রাজধানী ঢাকা ও বাণিজ্যনগর চট্টগ্রামসহ দেশের বেশ কটি জেলায় গতকাল সোমবার জামায়াত-শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ৩৮ পুলিশ সদস্যসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। জামায়াত-শিবিরকর্মীরা ঢাকায় পুলিশের পাঁচটিসহ মোট ১৩টি গাড়ি পুড়িয়ে দিয়েছেন। ভাঙচুর করেছেন শতাধিক গাড়ি।রাতে এ ঘটনায় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনীম আলম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ইজ্জত উল্লাহ ও আবদুর রবকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। সংঘর্ষের সময় ঢাকা ও ঢাকার বাইরে থেকে মোট ১৫৯ জনকে আটক করেছে পুলিশ।গতকাল বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে জামায়াতের সঙ্গে পুলিশের এই সংঘর্ষের সময় রাজধানীর কাকরাইল, বিজয়নগর ও পুরানা পল্টন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। মতিঝিল ঘিরে দেশের প্রধান বাণিজ্যিক বলয়ে অফিস ও স্কুল ছুটির সময় এ ঘটনা ঘটায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন বিভিন্ন ভবনে আটকা পড়ে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত-শিবিরকর্মীরা কাকরাইল পুলিশ বুথে আগুন ধরিয়ে দেন। একে একে তাঁরা পুরানা পল্টন, নয়াপল্টন, বিজয়নগর, কাকরাইল ও শান্তিনগর এলাকায় পুলিশের পাঁচটি গাড়িসহ ১৩টি গাড়ি জ্বালিয়ে দেন। ভাঙচুর করেন শতাধিক গাড়ি। গাড়িতে আগুন দেওয়া জামায়াত-শিবিরকর্মীদের একটি অংশ মুখে কাপড় বাঁধা ছিল। অনেকে ছিল হেলমেট পরা।পুলিশ বলছে, এ হামলা ও নৈরাজ্য পরিকল্পিত। বিশেষ করে সব কটি জায়গায় পেছন থেকে পুলিশের ওপর হামলার ঘটনা পুলিশকে কিংকর্তব্যবিমূঢ় করে দেয়।একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধ ও জামায়াতের শীর্ষস্থানীয় পাঁচ নেতার মুক্তির দাবিতে গতকাল সারা দেশে দুুই দিনের বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয় জামায়াত। কর্মসূচির প্রথম দিনে এ ঘটনা ঘটল। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (সদর দপ্তর) হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁদের কাছে খবর ছিল, জামায়াত তাদের আগের অবস্থান অর্থাৎ বায়তুল মোকাররমের উত্তর গেট ও এর আশপাশের এলাকায় জড়ো হবে। এ কারণে ওই সব এলাকায় পুলিশের প্রস্তুতি ছিল। কিন্তু জামায়াত হঠাৎ রাস্তার পাশ আর বিভিন্ন গলি থেকে কাকরাইল-বিজয়নগরের রাস্তায় নেমে পড়ে। এই অবস্থায় জামায়াত-শিবিরকর্মীদের নিবৃত্ত করতে গেলে তাঁরা সামনে ও পেছন থেকে পুলিশের ওপর আক্রমণ শুরু করেন।ঘটনার বর্ণনা দিয়ে আরেকজন পুলিশ কর্মকর্তা বলেন, পুরানা পল্টন, বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর এলাকায় পুলিশের অবস্থানের আশপাশে পথচারী বেশে জামায়াত-শিবিরকর্মীরাও অবস্থান নিয়েছিল, যা পুলিশ বুঝতে পারেনি। সংঘর্ষ শুরুর পর পথচারী বেশে থাকা এসব কর্মী পেছন থেকে একযোগে পুলিশের ওপর হামলা চালান।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে তিনটার দিকে জামায়াত-শিবিরের কয়েক হাজার কর্মী কাকরাইলের আঞ্জুমান মুফিদুল ইসলামের প্রধান কার্যালয়সহ আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন। চারটার দিকে তাঁরা মিছিল শুরু করেন। