কাউন্সিলর পদে আসামির সংখ্যা কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে ফৌজদারি মামলার আসামি প্রার্থীর সংখ্যা গতবারের চেয়ে কমেছে। অন্যদিকে শিক্ষিত প্রার্থীর সংখ্যা গতবারের তুলনায় বেড়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের দেওয়া হলফনামা সূত্রে এ তথ্য জানা গেছে।২০০৮ সালে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ কাউন্সিলর প্রার্থী ছিলেন ১৪৩ জন। এবার প্রার্থীর সংখ্য ১৮৭ জন। কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ৩০ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শফিকুল আলমের বিরুদ্ধে সর্বোচ্চ আটটি মামলা রয়েছে। গতবার কাউন্সিলর প্রার্থীদের মধ্যে মামলার আসামি ছিলেন ৩৫ জন। এবার ১০টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের কারও নামে মামলা নেই। গত নির্বাচনে এমন ওয়ার্ডের সংখ্যা ছিল মাত্র তিনটি।শিক্ষাগত যোগ্যতার দিক থেকে দেখা যায়, গতবার ৬৪ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ছিল এসএসসির কম। এবার সে সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪২ জনে। এ ছাড়া গতবার স্নাতক বা সমমানের প্রার্থী ছিলেন ৫৪ জন। এবার বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে। এর মধ্যে ২৭ নম্বর ওয়ার্ডের সাতজন প্রার্থীর পাঁচজনই স্নাতক ও স্নাতকোত্তর। নির্বাচনে শিক্ষিত নারীদের অংশগ্রহণও বেড়েছে। মোট ৪৮ জন নারী ১০টি সংরক্ষিত আসনে প্রার্থী হয়েছেন। ২০০৮ সালে এই সংখ্যা ছিল ৪৬ জন। গতবার নয়জন প্রার্থী স্নাতক পাস থাকলেও এবার তা ১১ জনে দাঁড়িয়েছে। গতবার এসএসসির কম শিক্ষাগত যোগ্যতার প্রার্থী ছিলেন ২৫ জন। এবার তা কমে দাঁড়িয়েছে ২২ জনে। এবার ১ নম্বর ওয়ার্ডের ৬ জন নারী প্রার্থীর মধ্যে তিনজনই স্নাতক।খুলনার নারীনেত্রী শামীমা সুলতানা মনে করেন, সার্বিক শিক্ষাব্যবস্থায় অগ্রগতি এবং সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে নারীরা এগিয়ে যাচ্ছে। এ কারণে নির্বাচনে শিক্ষিত নারীরা আসছেন। সার্বিক পরিস্থিতি সম্পর্কে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশন প্রার্থীদের সাতটি বিষয়ে তথ্য দেওয়ার বাধ্যবাধকতা দিয়েছে। এর ফলে স্থানীয় সরকার নির্বাচনে কিছু ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। তিনি মনে করেন, খুলনায় এই ইতিবাচক প্রবণতার আরেকটি কারণ এখানকার সামাজিক সংগঠন বিশেষ করে নাগরিক ফোরামের কার্যক্রম।