কাউন্সিলর পদে ২৭ জনের মনোনয়ন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই গতকাল বুধবার শেষ হয়েছে। দুই দিনের যাচাই-বাছাইয়ে সাধারণ কাউন্সিলর পদে ২৭ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সিটি করপোরেশনসহ সরকারি সংস্থার তালিকাভুক্ত ঠিকাদার ও ঋণখেলাপি হওয়ায় এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে। যাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তাঁদের মধ্যে কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুও রয়েছেন বলে জানা গেছে। দুই দিনে সাধারণ কাউন্সিলর পদে ২৫১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।শহরের চাষাঢ়ায় জিয়া হল মিলনায়তনে নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয়ে গতকাল সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সাধারণ কাউন্সিলর পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শুনানি হয়। শুনানিকালে রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফর রহমান, নয়জন সহকারী রিটার্নিং কর্মকর্তা, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা ও বন্দর থানার ওসি হারুন-অর-রশিদ এবং তিতাস গ্যাস, ওয়াসাসহ সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফর রহমান জানান, বুধবার (গতকাল) সাধারণ কাউন্সিলর পদে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সিটি করপোরেশনসহ সরকারি সংস্থার তালিকাভুক্ত ঠিকাদার হওয়ায় মো. আলাউদ্দিন, ৮ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন, মোসলেমউদ্দিন, মো. শাহজাহান, ৯ নম্বর ওয়ার্ডে সামছুল ইসলাম, মাজেদুল ইসলাম, ১২ নম্বর ওয়ার্ডে নাসিরউদ্দিন, আনোয়ার হোসেন, মনিরুজ্জামান শাহীন, শাহ্ ফয়েজ উল্লাহ, ১৪ নম্বর ওয়ার্ডে ইব্রাহিম হোসেন, ১৫ নম্বর ওয়ার্ডে শওকত আলী, ২১ নম্বর ওয়ার্ডে হান্নান সরকার, আলী হায়দার তৌফিক, ২২ নম্বর ওয়ার্ডে মিরাজ খালেদ রাসেল, ২৩ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, সোহেল খান এবং ঋণখেলাপি হওয়ায় ২১ নম্বর ওয়ার্ডে খলিলুর রহমান ও ২৩ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। মঙ্গলবার মেয়র পদে আটজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৫৬ জন ও ছয়টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এদিন সাধারণ কাউন্সিলর পদে আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।রিটার্নিং কর্মকর্তা গতকাল রাতে জানান, প্রয়োজনীয় কাগজপত্র না দেওয়ায় বেশ কয়েকজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। অনেকের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। যাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তাঁরা তিন দিনের মধ্যে বিভাগীয় নির্বাচন কমিশনারের কাছে আপিল করতে পারবেন। বৈধ প্রার্থীর তালিকা আজ বৃহস্পতিবার প্রকাশ করা হবে। রিটার্নিং কর্মকর্তা আরও জানান, ১২ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১৩ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। ৯ অক্টোবর থেকে প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে নির্বাচন কমিশন যেকোনো সময় তাঁর প্রার্থিতা বাতিল করবে।