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এর জবাবে মিছিলকারীরা পুলিশের ওপর হামলা চালান। কাকরাইলে আঞ্জুমানের উল্টো দিকে ইসলামী ব্যাংক হাসপাতালের পাশে ভাঙা একটি ভবনে জামায়াত কর্মীদের একটি অংশ অবস্থান নেয়। তারা ওই ভবন থেকে বৃষ্টির মতো ইটের টুকরো পুলিশের ওপর ছুটতে থাকে। একই সময়ে বিজয়নগর পানির ট্যাংক মোড়, রাজস্ব ভবনের মোড়, কাকরাইল মোড়সহ আশপাশের এলাকায়ও পুলিশের ওপর একযোগে হামলা চালানো হয়। জামায়াতের কর্মীরা সড়ক বিভাজকের ওপর বসানো লোহার রেলিং ও সিমেন্টের ব্লক ভেঙে তা পুলিশের ওপর ছুড়তে থাকেন। টিয়ার শেল ও শটগানের গুলি ছুড়েও পুলিশ জামায়াতের কর্মীদের ছত্রভঙ্গ করতে পারেনি। হামলার মুখে একপর্যায়ে কিছু পুলিশ সদস্যকে নিরাপদ স্থানে আশ্রয় নিতেও দেখা যায়। এই অবস্থায় বিজয়নগরে একটি প্রিজন ভ্যান আটক করেন জামায়াতের কর্মীরা। চালক প্রিজন ভ্যান ফেলে পালিয়ে গেলে জামায়াতের কর্মীরা তাতে আগুন ধরিয়ে দেন। তাঁরা পুলিশের একটি মোটরসাইকেল ও কাকরাইল মোড়ের পুলিশ বুথে আগুন ধরিয়ে দেন।একই সময় কাকরাইল মোড়ে তিনটি যাত্রীবাহী বাস ও একটি মোটরসাইকেল, বিজয়নগরের কাছে একটি জিপ, একটি কাভার্ড ভ্যান, একটি বাস, স্কাউট ভবনের মোড়ে পুলিশের বিশেষ শাখার একটি গাড়িতে এবং জাতীয় রাজস্ব ভবনের সামনে একটি মাইক্রোবাস জ্বালিয়ে দেন জামায়াতের কর্মীরা।একপর্যায়ে কাকরাইল মসজিদের চত্বর থেকে পুলিশকে লক্ষ্য করে জামায়াত কর্মীরা ইটপাটকেল ছুড়তে থাকেন। পুলিশ তাঁদের ধাওয়া করে কাকরাইল মোড়ের দিকে নিয়ে যায়। এ সময় বিভিন্ন গলি থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশ আবার পেছনে ফিরে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এখান থেকে কয়েকজন কর্মীকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতের কর্মীদের হামলায় টিকতে না পেরে একদল পুলিশ কাকরাইল মোড়ে রূপায়ণ করিম টাওয়ারের ভেতরে আশ্রয় নেয়। জামায়াতের শ খানেক কর্মী সেখানেও হামলা চালান। তাঁরা বহুতল এই ভবনের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।ওই ভবনের দোতলায় অবস্থিত উইমেন্স বিউটি পারলারের ব্যবস্থাপক মহিউদ্দিন মহিম প্রথম আলোকে বলেন, পুলিশ নিচতলায় আশ্রয় নেওয়ার পর জামায়াতের কর্মীরা সেখানে হামলা চালান। এতে তাঁদের প্রতিষ্ঠানের সব কাচ চুরমার হয়ে যায়। ভেতরে অবস্থান করা সেবাগ্রহীতা ও কর্মীরা কান্নাকাটি শুরু করেন। এভাবে বিজয়নগর থেকে শুরু করে কাকরাইল মোড় হয়ে জনস্বাস্থ্য প্রকৌশল ভবন এবং উত্তরে শান্তিনগর বাজার পর্যন্ত এলাকা পুরো রাস্তা জামায়াতের কর্মীরা দখলে নিয়ে নৈরাজ্য সৃষ্টি করেন। নয়াপল্টনের রাস্তাতেও তাঁরা অবস্থান নেন।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় এক ঘণ্টা এ নৈরাজ্য চলার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে আনা হয়। পুলিশের একটি দল দাঙ্গা দমন গাড়ি ও সাঁজোয়া যান নিয়ে আসে। তারা একযোগে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময়ে পুলিশের ধাওয়া খেয়ে জামায়াতের কর্মীরা আঞ্জুমান ভবন, ইসলামী ব্যাংক হাসপাতাল, ফরিদপুর ম্যানশন, এইচ আর ভবন এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কার্যালয়ের ভেতরে অবস্থান নেন। একটু পরে ওই সব ভবনে বের হয়ে জামায়াতের কর্মীরা আবার পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকেন। জাতীয় রাজস্ব ভবনের সামনের একটি গলি থেকে জামায়াতের কর্মীরা পুলিশের ওপর হামলা চালান। সেখানে দুই পুলিশ সদস্যের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এরপর পুলিশ ইসলামী ব্যাংক হাসপাতালে ঢুকে কয়েকজনকে আটক করে। তাঁদের মধ্যে হাসপাতালের তত্ত্বাবধায়ক হাফিজুর রহমানও ছিলেন। আশপাশের ভবন ও রাস্তা থেকেও আটক করা হয় কয়েকজনকে। কাকরাইল মোড়ে এক যুবক