কাওড়াকান্দি-মাওয়া রুটে নৌযান চলাচল ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে কাওড়াকান্দি-মাওয়া নৌরুটে আজ শুক্রবার সকাল থেকে লঞ্চ, ফেরিসহ সব ধরনের নৌযান পারাপার ব্যাহত হচ্ছে। বাতাসের গতিবেগ বেড়ে পদ্মা উত্তাল হয়ে উঠলে সকাল থেকে লঞ্চ, স্পিডবোট চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত সাতটি ফেরি চলাচল বন্ধ থাকে। এতে উভয় পারে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুপুরের পরে আকাশ কিছুটা পরিষ্কার হয়ে এলে এবং বাতাসের গতিবেগ কমলে ঝুঁকি নিয়ে ফেরি, দুয়েকটি লঞ্চ ও স্পিডবোট চলাচল করে। বিআইডব্লিউটিসি সূত্র জানায়, নিম্নচাপের প্রভাবে পদ্মা উত্তাল হয়ে উঠলে সকাল নয়টা থেকে মাওয়া-কাওড়াকান্দি-মাঝিকান্দি রুটে লঞ্চ, স্পিডবোট চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে এক ঘণ্টা পর সাতটি ফেরিকে উভয় পারে নোঙর করে রাখা হয়। তবে তিনটি কে-টাইপ ফেরি এ সময় সতর্কতার সঙ্গে পারাপার করে। দুপুরে ঘাটে সরেজমিনে গিয়ে দেখা গেছে, নৌযান পারাপারে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় উভয় পারে যাত্রীবাহী পাঁচ শতাধিক যানবাহন আটকা পড়ে। এ সময় বৃষ্টি ও দমকা বাতাসের কারণে বৃদ্ধ ও শিশু যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিআইডব্লিউটিসির অতিরিক্ত মহাব্যবস্থাপক (এজিএম) আশিকুর রহমান বলেন, বৈরী আবহাওয়ার কারণে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বিঘ্নিত হচ্ছে।