কাঙালের অমূল্য রতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িটি খুঁজে পেতে সমস্যা হয়নি। কুমারখালী বাসস্ট্যান্ড থেকে সরু পিচঢালা পথ চলে গেছে কুণ্ডুপাড়ার দিকে। চলে রিকশা-ভ্যান আর ইজিবাইক নামে পরিচিত হয়ে ওঠা ব্যাটারিচালিত অটোরিকশা। কুণ্ডুপাড়ায় পৌঁছে পথচলতি যেকোনো লোককে বললেই বাড়িটি দেখিয়ে দেবে। পাকা সড়ক ছেড়ে খানিকটা হেঁটে যেতে হয় সরু মেঠোপথ ধরে। তার পরই দেয়ালের পলেস্তারায় আঁচড় কেটে ‘এম এন প্রেস’ লেখা বাড়িটি।যেকোনো সময় হুড়মুড় করে ধসে পড়বে এমনই মনে হয় বাড়িটি দেখলে। নোনা ধরে পলেস্তারা খসে গেছে। চাল নড়বড়ে। বাঁশের খুঁটির ঠেস দিয়ে বারান্দা, ঘরের চাল আটকে রাখা। তবে আশপাশের পরিবেশ মনোরম। তেঁতুল, আতা, আম, পীতরাজ আরও সব গাছগাছালির ঘন সমাবেশে আরণ্যক আবহ। দুপুরের তপ্ত রোদে প্রাণজুড়ানো নিবিড় ছায়া। কড়া নাড়লে দরজা খুলে দিলেন যে প্রৌঢ়, তিনিও বাড়িটির মতোই মলিন দীনহীন। তিনি অশোক মজুমদার। পাঁচ পুরুষ ধরে তাঁদের এই বাড়িতে বসবাস।বসার ঘরের দেয়ালে ঝোলানো পদ্মাসনে বসা ঋষিতুল্য সৌম্যকান্তি এক পুরুষের ছবি। ছবির নিচে বেশ কিছু কবিতার চরণ। চোখ আটকে গেল প্রথমটিতেই: ‘যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই...।’ কে না জানেন প্রায় প্রবাদে পরিণত হওয়া এই পঙিক্ত? একেবারেই অন্য এক বিষয়ের সন্ধানে এসে পড়ে গেছি তার রচয়িতার সামনে! ঠিক যেন ‘মানিক রতন’ পাওয়ার মতোই অত্যাশ্চর্য প্রাপ্তি বলে মনে হলো কাঙাল হরিনাথকে এই কবিতার কবি হিসেবে পেয়ে।কয়েকজন সহকর্মী মিলে গিয়েছিলাম গ্রামবার্ত্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক আমাদের দেশের গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ হরিনাথ মজুমদারের বাড়িটি দেখতে। বিশেষ করে আগ্রহ ছিল ‘বাংলা মুদ্রণ যন্ত্র’ নামের যে যন্ত্রটিতে তিনি ১৮৭৩ সালে গ্রামবার্তা ছাপিয়ে ছিলেন, সেটি দেখার। যুক্তরাজ্যে তৈরি যন্ত্রটিতে যদিও মাকড়সার জাল আর ধুলার স্তর জমে আছে, তবু এখনো এটি ছাপার কাজের উপযোগী বলে জানালেন অশোক বাবু। তিনি হরিনাথ মজুমদারের প্রপৌত্র।হরিনাথ মজুমদারের জন্ম ১৮৩৩ সালে, মৃত্যু ১৮৯৬ সালে। অল্পবয়সেই তিনি পিতা-মাতাকে হারিয়েছিলেন। স্থানীয় ইংরেজি স্কুলে পড়ালেখা শুরু। তবে অনাথ হয়ে পড়ায় আর্থিক দুর্গতিতে বেশিদূর এগোতে পারেননি। বিদ্যানুরাগ ছিল প্রবল। সমাজ-সচেতনতাও প্রখর। নিজ গ্রামে তিনি বন্ধুবান্ধবের সহায়তায় একটি ভার্নাকুলার স্কুল খুলেছিলেন ১৮৫৫ সালে। সেখানেই অবৈতনিক শিক্ষকতা শুরু করেছিলেন। পরের বছর তিনি কুমারখালীতে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। ১৮৫৮ সালে এই বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করেছিলেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এ দেশে নারীদের শিক্ষার প্রসারেও হরিনাথের ভূমিকা অন্যতম পথিকৃতের।