কাউনিয়ায় গোখাদ্যের মূল্য বেশি হওয়ায় খামারিরা বিপাকে
রংপুরের কাউনিয়া উপজেলায় গোখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। মূল্য বেশি হওয়ায় খামারিরা বিপাকে পড়েছেন।বিভিন্ন খামার ও বাজার ঘুরে জানা গেছে, উপজেলায় গোখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। তা ছাড়া গবাদিপশুর খাদ্যের দামও বেশ চড়া। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বস্তাপ্রতি বিভিন্ন পশুখাদ্যের দাম বেড়েছে ২০০ থেকে ৬০০ টাকা। আর দাম বেড়ে যাওয়ায় খামারিরা বিপাকে পড়েছেন। ব্যবসায়ীরা বলছেন, চাহিদা অনুযায়ী বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। প্রতি বস্তা (৭৫ কেজি) গমের ভুসি ৮০০ টাকার স্থলে এক হাজার ৪০০ টাকা, ৫০ কেজির সয়াবিনের বস্তা এক হাজার ৫০০ টাকার স্থলে এক হাজার ৭০০ টাকা, খৈল এক হাজার ৪৫০ টাকার স্থলে এক হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ভুট্টা, অ্যাংকর, ছোলা, মসুর, খেসারি, খুদসহ বিভিন্ন পশুখাদ্যে বস্তাপ্রতি দাম বেড়েছে ১৫০ থেকে ৩০০ টাকা। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ছোট-বড় মিলে মোট ২৮০টি গরুর খামার রয়েছে। এ ছাড়া অন্তত দুটি করে গাভি রয়েছে প্রায় তিন হাজার পরিবারে। ফলে গবাদিপশু পালন বেড়ে যাওয়ায় গোখাদ্যের চাহিদাও বেড়েছে। কাউনিয়া বাজারে গোখাদ্য কিনতে আসা খামারি বৈশাখ, আজিজ, আলতাফসহ অনেকেই জানান, দুধের দাম কম হওয়ায় বাড়তি দামে পশুখাদ্য কিনে লোকসান গুনতে হচ্ছে। আরেক খামারি সুলতান জানান, কয়েক দিন আগেও যে খড় কেনা হতো এক হাজার টাকায়, তা এখন কিনতে হচ্ছে এক হাজার ৫০০ টাকায়। কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী আবদুুল লতিফ জানান, চাহিদা অনুপাতে সরবরাহ কম ও মোকামে গোখাদ্যের দাম বেশি হওয়ায় দাম বেড়েছে।