কাউখালীতে বাঙালি-আদিবাসী সংঘর্ষে আহত ৪০, আটক ১৫
অটোরিকশার ভাড়া নিয়ে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটির কাউখালীতে আজ সোমবার বাঙালি ও আদিবাসীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ১৫ জনকে আটক করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে কয়েকজন আদিবাসী ও বাঙালি ছাত্র একটি অটোরিকশায় করে কাউখালী কলেজে যান। সেখানে ভাড়া নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ছাত্ররা অটোরিকশার চালককে মারধর করে এবং রাস্তা অবরোধ করে। খবর পেয়ে পরে কাউখালী সদর থেকে আদিবাসী ও বাঙালি অটোরিকশার চালকেরা কলেজে গিয়ে ছাত্রছাত্রীদের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া চলে।দুপুর ১২টার দিকে ওই ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন স্থানীয়সহ বহিরাগত বাঙালি আদিবাসী অধ্যুষিত কচুখালী এলাকায় গিয়ে ইউপিডিএফ কার্যালয়ে আগুন দেয়। এ সময় আদিবাসীরাও প্রতিরোধ করে। এতে উভয়পক্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আদিবাসীদের অভিযোগ, বাঙালিরা কোনো কারণ ছাড়াই তাদের ওপর হামলা করেছে। এতে তাদের ৩০ জন আহত হয়। বাঙালিদের অভিযোগ, কলেজে ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মীরা অটোরিকশার চালক এবং পরে বাজারে বাঙালিদের ওপর হামলা করে। এতে অন্তত ১০ বাঙালি আহত হয়।কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি বড়ুয়া ঘটনার সত্যতা ও ১৫ জন আটকের কথা নিশ্চিত করেছেন। তবে তিনি আহতদের নাম বলতে পারেননি।