে হয়। এ কারণে সকালে আসতে একটু দেরি হয়।’পিরোজপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন শংকর কুমার ঘোষ জানান, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকজন বিশেষজ্ঞ চিকিত্সক নিয়োগ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধপত্র পাঠানো হয়েছে।নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা ইউনিট (সিএমএমইউ) পিরোজপুরের সহকারী প্রকৌশলী বজলুর রহমান জানান, কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত করার জন্য পাঁচ কোটি ২০ লাখ ৬৪ হাজার টাকার কাজ হাতে নেওয়া হয়েছে।