কাউন্সিলররা ‘বিব্রত’, মেয়র বলেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশনের পানিসমস্যার কারণে মাঝেমধ্যে নগরবাসীর বিক্ষোভ ও তোপের মুখে পড়তে হয় ওয়ার্ড কাউন্সিলরদের। খোদ ওয়ার্ড কাউসিন্সলরা বিষয়টিকে নগরবাসীর প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। অথচ সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত জিইয়ে থাকা এ সমস্যার কোনো সমাধান না হওয়ায় কাউন্সিলররা ‘বিব্রত’।২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল জলিল বলেন, ‘নগরবাসীর সুবিধার্থে সবার আগে পানিসমস্যা বিবেচনায় এনে এর সমাধানের চেষ্টা করা উচিত। কারণ, ওই একটি কারণে মাঝেমধ্যে আমাদের নগরবাসীর তোপের মুখে পড়তে হয়।’সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর আখতারুন্নেসা বেবী বলেন, ‘পর্যাপ্ত পানি না পাওয়ায় এলাকাবাসী এখন জনপ্রতিনিধিদের দেখলেই গালাগালি শুরু করে দেয়। তাদের মুখে যা আসে তাই বলে। এর মধ্যে আমার নির্বাচনী এলাকায় (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) পানিসংকট অনান্য এলাকার চেয়ে তীব্র হওয়ায় ওয়ার্ডবাসীর মুখোমুখি হলেই বিব্রতকর অবস্থায় পড়তে হয়। বিষয়টি মেয়র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রায় প্রতিদিনই জানাচ্ছি। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। আমরা আর কিইবা করতে পারি?’১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জামাল আহমদ জানান, আসছে গরমের মৌসুমে পানিসংকট আরও চরমাকার ধারণ করবে। এ মৌসুমে অসংখ্যবার বিদ্যুিবভ্রাট হওয়ায় পানি ঠিকমতো সংগ্রহ করা যায় না। ফলে পানি সরবরাহেও প্রতিবন্ধকতা তৈরি হয়। এ অবস্থায় এখন থেকেই গরমের মৌসুমের জন্য বিকল্প ব্যবস্থা নিতে হবে। তা না হলে একমাত্র পানিসমস্যার কারণে যেকোনো ধরনের অঘটন ঘটে যেতে পারে।সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান নগরের তীব্র পানিসংকটের কথা স্বীকার করে এ সমস্যা সমাধানে একটি প্রকল্পের কাজ বাস্তবায়িত হচ্ছে বলে জানান। গত ২৮ জানুয়ারি নগর ভবনে প্রথম আলোর সঙ্গে আলাপকালে মেয়র বলেন, নগরবাসীর চাহিদার তুলনায় পানি সরবরাহ অপ্রতুল। এ ছাড়া ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড তিনটিতে এখন পর্যন্ত পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তবে আশার কথা হচ্ছে, এসব এলাকায় পানি সরবরাহ নিশ্চিত করতে ইতিমধ্যে একটি প্রকল্প নেওয়া হয়েছে। সে অনুযায়ী কাজও চলছে। প্রকল্প শেষ হলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে।মেয়র আরও বলেন, নগরের প্রতিটি ওয়ার্ডে তীব্র পানিসংকট রয়েছে। এ ক্ষেত্রে নগরবাসী কিছুটা বিক্ষুব্ধ এটা স্বীকার করছি, তবে সব এলাকায় যাতে সমপরিমাণ পানি সরবরাহ করা হয় সেদিকে সিটি করপোরেশন কর্তৃপক্ষ বিশেষ নজর রাখছে। পানিসংকট দূর করতে বড় গভীর নলকূপ বসানোর পাশাপাশি ছোট ছোট নলকূপও বসানো হচ্ছে।