স্থানীয় জমিদার ও ইংরেজদের প্রজাপীড়ন ব্যথিত ও ক্ষুব্ধ করেছিল হরিনাথকে। ঈশ্বরগুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকায় এসব নিয়ে লেখালেখি শুরু করেন। সেই তাঁর সাংবাদিকতার শুরু। পরে ১৮৬৩ সালে নিজেই প্রকাশ করেন গ্রামবার্ত্তা প্রকাশিকা নামের মাসিক পত্রিকা। পরে এটি পাক্ষিক ও সাপ্তাহিক হিসেবে প্রকাশিত হয়। গ্রামবার্ত্তা প্রথমে প্রকাশিত হতো কলকাতার গীরিশ বিদ্যারত্ন প্রেস থেকে। বাংলা পিডিয়ায় বলা হয়েছে, ১৮৬৪ সালে কুমারখালীতে স্থাপিত হয় মথুরনাথ যন্ত্র। বিখ্যাত ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রের পিতা হরিনাথের বন্ধু মথুরনাথ মৈত্র এটি প্রতিষ্ঠা করেন। পরে তিনি মুদ্রণযন্ত্রটি হরিনাথকে দান করেন। ১৮৭৩ সাল থেকে এই যন্ত্রেই গ্রামবার্তা প্রকাশিত হতে থাকে। ২৫ বছর ধরে পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হয়েছিল।গ্রামবার্তা পত্রিকায় হরিনাথ সাহিত্য, দর্শন বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে প্রবন্ধ প্রকাশের পাশাপাশি অত্যন্ত সাহসিকতার সঙ্গে জমিদার ও ব্রিটিশ নীলকরদের অত্যাচারের কাহিনি প্রকাশ করেন। একটা পর্যায়ে জমিদারেরা তাঁর ওপর হামলার পরিকল্পনা করেন। তখন লালন সাঁই অনুসারীদের নিয়ে হরিনাথের বাড়িতে এসে পাহারা দিয়ে তাঁকে রক্ষা করেন।ফকির লালন সাঁইয়ের সঙ্গে হরিনাথের অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল। এ ছাড়া বিষাদ সিন্ধু ও জমিদার দর্পণ-এর রচয়িতা মীর মশাররফ হোসেন, প্রখ্যাত সাহিত্যিক-সাংবাদিক জলধর সেন, অক্ষয় কুমার মৈত্র, দীনেন্দ্র কুমার রায়রা ছিলেন তাঁর শিষ্যতুল্য এবং গ্রামবার্তার লেখক। হরিনাথ নিজেও ছিলেন আধ্যাত্মিক সাধক। ‘কাঙাল ফকির চাঁদ বাউল’ নামেও তিনি পরিচিত ছিলেন। বহু গান লিখেছেন। প্রকাশিত গ্রন্থ ১৮টি। এর মধ্যে ‘বিজয় বসন্ত’ নামের উপন্যাসটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। এর ২০টি সংস্করণ প্রকাশিত হয়েছিল তাঁর জীবদ্দশাতেই।পূর্বপুরুষের আর্থিক দৈন্য কাটিয়ে উঠতে পারেননি অশোক মজুমদার। তিনি জানালেন, ১৯৭১ সালে প্রেসঘরটির ওপরে পাকিস্তানি হানাদারেরা বোমা ফেলেছিল। যন্ত্রটি রক্ষা পেলেও ঘরের ছাদ দেয়াল ভেঙে যায়। মেরামত করার সামর্থ্য নেই। এখানেই মাথা গুঁজে আছেন স্ত্রী-পুত্র নিয়ে। ‘ডবল ক্রাউন’ সাইজের কাগজে এই মুদ্রণযন্ত্রটিতে সারা দিনে প্রায় এক হাজারটি ছাপ দেওয়া যায়। ‘যে যন্ত্রে কাঙালের হাতের স্পর্শ, লালনের হাতের স্পর্শ, মীর মশাররফ, জলধর সেনের হাতের স্পর্শ, সেখানে আমি হাত রাখতি পাতিছি, এর চেয়ে সৌভাগ্য আর কি আছে’, বলছিলেন অশোক। সে কারণেই যন্ত্রটি বুক দিয়ে আগলে রেখেছেন। ‘কাঙাল’ বলেই সবার কাছে পরিচিত হরিনাথ মজুমদার। অশোক বাবু জানালেন, কাঙাল হরিনাথের একটি গান সত্যজিৎ রায় ব্যবহার করেছিলেন তাঁর বিখ্যাত পথের পাঁচালী ছবিতে। কিন্তু গানটি কার সে উল্লেখ ছিল না ছবির পরিচিতি অংশে। পরে এ সম্পর্কে জেনে চিঠি লিখেছিলেন সত্যজিৎ রায়। খুব পরিচিত গান। পথের পাঁচালীর আবহ সংগীতে ঘুরেফিরে ব্যবহূত হয়েছে, আর ইন্দির ঠাকরুনের ভূমিকায় চূনীবালা গেয়েছিলেন গানটি—‘হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার কর আমারে...। বেলা পড়ে আসছিল। ফিরতি পথে রওনা দিয়ে চোখে ভাসছিল পথের পাঁচালীর সেই দৃশ্য, কানে বাজছিল সেই সুর—‘তুমি পারের কর্তা, শুনে বার্তা ডাকি যে তোমারে...।’