কাওরাকান্দি-মাওয়া রুটে ফেরিতে আগুন, কোটি টাকার ক্ষতি
মাদারীপুর জেলার শিবচরের কাওরাকান্দি-মাওয়া রুটের রো রো ফেরি শাহমখদুমে গতকাল শুক্রবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে ছয়টি ফেরি তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ফেরিটির এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। বর্তমানে রুটটিতে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। শাহমখদুমের ইনচার্জ ইদ্রিস হোসেন ফরাদি ও বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, কাওরাকান্দি ঘাটগামী রো রো ফেরি শাহমখদুম মাওয়া থেকে হাজরা টার্নিংয়ে পৌঁছলে গতকাল রাত সাড়ে ১১টার দিকে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ফেরিটি চরে ওঠে যায়। এর প্রায় এক ঘণ্টা পর একটি আইটি জাহাজ ফেরিটির উদ্ধারকাজ শুরু করে। রাত একটার দিক রো রো ফেরিটির ইঞ্জিন অ্যাডজাস্টে আগুন লেগে যায়। আর এ সময় প্রচণ্ড বাতাসের কারণে আগুন দ্রুত তৃতীয় তলার মাস্টার (চালক) ব্রিজে ও যাত্রী ছাউনিতে ছড়িয়ে পড়ে। ফেরিটির কর্মীরা অগ্নিনির্বাপক দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ঝোড়ো বাতাসের কারণে ব্যর্থ হয়। এ সময় ফেরিতে থাকা বাসের অনেক লোক ভয় পেয়ে জীবন বাঁচাতে নদীতে ও চরে ঝাঁপ দেয়। স্থানীয়ভাবে ছয়টি ফেরি প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর চারটার দিক আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ফেরির তৃতীয় তলার মাস্টার রুম, যাত্রী ছাউনি, একটি পোলট্রি বাচ্চাবাহী কাভার্ড ভ্যানসহ কোটি টাকার ওপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করে। ভোর পাঁচটার দিকে একটি আইটি জাহাজের সহযোগিতায় ফেরিটিকে কাওরাকান্দি ঘাটে নিয়ে যাওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচ থেকে ছয়জন যাত্রী আহতের খবর পাওয়া গেলেও কোনো প্রাণহানি ঘটেনি।অগ্নিকাণ্ডের পর কাওরাকান্দি-মাওয়া রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ভোর পাঁচটার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ে দুই শতাধিক যানবাহন আটকা পড়ে।এদিকে গতকাল রাত ১১টার দিকে কালবৈশাখী ঝড়ে ফেরি রানীক্ষেত একটি চরের সঙ্গে ধাক্কা খায়। এতে ফেরির ছাদ থেকে নিচে পড়ে অজ্ঞাতনামা এক যাত্রী নিহত হয়েছে।