কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৫৪ নম্বর ওয়ার্ড (টঙ্গীর আউচপাড়া) কাউন্সিলর পদে এম এম হেলাল উদ্দিনের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে প্রতীক বরাদ্দ দিতেও বলা হয়েছে।বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এক রিটের শুনানিতে এই আদেশ দেন।আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ৬ জুন হেলাল উদ্দিন ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তিনি প্রাইম ব্যাংক টঙ্গী শাখার একজন ব্যবসায়ীর ঋণের জামিনদার ছিলেন। ওই ব্যবসায়ীর ১৭ হাজার ৮০০ টাকার খেলাপি ঋণের কারণে হেলালের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে তিনি বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করেন। কিন্তু বিভাগীয় কমিশনার আগের আদেশ বহাল রেখে আবেদন খারিজ করে দেন। পরে তিনি হাইকোর্টে রিট করেন। গতকাল শুনানি শেষে আদালত তাঁর মনোনয়নপত্র গ্রহণ ও প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।