পুলিশের এক কর্মকর্তার পা চেপে ধরলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তখন সেগুনবাগিচা এলাকা থেকে এক যুবককে ধরে পিটুনি দেয় পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে কাকরাইল এলাকায় বেশ কয়েকজন পথচারীকে মারধর করে পুলিশ। লোকজনকে রাস্তার পাশ ঘেঁষে দুই হাত ওপরে তুলে হাঁটতে দেখা গেছে। সেখান থেকে নিরীহ কয়েকজনকে আটক করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। আতঙ্ক ও দুর্ভোগ: প্রধান সড়কে সংঘর্ষের কারণে চলাচলকারী লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। যানবাহনগুলো আশপাশের সব গলিতে ঢুকে পড়ে। ওই সব গলিতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় কর্মস্থল থেকে ঘরে ফেরা মানুষ আটকা পড়ে। বিকেলের দিকে দেখা যায়, রাজস্ব ভবনের শত শত মানুষ বাসায় ফেরার জন্য অপেক্ষা করছে।বিকেল সাড়ে পাঁচটার দিকে পরিস্থিতি শান্ত হয়ে আসতে থাকে। এরপর ফায়ার সার্ভিসের গাড়ি আসে। পুলিশের রেকার রাস্তা থেকে পোড়া গাড়িগুলো সরাতে শুরু করে। সন্ধ্যা ছয়টার পর পরিস্থিতি স্বাভাবিক হলে দেখা যায়, বিজয়নগর থেকে কাকরাইল হয়ে শান্তিনগর ও কাকরাইল মসজিদের মোড় পর্যন্ত রাস্তায় শুধু ইটের টুকরো পড়ে আছে। রাস্তার দুই ধারে লাগানো ফুলগাছগুলোও নেই। সব রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে আছে। জামায়াতের কার্যালয়ে অভিযান: রাত সাড়ে আটটার দিকে পুরানা পল্টন ও মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনীম আলম ও কর্মপরিষদ সদস্য ইজ্জত উল্লাহসহ ২০ জনকে আটক করা হয়। এ টি এম আজহারুল ইসলামকে তাঁর মগবাজারের বাসা থেকে আটক করা হয় বলে পুলিশ জানায়। জামায়াতের ব্রিফিং: আটকের আগে সন্ধ্যা সাতটায় জামায়াতের মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঘটনার জন্য পুলিশ বাহিনীকে দায়ী করে দলটি।সংবাদ সম্মেলনে এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘সরকারের পেটোয়া বাহিনী আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে চরমভাবে দমন করেছে। আজ (গতকাল) যা হয়েছে, তা গণবিস্ফোরণের একটি নমুনা। দেশ গণতন্ত্রের বিজয়ের দিকে যাচ্ছে।’গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, ‘কে বা কারা করেছে জানি না। এর সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই।’জামায়াত দাবি করেছে, গতকালের ঘটনায় সারা দেশে ৪০০ জন আহত হয়েছে। ৩০০ থেকে ৪০০ লোককে গ্রেপ্তার করা হয়েছে। যেসব গাড়ি পুড়েছে: মিতসুবিশি গাড়ি ঢাকা মেট্রো-ঘ ১১-২৭৯২, পুলিশের ভ্যান ঢাকা মেট্রো-ম ০৫-০১৫৩, পুলিশের পিকআপ ঢাকা মেট্রো-ঠ ১৪-০৬৮৪, ঢাকা মেট্রো-ব ১১-২০৯৬, এসবির গাড়ি ৭২, যাত্রীবাহী ফাল্গুনী পরিবহন ঢাকা মেট্রো-ব ১১-৩৩৯৪, সুপ্রভাত সিটি সার্ভিস ঢাকা মেট্রো-জ ১১-১৫১২, ঢাকা মেট্রো-জ ১১-১৭২৪, যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো-জ ১১-১৭৯২ এবং ঢাকা মেট্রো-ঘ ১১-১৯৮৯।বিএনপির নিন্দা ও প্রতিবাদ: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে গতকালের এই ঘটনাকে বর্বর হিসেবে আখ্যায়িত করেছেন। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি এবং এর জন্য দায়ী পুলিশ সদস্যদের শাস্তি দাবি করেন। মির্জা ফখরুল বলেন, সরকারের বেপরোয়া নীতি এবং অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে জনগণের আন্দোলনে ভীত হয়েই সরকার এসব করছে। এভাবে অব্যাহত দমন-পীড়ন চলতে থাকলে সরকারকে চরম পরিণতি ভোগ করতে হবে।এ সংক্রান্ত ভিডিও দেখতে ক্লিক করুন