কাকরাইলে বাসের চাপায় সাংবাদিক নিহত, অবরোধ
সড়ক দুর্ঘটনায় এবার প্রাণ হারালেন সাংবাদিক দীনেশ দাস। মেয়েকে স্কুলে দিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) যাওয়ার পথে আজ রোববার সকাল পৌনে নয়টার দিকে রাজধানীর কাকরাইলে গির্জার সামনে এই দুর্ঘটনা ঘটে।এদিকে এ ঘটনার প্রতিবাদে বেলা দুইটা থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত সাংবাদিকেরা জাতীয় প্রেসক্লাবের ও হাইকোর্টের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় তাঁরা কয়েকটি গাড়ির কাচ ভাঙচুর করেছেন। এর মধ্যে সরকারের বিদ্যুত্ বিভাগের গাড়িও রয়েছে। বর্তমানে প্রেসক্লাবের সামনে থেকে নয়াপল্টন পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। কাকরাইল হয়ে বিকল্প রাস্তায় যান চলাচল করছে।দুপুরে ডিআরইউতে সংগঠনটির সভাপতি সাখাওয়াত হোসেন কাল সোমবার বেলা ১১টা পর্যন্ত আন্দোলন মুলতবির ঘোষণা দেন। তবে সাধারণ সাংবাদিকেরা এ নিয়ে ক্ষোভ করেন। তাঁরা জানান, সরকার সুনির্দিষ্টভাবে দীনেশ দাসের পরিবারের ভরণপোষণ ও সড়ক দুর্ঘটনা বন্ধের জন্য ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।বিকেল সাড়ে তিনটার দিকে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন সেখানে যান। তিনি আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে বলেন, ‘২০ বছর ধরে অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি। আজ অবরোধ সরালে কাল আরেক ভাইয়ের জন্য আমাদের হয়তো এখানে আসতে হবে। সেখানে বক্তব্য দেন সাংবাদিক অঞ্জন রায়, অভিনেত্রী রোকেয়া প্রাচী প্রমুখ।’এর আগে বেলা একটার দিকে তাঁর লাশ ডিআরইউতে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘদিনের সহকর্মী, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান। এরপর তাঁর মরদেহ গ্রামের বাড়ি নওগাঁর রানী নগরের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।সর্বশেষ মাস দেড়েক আগে দীনেশ দাস দৈনিক আমাদের সময় পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, তৃতীয় শ্রেণীতে পড়ুয়া মেয়েকে স্কুলে দিয়ে বাবা দীনেশ মোটরসাইকেলে করে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাচ্ছিলেন। এ সময় কাকরাইল গির্জার সামনে একটি স্টাফ বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।গত ২৮ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে বিআরটিসির বাসের চাপায় গুরুতর আহত হন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক নিখিল ভদ্র। বাসের ধাক্কায় পড়ে গেলে তাঁর ডান পায়ের ওপর দিয়ে বাস চলে যায়। পঙ্গু হাসপাতালে নেওয়ার পর চিকিত্সকেরা তাঁর ওই পায়ের হাঁটুর নিচের অংশ কেটে ফেলতে বাধ্য হন। বর্তমানে তিনি সেখানেই চিকিত্সাধীন রয়েছেন।