কাওয়াদিঘি হাওরাঞ্চলে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে মনু নদ প্রকল্পভুক্ত কাওয়াদিঘি হাওরাঞ্চলের কৃষকেরা এ বছর জলাবদ্ধতার কারণে বোরো ও আউশ ফসল ঘরে তুলতে পারেননি। রোপণ করতে পারেননি আমন ফসলও।এদিকে মনু নদ প্রকল্পের কাওয়াদিঘি হাওর এলাকার জলাবদ্ধতা কাটিয়ে ফসল রক্ষায় কাশিমপুর পাম্পহাউস সময়মতো কাজে আসছে না বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। বিদ্যুৎ লাইনে বিপর্যয় বা বিদ্যুৎ নেই বলে অধিকাংশ সময়ই পাম্পহাউস বন্ধ থাকে। এ ছাড়া প্রায় সময়ই পাম্পহাউসের একাধিক পাম্প বিকল থাকে।এলাকাবাসী জানিয়েছেন, মনু নদ প্রকল্প এলাকা তৈরি হয়েছে কাওয়াদিঘি হাওরকে ঘিরে। এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে, চৈত্র-বৈশাখ মাসে বৃষ্টি হলে যাতে প্রকল্প এলাকার বোরো ফসল পানিতে তলিয়ে না যায় এবং বৃষ্টির পানি সেচে হাওর থেকে বের করে ফসল রক্ষা করা। এ জন্য কাওয়াদিঘি হাওর ও কুশিয়ারা নদীর সংযোগস্থল কাশিমপুরে একটি পাম্পহাউস স্থাপন করা হয়েছে। কাওয়াদিঘি হাওরের পানি এ সংযোগ খাল দিয়ে কুশিয়ারা নদীতে বেরিয়ে যাবে। কুশিয়ারা নদী হাওরের পানি থেকে উঁচুতে থাকলে অতিরিক্ত পানি পাম্পহাউসের মাধ্যমে সেচে বের করে দেওয়া হবে।অন্যদিকে প্রকল্পের আরেকটা লক্ষ্য হচ্ছে, মনু নদ প্রকল্পভুক্ত কাওয়াদিঘি হাওরাঞ্চলে শুকনো মৌসুমে বোরো ফসল চাষের জন্য সেচের ব্যবস্থা করা। এ জন্য মৌলভীবাজার শহরের প্রায় দুই কিলোমিটার পূর্ব দিকে মাতারকাপন এলাকায় মনু নদের ওপর একটি স্লুইসগেট নির্মাণ করা হয়েছে। স্লুইসগেটের পানি যাতে প্রকল্প এলাকার মাঠে ছড়িয়ে যেতে পারে সে জন্য ছোট-বড় নালা তৈরি করা হয়েছে। এতে শুকনো মৌসুমে ফসল উৎপাদন করলে বর্ষায় মনু নদের পানিতে এলাকার ফসল তলিয়ে যাওয়ার ভয় থাকে না।কাওয়াদিঘি হাওরাঞ্চলের কৃষক সুজন মিয়া, আছকির মিয়া, শ্রীকীর্তি দাস, রতন সরকার জানান, এ বছর তাঁদের চোখের সামনেই বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। এপ্রিল মাসে বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে পানি বেড়ে গেলে অনেক কৃষকের পক্ষেই ফসল তোলা সম্ভব হয়নি। অনেকেই নৌকা ও কলার ভেলা দিয়ে আধা পাকা ধান কাটার চেষ্টা করেছেন। কিন্তু পানি বৃদ্ধির কারণে তাও সম্ভব হয়নি। মনু নদ প্রকল্প এলাকার কৃষকেরা বোরো ফসল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন।রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের জলালপুর গ্রামের রেজান মিয়া বলেন, ‘এবার এক মুইঠ বোরো তুলতাম পারছি না। আউশও করা সম্ভব অইল না। জমিনে যে পানি, আগন (অগ্রহায়ণ) মাসের আগে এই পানি নামার কোনো লক্ষণ নাই। আমন ফসলও চাষ করতাম পারলাম না। আমরার এবার খাইয়া বাঁচবার উপায় নাই।’রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান জামি আহমদ বলেন, ‘এ মৌসুমে আর আমন চাষের সুযোগ নেই। সব জায়গা পানির নিচে। কাশিমপুর পাম্প চালালেও সেটা অপ্রতুল। এক সপ্তাহ পাম্প চালালে হয়তো এক-দুই মিলিমিটার পানি কমতে পারে।’রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুর নূর আহমদ বলেন, ‘প্রায় তিন মাস ধরে জলাবদ্ধতা। বৃষ্টি হলেই পানি বাড়ছে। এবার কোনো ফসলই হওয়ার সুযোগ নাই।’জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মনু নদ প্রকল্প এলাকায় ছয় হাজার ৪১২ একর আমন চাষের জমি পানির নিচে। এর মধ্যে রাজনগর উপজেলায় চার হাজার ৪৪৬ একর ও সদর উপজেলায় এক হাজার ৯৭৬ একর জমি রয়েছে।রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের বাঘমারা গ্রামের আদর মিয়া দ্বীপের মতো তাঁর বাড়িটি দেখিয়ে বলেন, ‘দেখরানি ঘর থাকি বারইবার (বের হবার) উপায় নাই। বাইরে পাও দিলেই পানি। নৌকা না বানাইয়া উপায় আছেনি! নাও ছাড়া বারইতাম (বের হতাম) কেমনে!’ নৌকার মিস্ত্রি মানিকলাল দাস জানান, অনেক বছর পর তাঁর ব্যস্ততা বেড়ে গেছে। নৌকা বানানোতে সময় দিয়ে কুলিয়ে উঠতে পারছেন না। তিনি দুই মাসে প্রায় ২০টি নৌকা বানিয়েছেন। ১৬ হাতের একটি নৌকা বানাতে খরচ পড়েছে প্রায় ১৮ থেকে ২০ হাজার টাকা।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের উপপরিচালক মো. শাহজাদা জানান, কাওয়াদিঘি হাওরে পানি কমে কিন্তু বৃষ্টি হলেই আবার বেড়ে যায়। প্রায় সাড়ে ছয় হাজার একর আমন চাষের জমি পানির নিচে। পানি কমলেও অনেক জমিতে আর আমন রোপণের সময় পাওয়া যাবে না।পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম আমিনুল হক জানান, পাম্পহাউসের মাধ্যমে হাওর থেকে দুটি পদ্ধতিতে পানি বের করা হয়। একটি হচ্ছে রেগুলেটরের মাধ্যমে, যাতে রেগুলেটর দিয়ে স্বাভাবিক গতিতে হাওরের পানি বেরিয়ে যায়। অন্যটি সেচের মাধ্যমে। পাম্পহাউসে দুটি রেগুলেটর আছে। কিন্তু কুশিয়ারা নদীর পানি হাওর থেকে ওপরে থাকলে এই রেগুলেটর কাজ করে না। অন্যদিকে, আটটি সেচপাম্পের মধ্যে তিনটি অচল। বাকি পাঁচটি সেচের কাজে প্রায় নিয়মিত ব্যবহার করা হয়ে থাকে।