আবদুর রহিম, শামসুল আলম, ছাদেকুর রহমান, মোজাম্মেল হক ও রওশন আলী। এই পাঁচজনই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। তাঁরা সচ্ছল ও তাঁদের পেশা ব্যবসা।নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় এই পাঁচ প্রার্থী নিজেদের শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন স্বশিক্ষিত। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে তাঁদের মতো স্বশিক্ষিত, অক্ষরজ্ঞানসম্পন্ন, নিরক্ষর ও এসএসসির গণ্ডি না পেরোনো প্রার্থী আছেন ১৮৯ জন। আর সংরক্ষিত নারী কাউন্সিলর পদের ৫৬ প্রার্থীর ৩৯ জনই বিদ্যালয়ের গণ্ডি পার হননি।নির্বাচন কমিশনে কাউন্সিলর পদপ্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেন ২৭৮ জন। হলফনামার তথ্য অনুযায়ী, এসব প্রার্থীর মধ্যে স্নাতকোত্তর আছেন মাত্র ছয়জন। ২৬ জন স্নাতক পাস। উচ্চমাধ্যমিক পাস করেছেন ২৩ জন, এসএসসি পাস ৩৪ জন। বাকি ১৮৯ জনের মধ্যে ছয়জন শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেননি।হলফনামা অনুযায়ী, সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলরের নয়টি পদের ৫৬ প্রার্থীর মধ্যে স্নাতকোত্তর আছেন দুজন। অন্যদের চারজন স্নাতক, চারজন উচ্চমাধ্যমিক ও ছয়জন মাধ্যমিক (এসএসসি) পাস। অন্যরা বেশির ভাগ স্বশিক্ষিত উল্লেখ করেছেন।হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, ১ নম্বর ওয়ার্ডে ১৪ প্রার্থীর মধ্যে ওই পাঁচজন ছাড়া অন্যদের তিনজন অষ্টম শ্রেণী ও দুজন অক্ষরজ্ঞানসম্পন্ন। ২ নম্বর ওয়ার্ডে ছয় প্রার্থীর একজন অষ্টম শ্রেণী, একজন স্বশিক্ষিত, একজন শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেননি। ৩ নম্বর ওয়ার্ডে ১১ প্রার্থীর মধ্যে দুজন অষ্টম শ্রেণী, স্বশিক্ষিত তিনজন ও দুজন স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। ৪ নম্বর ওয়ার্ডে ১০ জনের মধ্যে একজন নবম শ্রেণী, দুজন অষ্টম শ্রেণী, চারজন স্বশিক্ষিত, দুজন স্বাক্ষরজ্ঞানসম্পন্ন ও একজন অক্ষরজ্ঞানসম্পন্ন। ৫ নম্বর ওয়ার্ডে তিনজন স্বশিক্ষিত, দুজন অক্ষরজ্ঞানসম্পন্ন, একজন অষ্টম শ্রেণী। ৬ নম্বর ওয়ার্ডে সাত প্রার্থীর তিনজন অষ্টম শ্রেণী, চারজন স্বাক্ষর দিতে পারেননি। ৭ নম্বর ওয়ার্ডে ১৬ প্রার্থীর পাঁচজন অক্ষরজ্ঞানসম্পন্ন, দুজন স্বাক্ষরজ্ঞানসম্পন্ন, তিনজন স্বশিক্ষিত, একজন ষষ্ঠ ও দুজন অষ্টম শ্রেণী। ৮ নম্বর ওয়ার্ডে ১১ প্রার্থীর তিনজন অক্ষরজ্ঞানসম্পন্ন ও স্বশিক্ষিত, চারজন অষ্টম শ্রেণী। ৯ নম্বর ওয়ার্ডে ১৩ প্রার্থীর নয়জন স্বাক্ষর ও অক্ষরজ্ঞানসম্পন্ন, স্বশিক্ষিত এবং এসএসসি পাস করেননি। ১০ নম্বর ওয়ার্ডে আটজনের মধ্যে স্বাক্ষর ও অক্ষরজ্ঞানসম্পন্ন, স্বশিক্ষিত এবং এসএসসির গণ্ডি না পেরোনো প্রার্থী সাতজন। ১১ নম্বর ওয়ার্ডে পাঁচজনের মধ্যে চারজনই স্বশিক্ষিত, স্বাক্ষর ও অক্ষরজ্ঞানসম্পন্ন। ১২ নম্বর ওয়ার্ডে আটজনের মধ্যে চারজন অষ্টম শ্রেণী, একজন দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। ১৩ নম্বর ওয়ার্ডে