কাউন্সিলের মুখোমুখি হচ্ছেন বিচারপতি মিজানুর
বিচারপতি মো. মিজানুর রহমান ভূঁইয়ার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।অনুমোদনের পর রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ-সংক্রান্ত ফাইলটি আজ সোমবার আইন মন্ত্রণালয়ে গেছে। আজ সচিবালয়ে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম নিজ কক্ষে সাংবাদিকদের এসব তথ্য জানান। কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপতির ওই নির্দেশনাপত্র আইন মন্ত্রণালয়ে আসার পর সেটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়েছে। এখন প্রধান বিচারপতি আপিল বিভাগের তিন বা পাঁচজন, অর্থাত্ বেজোড়সংখ্যক জ্যেষ্ঠ বিচারপতি নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করবেন। তাঁরা যথাসময়ে বিষয়টি তদন্ত করে মতামতসহ প্রতিবেদন পাঠাবেন রাষ্ট্রপতির বরাবর।’ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত ও মতামত দেওয়ার সময়সীমা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি, শিগগিরই তদন্ত করে তাঁরা প্রতিবেদন দেবেন।’কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘অভিযোগ প্রমাণিত হলে মহামান্য রাষ্ট্রপতি সংশ্লিষ্ট বিচারপতিকে অপসারণ করতে পারেন।’১৫ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবীতে ব্লগার ও শাহবাগ আন্দোলনের অন্যতম সংগঠক আহমেদ রাজীব হায়দার (৩৫) খুন হন। ১৭ ফেব্রুয়ারি একটি দৈনিকে ব্লগার রাজীবের সমালোচনা করে একটি প্রতিবেদন ছাপা হয়। বিচারপতি মিজানুর তাঁর জমাদার ও পিয়নের মাধ্যমে এই প্রতিবেদনের অনুলিপি সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিদের কাছে পাঠান।কাউন্সিল গঠনের দাবি১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে এক অনির্ধারিত আলোচনায় সাংসদেরা প্রয়াত ব্লগার রাজীব সম্পর্কে বিচারপতি মিজানুর রহমানের তত্পরতাকে বেআইনি ও অসাংবিধানিক বলে আখ্যায়িত করেন। রাজীব হায়দার সম্পর্কে বিচারপতি মিজানুর রহমান যেসব তথ্য বিতরণ করেন, সে বিষয়ে সংসদের দৃষ্টি আকর্ষণ করেন জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক।মিজানুর রহমানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়ে শেখ ফজলুল করিম সেলিম বলেন, এই বিচারপতি শহীদ রাজীবকে মুরতাদ বলে আখ্যায়িত করেছেন। তিনি জামায়াতে ইসলামীর হয়ে আদালতে বসে আছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হোক।’ফজলে রাব্বী মিয়া এই বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানান। এ পর্যায়ে সংসদের চিফ হুইপ আবদুস শহীদ বলেন, সংসদের কার্যপ্রণালির ৬৮ বিধি অনুযায়ী, কেউ নোটিশ দিলে বিষয়টি নিয়ে সংসদে আলোচনা করা যেতে পারে।এ সময় আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে স্পিকার আবদুল হামিদ বলেন, ‘এই যদি বিচারপতিদের অবস্থা হয়, দেশের মানুষ যাবে কোথায়? এর একটা সুরাহা হোক। আইনমন্ত্রী এ বিষয়ে একটি সমাধান দিতে পারেন। নইলে আমি রুলিং দেব।’সবশেষে আইনমন্ত্রী বলেন, ‘একজন বিচারপতি যে কাজ করেছেন, তা নিন্দনীয়, জঘন্য ও অসদাচরণমূলক। বিচারপতির এমন আচরণ করা উচিত নয়। “ইনকিলাব” আর “আমার দেশ” পত্রিকার ভূমিকাও আমরা জানি। তারা রাজীবকে বিতর্কিত করতে নিজেরা আপত্তিকর লেখা তৈরি করে তা রাজীবের নামে ছাপাচ্ছে।’মন্ত্রী আরও বলেন, এ বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা সম্ভব। তিনি জানান, সাংসদদের এই দাবির বিষয়ে তিনি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে যথাযথ ব্যবস্থা নেবেন।রাজীবের বিষয়ে বিচারপতি মিজানুর রহমানের তত্পরতার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানানো হয়। শাহবাগের গণজাগরণ মঞ্চ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি পৃথকভাবে এ দাবি জানায়।