কাওড়াকান্দি-মাওয়া রুটে নৌযানের ভাড়া বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাওড়াকান্দি-মাওয়া নৌপথে লঞ্চ, স্পিডবোট, ট্রলারসহ সব নৌযানের ভাড়া অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে। দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রীদের দুর্ভোগ কমাতে সরকার কোটি কোটি টাকা ব্যয় করলেও বাস্তবে এর সুফল ভোগ করছে কতিপয় বৈধ-অবৈধ নৌযান মালিক। এ ক্ষেত্রে অসহায় লাখ লাখ যাত্রী। বিআইডব্লিউটিএ বন্দর সূত্রে জানা যায়, গত বছর শুষ্ক মৌসুমে এ রুটের লঞ্চ-ফেরিগুলো মাওয়া-পালেরচর-মঙ্গলমাঝি চ্যানেল দিয়ে ৩১ কিলোমিটার নৌপথ ঘুরে চলত। আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রথমে গত বছরের জানুয়ারিতে ৪ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে মাগুরখণ্ড-নাওডোবা ক্রস চ্যানেল ড্রেজিং করে। ফলে এ পথের দূরত্ব দাঁড়ায় ১৮ কিলোমিটার। এরপর গত সেপ্টেম্বরে ৭ কোটি টাকা ব্যয়ে বর্তমান হাজরা-চরজানাজাত-মাওয়া চ্যানেলের ৬ লাখ ঘনমিটার পলি অপসারণ করা হয়। বর্তমানে এ পথের দূরত্ব দাঁড়ায় ১৪ কিলোমিটার। কিন্তু সম্প্রতি মাওয়ার কাছে জেগে ওঠা চর ও নাব্যতা সংকটের কারণে দূরত্ব বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৬ কিলোমিটারে (ড্রেজিং বিভাগ সূত্রে জানা যায়)। এ ছাড়া গত বছর জ্বালানি তেল ডিজেলের দাম ছিল ৪৮ টাকা, বর্তমানে ৪৪ দশমিক ৫০ টাকা। কিন্তু গত বছর লঞ্চ ভাড়া ছিল নয় টাকা, বিআইডব্লিউটিএ ও জেলা পরিষদের ইজারা ছিল আট টাকা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বিআইডব্লিউটিএ ও জেলা পরিষদের ইজারা আট টাকা থেকে কমিয়ে পাঁচ টাকা নির্ধারণ করে তিন টাকা লঞ্চ ভাড়া বাড়িয়ে করা হয় ১২ টাকা। গত ২৩ ডিসেম্বর হঠাত্ নাব্যতা সংকটের অজুহাতে আন্দোলনের মুখে নৌযানের ভাড়া ১০ টাকা করে বাড়ানো হয়। এরপর নতুন বছরের প্রথম দিন থেকে তিন টাকা বাড়িয়ে ২০ টাকা আদায় শুরু করে লঞ্চ মালিক ও শ্রমিকেরা। ভাড়া বাড়ানোর ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদন লাগলেও কোনো কিছুরই তোয়াক্কা না করে যখন-তখন ভাড়া বাড়ায় মালিকেরা। এ পথে চলাচলকারী যাত্রী ফারুক, সোহরাব, রাজিয়া, সেলিনাসহ বেশ কয়েকজন জানান, গত বছরের তুলনায় তেলের দাম ও নদীর দূরত্ব অনেক কমলেও লঞ্চ ভাড়া তিন টাকা, স্পিডবোট ও ট্রলার ভাড়া ১০ টাকা করে বেড়েছে। সরকারের কঠোর হস্তক্ষেপ না থাকায় কমার বদলে ভাড়া বাড়ছে। স্পিডবোটচালক ফারুক বলেন, ‘আমাদের এখন স্পিডবোট নিয়ে নদী পার হতে আগের চেয়ে ১০ মিনিট সময় বেশি লাগে। এতে তেল বেশি খরচ হয়। তাই আগের চেয়ে ১০ টাকা ভাড়া বৃদ্ধি করে ১২০ টাকা করে নেওয়া হচ্ছে।’নাম প্রকাশে অনিচ্ছুক এক লঞ্চ মালিক বলেন, ‘পদ্মায় নাব্যতা সংকটের কারণে লঞ্চগুলো ১৩ কিলোমিটারের পরিবর্তে ১৭ কিলোমিটার নদীপথ ঘুরে চলতে হচ্ছে। তাই জ্বালানি খরচ ও শ্রমমূল্য বেড়ে যাওয়ায় উভয়পারের প্রশাসনকে অবহিত করেই এ ভাড়া বাড়ানো হয়েছে। তবে বিআইডব্লিউটিএর চার্ট অনুযায়ী, এ রুটের মূল ভাড়া ২২ টাকা। মাদারীপুর জেলা প্রশাসক শশী কুমার সিংহ বলেন, ‘স্পিডবোটের ভাড়া বাড়ানোর ব্যাপারে দুই পারের লোকজনের সঙ্গে কথা বলে বাড়ানো হয়েছে। তবে লঞ্চ ও ট্রলারের ব্যাপারে আমি জানি না। জেলা পরিষদের সঙ্গে কথা বলে এর ব্যবস্থা নেব।’বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং বিভাগ) মাসুকুল হক বলেন, ‘এক বছরে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে এ রুটের নদীপথের দূরত্ব কমানো হয়েছে অর্ধেক। এখনো ড্রেজিং চলছে। তাই ভাড়া বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই।’