কাকলীর ‘গুণ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ জহুরুল হকের ‘গুণ’ গল্পের ছায়া অবলম্বনে একই শিরোনামে টেলিছবি তৈরির কাজে হাত দিয়েছেন নির্মাতা শাহনেওয়াজ কাকলী। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মামুনুর রশীদ, প্রাণ রায়, রিচি সোলায়মান, রওনক হাসান প্রমুখ। এ প্রসঙ্গে কাকলী জানিয়েছেন, ‘শেখ জহুরুল হকের “গুণ” গল্পটি পড়ার পর আমার খুবই ভালো লেগেছিল। এর পরপরই সিদ্ধান্ত নিয়েছিলাম “গুণ” নিয়ে একটি টেলিছবি বানানোর। গুণ টানা মাঝি আইনুদ্দিনকে ঘিরে গড়ে উঠেছে এর গল্প। ২৭ মার্চ থেকে এই টেলিছবির শুটিং শুরু হয়েছে। চ্যানেল টোয়েন্টিফোরে এটি প্রচারিত হবে।’‘গুণ’ টেলিছবির কাহিনি সম্পর্কে জানা গেছে, মাছ ধরে ও গুণ টেনেই জীবিকা নির্বাহ করত আইনুদ্দিন মাঝি। হঠাত্ একদিন তার ভাসমান দেহ নদীতে খুঁজে পায় কুঞ্জলতা। লাশ ভেবে আইনুদ্দিনের ভাসমান দেহের কাছে ছুটে যায় সে। কিন্তু কাছে গিয়ে আবিষ্কার করে, আইনুদ্দিন আসলে মারা যায়নি। সেবা-শুশ্রূষা করে আইনুদ্দিনকে সুস্থ করে তোলে সে। সুস্থ হওয়ার পর নিজের জীবনের অজানা নানা অধ্যায় কুঞ্জলতাকে খুলে বলে আইনুদ্দিন। গ্রামের প্রভাবশালী ধনী বৃদ্ধ ফতেহ আলীর নৌকায় কাজ করত আইনুদ্দিন। সে ফতেহ আলীকে খুবই ভক্তি করত। ঈশ্বরের পরেই তাকে মানত। একদিন রাগের বশবর্তী হয়ে বউকে তালাক দেয় আইনুদ্দিন। পরে ভুল বুঝতে পেরে আবারও স্ত্রীকে ফিরে পেতে চায়। কিন্তু হিল্লে বিয়ে ছাড়া স্ত্রীকে ফিরে পাওয়ার কোনো উপায় নেই। একপর্যায়ে বৃদ্ধ ফতেহ আলীর সঙ্গে হিল্লে বিয়ে হয় আইনুদ্দিনের স্ত্রী শামসুর। ফতেহ আলীর আগের তিন স্ত্রীই মারা গেছে। একাকী ফতে হিল্লে বিয়ের পর শামসুকে নানা প্রলোভন দেখিয়ে তার সঙ্গেই ঘর করতে বলে। কিন্তু এতে ব্যর্থ হয়ে একপর্যায়ে আইনুদ্দিনকে মেরে ফেলার পরিকল্পনা করে ফতে। একদিন তার লোকজন পিটিয়ে মৃত ভেবে আইনুদ্দিনের দেহ ভাসিয়ে দেয় নদীর জলে। কাকলী জানিয়েছেন, ‘কাহিনির শেষে দারুণ একটি চমক আছে। কিন্তু সেটা এখনই বলতে চাচ্ছি না। আশা করছি, দর্শক এই টেলিছবিটি উপভোগ করবেন।’