কাঙ্ক্ষিত শিক্ষানীতি
জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা ছিল শিক্ষাক্ষেত্রে বছরের অন্যতম আলোচিত ঘটনা। স্বাধীনতার পর প্রায় ৪০ বছরেও একটি শিক্ষানীতি প্রণয়ন করা যায়নি।অবশেষে ডিসেম্বরে জাতীয় সংসদে অনুমোদন পেয়েছে জাতীয় শিক্ষানীতি। এর আগে শিক্ষানীতি প্রণয়নের সময় যতটা বাধা আসত, এবার তার ব্যতিক্রম হয়েছে। এটা ঘিরে মৃদু আপত্তি থাকলেও তা অনেকটা নিরসনও হয়েছে। সব মিলিয়ে বলা যায়, মোটামুটি গ্রহণযোগ্য শিক্ষানীতি এটি।২০০৯ সালের ৭ এপ্রিল জাতীয় শিক্ষানীতি প্রণয়নে কমিটি গঠন করা হয়। এর আগে ২০০০ সালে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময় অধ্যাপক শামসুল হকের নেতৃত্বে প্রণীত শিক্ষানীতির আলোকে একটি সময়োপযোগী ও যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করেছে ওই কমিটি। জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে ১৮ সদস্যের একটি কমিটির প্রচেষ্টার ফসল এই শিক্ষানীতি।শিক্ষানীতির সঙ্গে গড়ে উঠেছে রাজনীতির সম্পর্ক। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আট থেকে নয়টি কমিশন বা কমিটি গঠিত হয়েছে। কিন্তু এর একটিও বাস্তবায়িত হয়নি। ১৯৭২ সালের ২৪ সেপ্টেম্বর বিজ্ঞানী ড. কুদরাত-এ-খুদাকে প্রধান করে স্বাধীন বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন গঠন করা হয়। ১৯৭৪ সালে কমিশন প্রতিবেদন জমা দিলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর ওই প্রতিবেদন বাক্সবন্দী হয়ে পড়ে। এরপর ১৯৭৯ সালে সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান শিক্ষা উপদেষ্টা কাজী জাফরের নেতৃত্বে জাতীয় শিক্ষা উপদেষ্টা কমিটি গঠন করেন। ওই কমিটির প্রতিবেদনও আলোর মুখ দেখেনি। ১৯৮৩ সালে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আবদুল মজিদ খানের নেতৃত্বে শিক্ষানীতি ও ব্যবস্থাপনা কমিশন গঠন করলেও ছাত্র বিক্ষোভের মুখে ওই কমিশন বাতিল হয়। এরপর একে একে কমিশন বা কমিটি হলেও কোনোটির প্রতিবেদন আলোর মুখ দেখেনি। এভাবে স্বাধীনতার পর প্রায় সব সরকারই একটি শিক্ষানীতি প্রণয়নের চেষ্টা করেছে। কিন্তু কেউই সফল হয়নি। বর্তমান সরকারের আশাবাদ এর বাস্তবায়ন সম্ভব হবে। ইতিমধ্যে কিছু উদ্যোগও নেওয়া হয়েছে।জাতীয় শিক্ষানীতির খসড়া থেকে শেষ পর্যন্ত ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে যুক্ত করা হয়েছে ‘অসাম্প্রদায়িক চেতনাবোধ’ শব্দ দুটি। খসড়া শিক্ষানীতির লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দটি উল্লেখ করায় বিভিন্ন ইসলামি দলসহ চারদলীয় জোটের অনুসারীরা প্রশ্ন তুলেছিলেন। এ ছাড়া সাম্প্রতিক সময়ে ধর্মভিত্তিক দলগুলোর কিছু দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার।শিক্ষানীতি বাস্তবায়ন শুরুর অর্থ শিক্ষাব্যবস্থার স্তর ওলটপালট হওয়া। কমিটির সুপারিশ অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা থাকবে না, প্রাথমিক শিক্ষার পরিধি হবে অষ্টম শ্রেণী পর্যন্ত। পঞ্চম শ্রেণী পর্যন্ত চালু থাকা প্রায় ৮০ হাজার প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী চালু করতে অবকাঠামো খাতেই খরচ হবে ৩০ হাজার ৯০০ কোটি টাকা। এ ছাড়া মাধ্যমিক শিক্ষার পুনর্বিন্যাস হবে। শিক্ষার বিভিন্ন স্তর, পাঠ্যবই ও পরীক্ষা পদ্ধতিতেও পরিবর্তন আসবে। প্রাক-প্রাথমিক শিক্ষা চালু ও মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়নের বিধান রাখা হয়েছে। এই নীতিতে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে সমাপনী পরীক্ষার বিধান রয়েছে এবং ইতিমধ্যে তা চালু হয়ে গেছে।