কাওরাকান্দি-মাওয়া রুটে স্পিডবোট চলাচল বন্ধ
জায়গা নিয়ে ঘাট মালিক-শ্রমিকদের বিরোধের জের ধরে দেশের দক্ষিণাঞ্চলের কাওরাকান্দি-মাওয়া রুটে আজ শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য স্পিডবোট চলাচল বন্ধ করে দিয়েছে কাওরাকান্দির ঘাটের মালিক ও শ্রমিকেরা। ফলে যাত্রীদের লঞ্চ ও ফেরিতে করে পদ্মা পাড়ি দিতে হচ্ছে।জানা গেছে, মুিন্সগঞ্জের মাওয়া ঘাটে কাওরাকান্দি ঘাটের স্পিডবোটগুলোকে ঠিকমতো জায়গা দেওয়া হয় না। এ নিয়ে দীর্ঘদিন ধরেই ঘাট মালিক ও শ্রমিকদের মধ্যে বিরোধ চলছিল। ওই ঘটনার জের ধরে গতকাল বিকেলে মাওয়া ঘাটে কাওরাকান্দি স্পিডবোটের একজন মালিক ও চালককে মাওয়া ঘাটের স্পিডবোট চালকেরা মারধর করে। এর প্রতিবাদে আজ সকাল থেকে স্পিডবোট চলাচল বন্ধ করে দেয় কাওরাকান্দির ঘাটের মালিক ও শ্রমিকেরা।কাওরাকান্দি ঘাটের স্পিডবোটের চালক মো. বাবুল মিয়া জানান, জায়গা নিয়ে সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত স্পিডবোট চলাচল বন্ধ রাখা হবে।কাওরাকান্দি স্পিডবোট মালিক সমিতির সভাপতি হাজি মো. দেলোয়ার হোসেন হাওলাদার বলেন, অন্যায়ের প্রতিবাদ করলেই মাওয়া ঘাটে প্রতিদিন কাওরাকান্দি ঘাটের স্পিডবোট শ্রমিকদের মারধর করে। মাওয়া ঘাট ইজারাদারকে ঘটনা জানালেও কোনো বিচার পাইনি। সমাধান না হওয়া পর্যন্ত সব স্পিডবোট চলাচল বন্ধ থাকবে।