নয়জনের তিনজন স্বাক্ষর, অক্ষরজ্ঞানসম্পন্ন ও স্বশিক্ষিত। ১৪ নম্বর ওয়ার্ডে এমন প্রার্থী চারজন। ১৫ নম্বর ওয়ার্ডে নয় প্রার্থীর পাঁচজন এসএসসির নিচে, স্বাক্ষর, অক্ষরজ্ঞানসম্পন্ন ও স্বশিক্ষিত। ১৬ নম্বর ওয়ার্ডে চারজনের দুজন বিদ্যালয়ে যাননি। ১৭ নম্বর ওয়ার্ডে ছয় প্রার্থীর পাঁচজন এসএসসির নিচে, স্বাক্ষরজ্ঞান, অক্ষরজ্ঞানসম্পন্ন ও স্বশিক্ষিত। ১৮ নম্বর ওয়ার্ডে তিন প্রার্থীর একজন অষ্টম শ্রেণী। ১৯ নম্বর ওয়ার্ডে পাঁচজনের দুজন এসএসসির নিচে ও স্বশিক্ষিত। ২০ নম্বর ওয়ার্ডে আটজনের সাতজনই এসএসসির নিচে, স্বাক্ষরজ্ঞান, অক্ষরজ্ঞানসম্পন্ন ও স্বশিক্ষিত। ২১ নম্বর ওয়ার্ডে ১১ জনের মধ্যে নয়জন, ২২ নম্বর ওয়ার্ডে ১৪ জনের মধ্যে ১০ জন, ২৩ নম্বর ওয়ার্ডে ১১ জনের চারজন, ২৪ নম্বর ওয়ার্ডে ১০ প্রার্থীর সাতজন, ২৫ নম্বর ওয়ার্ডে ১৬ প্রার্থীর মধ্যে আটজন, ২৬ নম্বর ওয়ার্ডে ১২ জনের মধ্যে আটজন এবং ২৭ নম্বর ওয়ার্ডে ১০ জনের মধ্যে সাতজন এমন শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন।কাউন্সিলর পদপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নারায়ণগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শিরিন বেগম প্রথম আলোকে বলেন, ‘এটি আমাদের জন্য দুর্ভাগ্য, লেখাপড়া না জানা লোকজন জনপ্রতিনিধি হতে চাইছেন। হয়তো এঁদের অনেকে জনপ্রতিনিধিও হবেন। কিন্তু শিক্ষিত আর নিরক্ষর মানুষের চিন্তাভাবনা-মননে আকাশ-পাতাল তফাৎ। নিরক্ষর লোক কীভাবে সমাজ গড়ায় নেতৃত্ব দেবেন। আমার মনে হয়, জনপ্রতিনিধি নির্বাচনের সময় এ বিষয়টি ভোটারদের মাথায় রাখা উচিত।’নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, বর্তমানে জনপ্রতিনিধি নির্বাচনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার কোনো বিধান নেই। তাই এ ব্যাপারে তাঁদের কিছু করার নেই।নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহসভাপতি রফিউর রাব্বি বলেন, ‘লেখাপড়া না জেনেও অনেকে স্বশিক্ষিত হতে পারেন। কিন্তু তা বিরল। কোনো দিন স্কুলে যাননি, শিক্ষার কিছু বোঝেন না—এমন ব্যক্তিরাও আজকাল নিজেকে স্বশিক্ষিত দাবি করেন। কোনোমতে টাকা রোজগার করে আরও টাকা রোজগারের জন্য কিংবা সম্মানের জন্য তাঁরা জনপ্রতিনিধি হতে চান। আমার মনে হয়, এখন সময় এসেছে জনপ্রতিনিধি হওয়ার জন্য ন্যূনতম একটি শিক্ষাগত যোগ্যতা ঠিক করার।’সুশাসনের জন্য নাগরিকের (সুজন) নারায়ণগঞ্জ কমিটির আহ্বায়ক আহসানুল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘শিক্ষা একজন মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলে। দু-একজন ব্যতিক্রম থাকতে পারেন, কিন্তু শিক্ষিত নন এমন বেশির ভাগ জনপ্রতিনিধির পক্ষে দেশের সেবা করা কঠিন। আর নগরের উন্নয়ন বিষয়টি বোঝা এত সহজ নয়। আমরা প্রতিটি কেন্দ্রে গিয়ে ভোটারদের জানাচ্ছি, কোন প্রার্থী শিক্ষিত, কোন প্রার্থী নিরক্ষর। ভোটারদেরই এখন সিদ্ধান্ত নিতে হবে তাঁরা কাকে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।’