কাগজে-কলমে বন্দী প্রতিবন্ধীদের খেলাধুলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেশাল অলিম্পিকসে ১৯৯৫ সাল থেকে বুদ্ধিপ্রতিবন্ধী খেলোয়াড়েরা পদক পাচ্ছেন। সর্বশেষ ২০০৭ সালে চীনের সাংহাইতে অনুষ্ঠিত এ অলিম্পিকেও ৩২টি স্বর্ণসহ মোট ৭১টি পদক পায় বাংলাদেশ। কিন্তু বুদ্ধিপ্রতিবন্ধীসহ প্রতিবন্ধী খেলোয়াড়দের জন্য সরকারের সুনির্দিষ্ট কোনো বরাদ্দ নেই। নীতি, আইন বা সনদে প্রতিবন্ধীদের জন্য সরকারের যেসব উদ্যোগ নেওয়া ও সুবিধা দেওয়ার কথা, তা আছে শুধু কাগজে-কলমেই।তবে জাতীয় ক্রীড়া পরিষদসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলছেন, প্রতিবন্ধী সংগঠন অর্থ ও অন্যান্য সহায়তার জন্য আবেদন করলে তা ইতিবাচকভাবে দেখা হচ্ছে। কিন্তু প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধিরা বলছেন, সরকারের কর্মসূচিতে প্রতিবন্ধীরা অন্তর্ভুক্ত হয়নি। অন্যদিকে সহায়তা চাইলেও অনেক সময়ই তা পাওয়া যাচ্ছে না।স্পেশাল অলিম্পিক বাংলাদেশের পরিচালক ও জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব জওয়াহেরুল ইসলাম বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত গত সাউথ এশিয়ান গেমসে দেশের বিভিন্ন স্কুলের প্রায় ১২ হাজার ছেলেমেয়ে ডিসপ্লেতে অংশ নেয়। এতে প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণ করানোর জন্য আবেদন করা হলেও সরকার রাজি হয়নি।জওয়াহেরুল ইসলাম আরও বলেন, ফোরামের পক্ষ থেকে প্রতিবন্ধী শিশু খেলোয়াড়দের জন্য এক কোটি টাকার অনুদান চেয়ে একটি প্রস্তাব করা হয় ২০০৯-১০ অর্থবছরে। চলতি বছরেও এ দাবি অব্যাহত আছে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহায়তায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সে প্রস্তাব অর্থ মন্ত্রণালয় পর্যন্ত গিয়েছে। কিন্তু এর ফলাফল এখনো পাওয়া যায়নি।সম্প্রতি খিলক্ষেতের ‘জান-ই-আলম সরকারি উচ্চবিদ্যালয়ে’ গেলে সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের শিক্ষার্থী সাকিবুল ইসলাম, রবিউল ইসলামসহ অন্যরা জানায়, তারা দাবা ও ক্রিকেট ভালো খেলে। এর আগে বিভিন্ন দাতা সংস্থার সহায়তায় খেলে পুরস্কারও পেয়েছে তারা। কিন্তু তাদের খেলার উপযোগী দাবার বোর্ড নেই। অন্তর্জাতিক সংগঠন সাইটসেভারস গত বছর ক্রিকেটের ব্যাট ও বল দিয়েছিল। এখন ব্যাট থাকলেও বলটি ফেটে গেছে। এ স্কুলসহ ৬৪ জেলায় শিক্ষা কার্যক্রমটি বাস্তবায়ন করছে সমাজসেবা অধিদপ্তর। এতে খেলাধুলার জন্য কোনো বাজেট বরাদ্দ নেই।বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের পরিচালক (প্রশিক্ষণ ও পুনর্বাসন) জাহাঙ্গীর আলম বলেন, আইন ও নীতি অনুযায়ী প্রতিবন্ধীদের খেলানোর দায়িত্ব সরকারের। আবেদন করলে সরকার হয়তো সহায়তা করবে। তবে না চাইতেই সরকার প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন উদ্যোগ নেবে, সে ধরনের পরিবেশ এখনো দেশে তৈরি হয়নি।আইন, নীতি ও সনদে কী আছে: সঠিক পরিসংখ্যান না থাকলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবমতে, দেশে প্রতিবন্ধী জনগোষ্ঠীর সংখ্যা প্রায় এক কোটি ৫০ লাখ। ১৯৯৫ সালের প্রতিবন্ধীবিষয়ক জাতীয় নীতিমালায় বলা হয়েছিল, প্রতিবন্ধীদের জন্য জাতীয় ক্রীড়া সংস্থা তৈরি ও তাঁদের জন্য খেলাধুলাসহ বিনোদনমূলক ক্ষেত্রে অংশগ্রহণ অবাধ করা হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতিবন্ধীদের খেলাধুলার আয়োজন করবে। তবে গত ১৫ বছরেও প্রতিবন্ধী খেলোয়াড়েরা এ সুযোগগুলো পাননি বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মো. নুরুল কবীর প্রথম আলোকে বলেন, প্রতিবন্ধীদের জন্য একটি ক্রীড়া কমপ্লেক্স তৈরির প্রক্রিয়া চলছে। সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিবন্ধী সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বরাদ্দসহ বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে।