কাওড়াকান্দি-মাওয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ
ডুবোচরে দুটি ফেরি আটকে থাকায় আজ সোমবার সকাল থেকে কাওড়াকান্দি-মাওয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে উভয় ঘাটে শত শত যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে আছে।বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ সূত্র জানায়, গতকাল রাত দুইটার দিকে ১৭টি যানবাহন নিয়ে মাওয়া থেকে ছেড়ে আসা ডাম্ব ফেরি যমুনা হাজরা টার্নিং পয়েন্টে আটকা পড়ে এবং সকাল ছয়টার দিকে মাওয়া থেকে ছেড়ে আসা ডাম্ব ফেরি রানীক্ষেত ১৯টি যানবাহন নিয়ে পদ্মার মাঝে একই স্থানে গেলে ডুবোচরে আটকে যায়। পরে সকাল সাতটা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। গত কয়েক দিন ধরে পানি কমতে থাকায় পদ্মা নদীর বহু স্থানে ডুবোচর জেগে উঠেছে। এ কারণে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আটকে থাকা ফেরি দুটি উদ্ধারে কাজ চলছে। বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. আশিকুজ্জামান বলেন, ডুবোচরে দুটি ফেরি আটকে থাকায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। আটকে পরা ফেরি দুটির উদ্ধারকাজ চলছে।