কাওড়াকান্দি-মাওয়া নৌপথের হাজরা চ্যানেল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাব্যতা-সংকটের কারণে গতকাল শুক্রবার সকাল থেকে কাওড়াকান্দি-মাওয়া নৌপথের হাজরা চ্যানেল দিয়ে ফেরি পারাপার বন্ধ হয়ে গেছে। বর্তমানে বেশি পথ ঘুরে নাওডুবা-মাগুরখণ্ড চ্যানেল দিয়ে ফেরি চলাচল করছে। ফলে এ নৌপথের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি সূত্র জানায়, গত সেপ্টেম্বর থেকে সাত কোটি টাকা ব্যয়ে বর্তমান হাজরা-চরজানাজাত-মাওয়া চ্যানেলের ছয় লাখ ঘনমিটার পলি অপসারণ করা হয়। এতে এ পথের দূরত্ব দাঁড়ায় ১৪ কিলোমিটারে। কিন্তু সম্প্রতি পানি কমে যাওয়া ও নদীতে প্রচুর স্রোত থাকায় অতিরিক্ত পলি পড়ে চ্যানেলটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। গতকাল সকাল আটটার দিকে রো রো ফেরি শাহ মখদুম, ভাষা শহীদ বরকত ও কিশোরী ফেরি প্রায় শতাধিক যানবাহন নিয়ে কাওড়াকান্দি ঘাট থেকে মাওয়ার উদ্দেশে ছেড়ে যায়। ফেরিগুলো হাজরা চ্যানেলে পৌঁছলে ডুবোচরে আটকে থাকা একটি বালুভর্তি ট্রলারকে অতিক্রম করতে গেলে ডুবোচরে আটকে যায়। এরপর থেকেই গুরুত্বপূর্ণ নৌপথটি দিয়ে ফেরি পারাপার বন্ধ হয়ে যায়। পরে দুটি জাহাজ গিয়ে প্রায় ছয় ঘণ্টা পর আজ বেলা দুইটার দিকে ফেরিগুলো উদ্ধার করে। বিআইডব্লি¬উটিসি সূত্র আরও জানায়, হাজরা চ্যানেলটি বন্ধ হওয়ায় বর্তমানে মাওয়া-পালেরচর-মঙ্গলমাঝি চ্যানেল দিয়ে প্রায় ১০ কিলোমিটার নৌপথ বেশি ঘুরে নদী পার হতে হচ্ছে। এতে আগে যেখানে নদী পার হতে সময় লাগত দেড় থেকে দুই ঘণ্টা, এখন আরও ঘণ্টাখানেক সময় বেশি লাগে। ফলে বর্তমানে যাত্রী ভোগান্তি দেখা দিয়েছে।বিআইডব্লি¬উটিসির সহকারী মহাব্যবস্থাপক মো. আশিকুজ্জামান বলেন, গত কয়েক দিনে পদ্মার পানি একটু কমেছে। এ ছাড়া হাজরা ক্রুক চ্যানেলের কাছে প্রচুর স্রোত থাকায় পলি পড়ে চ্যানেলটি আটকে গেছে। তাই এখন নাওডুবা-মাগুরখণ্ড চ্যানেল দিয়ে ফেরি চলছে। তবে কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আজ ড্রেজার এনে মাটি কাটা শুরু হয়েছে। আগামী প্রায় ৮-১০ দিনের মধ্যে হাজরা চ্যানেলটি চালু করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।