কাওড়াকান্দি-মাওয়া নৌপথে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে কাওড়াকান্দি-মাওয়া নৌপথে নয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। গতকাল সোমবার রাত ১২টা থেকে আজ মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত ওই নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকে। ঠান্ডা বাতাস ও কনকনে শীতের মধ্যে যাত্রীদের পোহাতে হয় অবর্ণনীয় দুর্ভোগ। উভয় পাড়ে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বিআইডব্লি¬উটিসি ও বিআইডব্লিউটিএ সূত্র জানায়, রাত বাড়ার সঙ্গে সঙ্গে পদ্মা নদীতে ঘন কুয়াশা পড়তে থাকে। গতকাল রাত ১২টার দিক থেকে ঘন কুয়াশা ভেদ করে দিক নির্দেশক (সিগন্যাল) বাতি দেখতে না পেয়ে রো রো ফেরি ভাষা শহীদ বরকত, ল্যান্টিং ও টাবলু মাঝ নদীতে কাওনিয়া চ্যানেলে আটকে যায়। এ সময় কাওড়াকান্দি ফেরি ঘাট এলাকায় কাকলী ও মাওয়া ঘাটে রামশ্রী ও যমুনা ফেরি নোঙর করে রাখা হয়। শতাধিক যানবাহনে থাকা সহস্রাধিক যাত্রী চরম দুর্ভোগে পড়ে। পরে সকাল নয়টার দিকে কুয়াশা কমতে থাকলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।