২০০১ সালের প্রতিবন্ধী কল্যাণ আইনেও জাতীয় পর্যায়ে ক্রীড়া সংগঠনে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্বের ব্যবস্থা করা, দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় প্রতিবন্ধী দল পাঠানো এবং প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এখনো বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া পরিদপ্তর, জেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), শারীরিক শিক্ষা কলেজ এবং বিভিন্ন ক্রীড়া ফাউন্ডেশনের বিভিন্ন প্রতিযোগিতায় প্রতিবন্ধী ক্রীড়াবিদেরা অন্তর্ভুক্ত হননি।জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি চার বছর ধরে আবেদন করেও জাতীয় ক্রীড়া পরিষদের সদস্য হতে পারেনি। সমিতির একজন কর্মকর্তা শারীরিক প্রতিবন্ধী রাজা মারুফ নেওয়াজ প্রথম আলোকে বলেন, ‘২০০৮ সালে চেন্নাইতে একটি হুইল চেয়ার দৌড় প্রতিযোগিতায় অংশ নিই। প্রতিযোগিতার আগে কোনো প্রশিক্ষণ পাইনি। ফলে কপালে আর পুরস্কার জুটেনি।’জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) হাইয়ুল কাইউম প্রথম আলোকে বলেন, স্পেশাল অলিম্পিকসে সহায়তা করছে পরিষদ। প্রতিবন্ধী সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে সহায়তাও করা হচ্ছে। তিনি বলেন, স্পেশাল অলিম্পিকসসহ বিভিন্ন খেলায় প্রতিবন্ধীরা বিদেশে খেলতে গিয়ে অনেক সময় ফিরে আসে না। এ ছাড়া প্রতিবন্ধীদের অসংখ্য সংগঠন গড়ে উঠেছে। ফলে আবেদন করলেও সরকারের সীমাবদ্ধতার কারণে অনুদান দেওয়াও সম্ভব হয় না। পরিষদের জাতীয় ক্রীড়াপঞ্জিতে (১ জুলাই ২০০৯ থেকে ৩০ জুন ২০১০) যেসব সংস্থা বা ফেডারেশনকে অনুদান, প্রতিযোগিতার আয়োজন ও প্রশিক্ষণে সহায়তা করা হয়েছে, সে ধরনের ৪২টি প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে। এতে বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশন ছাড়া অন্য কোনো প্রতিবন্ধী সংগঠনের নাম নেই। ১৯৯৮ সালের জাতীয় ক্রীড়া নীতিমালায় শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ও বিশেষ শ্রেণীর নাগরিকদের জন্য বিশেষ ধরনের খেলাধুলার আয়োজন করার কথা বলা হয়েছে। বাংলাদেশ জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার সনদের অষ্টম অনুসমর্থনকারী রাষ্ট্র। এ সনদের ৩০ নম্বর ধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্যদের সঙ্গে সমতার ভিত্তিতে সঠিক প্রশিক্ষণ ও সম্পদ বরাদ্দ করা, প্রতিবন্ধী শিশুদের স্কুলভিত্তিক নিয়মিত কর্মকাণ্ডে সমান অংশগ্রহণের অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়েছে।২০০৯ সালের ৭ ডিসেম্বর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি নির্দেশনায় সব সরকারি ভবনে প্রতিবন্ধীদের প্রবেশের জন্য ঢালুপথ তৈরির জন্য ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়। বেসরকারি পর্যায়ে প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ তাদের অবকাঠামোটি ব্যবহার করার সুযোগ দেয়। কিন্তু কলেজের মিলনায়তনের প্রবেশপথটি শারীরিক প্রতিবন্ধীদের জন্য প্রবেশের উপযোগী নয়। প্রতিবন্ধী ফোরাম ঢালুপথ তৈরির আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে কলেজ কর্তৃপক্ষকে। জানা গেছে, ডিসেম্বরের মধ্যে ঢালুপথ তৈরির অঙ্গীকার করেছে স্কুল কর্তৃপক্ষ।বাংলাদেশ ব্রেইল দাবা অ্যাসোসিয়েশন আর্থিক সংকটে আছে। ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটির উদ্যোগে আন্তর্জাতিক প্রতিযোগিতা প্যারা অলিম্পিকে সব ধরনের প্রতিবন্ধী খেলোয়াড় অংশগ্রহণ করেন। কিন্তু অর্থ ও প্রশিক্ষণের অভাবে এ ক্ষেত্রের সাফল্য উল্লেখযোগ্য নয়।২০১১ সালে গ্রিসের এথেন্সে অনুষ্ঠেয় স্পেশাল অলিম্পিকস ও একই বছরে লন্ডনে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেটে প্রতিবন্ধী খেলোয়াড়দের অংশগ্রহণের জন্য অর্থ বরাদ্দ এবং প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া জরুরি। ২০১২ সালে লন্ডনে অনুষ্ঠেয় প্যারা অলিম্পিকে সাফল্য অর্জন করতে চাইলেও অর্থ বরাদ্দ ও প্রশিক্ষণ জরুরি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।