পরিবেশ বিপর্যয়কে পাশ কাটিয়ে উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। তাই দক্ষিণ এশিয়ার দেড় শ কোটি মানুষের ভাগ্য পাল্টে দিতে হলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজ করতে হবে। গতকাল বুধবার ষোড়শ সার্ক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে নেতারা এ কথা বলার পাশাপাশি একবাক্যে স্বীকার করেন, দক্ষিণ এশীয় এই জোট এখনো কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি। তাই সমন্বিতভাবে উদ্যোগ নেওয়ার মাধ্যমে সার্ককে গতিশীল করতে হবে।হিমালয়ের শেষ প্রান্তে অবস্থিত সবুজ পাহাড়ে ঘেরা দেশ ভুটানের রাজধানী থিম্পুতে গতকাল শুরু হয়েছে আট জাতি সার্ক সম্মেলন। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তানের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা এতে যোগ দিয়েছেন। থিম্পুর গ্র্যান্ড অ্যাসেম্বলি হলে দুই দিনের সম্মেলনের প্রথম দিনে দক্ষিণ এশিয়ার নেতারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি রোধ করে উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। ‘সবুজ ও সুখী দক্ষিণ এশিয়ার পথে’ শীর্ষক সম্মেলনের এবারের প্রতিপাদ্যের সঙ্গে মিল রেখে সার্ক নেতারা বেশ কিছু উদ্ভাবনীমূলক প্রস্তাব রেখেছেন।নাশিদের চমক: তবে এবারের শীর্ষ সম্মেলনে প্রথমবারের মতো অংশ নিয়েই সবার নজর কেড়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। জলবায়ু পরিবর্তনে দ্বীপরাষ্ট্রটি যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে, সে ব্যাপারে বিশ্ব সম্প্রদায়ের নজর কাড়তে সমুদ্রের নিচে মন্ত্রিসভার প্রতীকী বৈঠক করে তিনি আলোচিত হয়েছিলেন। গতকাল সম্মেলনে আনুষ্ঠানিকতার রেওয়াজ ভেঙে তিনি উপস্থিত সবাইকে চমকে দেন। উদ্বোধনী অনুষ্ঠানে নেতারা লিখিত ভাষণ দেন এবং তা উপস্থিত সবার মধ্যে বিলি করা হয়। কিন্তু নাশিদ তা করেননি। লিখিত ভাষণ কেন আনেননি, তার ব্যাখ্যায় তিনি বলেন, ‘যে শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য জলবায়ু পরিবর্তন, সেখানে লিখিত বক্তৃতার কপি বিলি করে আমি পরিবেশ নষ্ট করতে চাই না।’জোটের অগ্রগতি না হওয়ায় নাশিদ সার্কের দুই পরাশক্তিকে দায়ী করেন। তিনি বলেন, ‘ভারত ও পাকিস্তানের সহিংসতা আর সংঘাতের কারণে সার্কের কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। আপনারা যুদ্ধ বন্ধ করুন। আমরা নতুন দক্ষিণ এশিয়া দেখতে চাই।’বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দক্ষিণ এশিয়ার ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার জন্য আর্কটিক কাউন্সিলের ধরনে হিমালয়ান কাউন্সিল গঠনের প্রস্তাব রাখেন। এ ছাড়া তিনি ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশে একটি আন্তর্জাতিক অভিযোজন গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠারও প্রস্তাব দিয়েছেন।সার্কের ২৫ বছরের অর্জন সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, ‘আমরা দাবি করতে পারি, অর্ধেক সাফল্য পেয়েছি। পাশাপাশি এ কথাও বলতে পারি, সাফল্য আমাদের ঘরে আসেনি। এ পর্যন্ত অনেক অগ্রগতি থাকলেও এ অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে আরও পথ পাড়ি দিতে হবে।’ তিনি বলেন, অসমাপ্ত কাজগুলো শেষ করতে হলে আঞ্চলিক সহযোগিতা, উন্নয়ন ও ঐক্যের চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে উদ্যোগী হতে হবে।মনমোহন সিং বলেন, ২৫ বছরে উপ-আঞ্চলিক বাণিজ্য, সড়ক ও টেলিযোগাযোগের ক্ষেত্র অনেক বিস্তৃত হয়েছে। তবে এ ক্ষেত্রে পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার তুলনায় দক্ষিণ এশিয়া সাফল্য পায়নি। আঞ্চলিক সহযোগিতার অনেক প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে, কিন্তু তার সঠিক বাস্তবায়ন ঘটানো যায়নি। সহযোগিতার অনেক জানালা খুলেছে। সার্ক উন্নয়ন তহবিল, শস্যভান্ডার, দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি এবং সার্ক বিশ্বাবিদ্যালয় এর মধ্যে অন্যতম উদাহরণ। গত ২৫ বছরে সার্কে নেওয়া বিভিন্ন কর্মসূচি, পরিকল্পনা ও সিদ্ধান্ত বাস্তবায়নই জোটের সামনে বড় চ্যালেঞ্জ।পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও স্থিতিশীলতার আহ্বান জানিয়ে বলেন, এ অঞ্চলের মানুষের কল্যাণ ও সামাজিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার জন্য এটা জরুরি। তিনি বলেন, নানা মতভেদের কারণে অনেক বছর ধরে কাঙ্ক্ষিত অগ্রগতি বলতে গেলে থেমে আছে। এখন প্রতিশ্রুতি হওয়া উচিত, অতীতকে পেছনে ফেলে সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়া।পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ ও আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা উন্নয়নের প্রধান শর্ত। এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সম্প্রীতি নিশ্চিত করতে সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে।সার্কে পর্যবেক্ষকদের উপস্থিতিকে স্বাগত জানিয়ে গিলানি বলেন, সার্ক কার্যকর করতে এসব দেশ ও সংস্থাকে কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়টি খুঁজে বের করতে হবে। ইউসুফ গিলানি দারিদ্র্য বিমোচন, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, স্বাস্থ্য এবং শিক্ষাকে সার্কের অগ্রাধিকার বিষয় হিসেবে উল্লেখ করেন। সন্ত্রাস দমনের বিষয়ে তিনি বলেন, এ অঞ্চলের সন্ত্রাস নির্মূল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।ভুটানের প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলে বলেন, শুধু প্রথমবার আয়োজনের সুযোগ পেয়েছে বলেই নয়, সার্ক প্রতিষ্ঠার রজতজয়ন্তীর বছরে শীর্ষ সম্মেলন আয়োজন করতে পেরে ভুটানের জনগণ গর্বিত। তিনিও মনে করেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোকে ক্ষতিপূরণের দায় বহন করতে হবে। দক্ষিণ এশিয়ার উন্নয়ন নিশ্চিত করার স্বার্থে তাঁর দেশের উন্নয়ন দর্শন সবার জন্য সুখ-সমৃদ্ধি (জিএনএইচ) গ্রহণের প্রস্তাব দেন তিনি।আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই অবশ্যই জলবায়ু পরিবর্তনের চেয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক পাচার ও সংগঠিত অপরাধ মোকাবিলাকে এ অঞ্চলের জন্য বড় হুমকি হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, সন্ত্রাসীরা গত দুই বছরে কাবুল, ইসলামাবাদ, মুম্বাইসহ এ অঞ্চলের বিভিন্ন দেশে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা এ অঞ্চলের স্থিতিশীলতার ক্ষেত্রে বড় হুমকি হয়ে দেখা দিয়েছে।শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে দক্ষিণ এশিয়ার কণ্ঠ উচ্চকিত করার আহ্বান জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত বিশ্বকে ঝুঁকি মোকাবিলার তহবিলের বড় অংশ জোগানোর দায়িত্ব নিতে হবে। তাই আন্তর্জাতিক ফোরামে দক্ষিণ এশিয়ার কণ্ঠ জোরালো হতে হবে।উদ্বোধনী অনুষ্ঠানে নেপালের প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল, সার্ক সচিবালয়ের মহাসচিব শীল কান্ত শর্মা এবং নয় পর্যবেক্ষক যুক্তরাষ্ট্র, চীন, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান, মিয়ানমার, মরিশাস ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বক্তৃতা দেন।অনুষ্ঠানের শুরুতে সার্কের বিদায়ী চেয়ারপারসন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নতুন চেয়ারম্যান ভুটানের প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলের কাছে দায়িত্ব তুলে দেন।এসডিএফের উদ্বোধন: নেতাদের ভাষণ শেষে ভুটানের প্রধানমন্ত্রী সার্ক উন্নয়ন তহবিলের (এসডিএফ) সচিবালয়ের সদর দপ্তর উদ্বোধন করেন। এতে ৩০০ মিলিয়ন ডলারের তহবিল নিয়ে এ অঞ্চলের উন্নয়ন তহবিলের যাত্রা শুরু হলো।যা থাকছে রজতজয়ন্তী ঘোষণায়: সার্ক প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিতে শীর্ষ সম্মেলনের ঘোষণা এবার ‘থিম্পু রজতজয়ন্তী ঘোষণা’ হিসেবে অভিহিত হবে। জলবায়ু পরিবর্তন, গণতন্ত্র, যোগাযোগ, সন্ত্রাসবাদ দমন, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে পদক্ষেপ নেওয়ার বিষয়টি উল্লেখ থাকবে ঘোষণায়। তবে এবারের ঘোষণার উল্লেখযোগ্য দিক হচ্ছে সার্ককে আরও কার্যকর করতে একটি দিকনির্দেশনামূলক বিবৃতি তৈরি। আট জাতি জোটকে এগিয়ে নিতে বিশিষ্ট নাগরিক ও অনাবাসী লোকজনকে নিয়ে দক্ষিণ এশিয়া ফোরাম গঠন করা হবে। এ ফোরামের কাজ হবে সার্কের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসূচির প্রস্তাব করা।জলবায়ু পরিবর্তন বিবৃতি: মূল ঘোষণার পাশাপাশি প্রথমবারের মতো জলবায়ু পরিবর্তন বিষয়ে একটি আলাদা বিবৃতি দেওয়া হচ্ছে এবারের শীর্ষ সম্মেলনে। ১৭ ধারাবিশিষ্ট জলবায়ু পরিবর্তনে থিম্পু বিবৃতিতে সম্মিলিতভাবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। বিবৃতিতে ঢাকা ঘোষণা ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সার্ক কর্মপরিকল্পনা বাস্তবায়ন পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যতে সময়সূচিভিত্তিক বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে। এ ব্যাপারে পদক্ষেপ নিতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে। কমিটি প্রতিবছর দুবার আলোচনায় বসবে। বিবৃতিতে এ অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কতটা, তা যাচাই করতে একটি সমীক্ষা চালাতে সার্ক সচিবালয়কে দায়িত্ব দেওয়া হবে।কানকুনে জলবায়ু পরিবর্তন বিষয়ে অভিন্ন অবস্থান: সার্ক পরিবেশমন্ত্রীদের বৈঠকে চলতি বছরের শেষ দিকে মেক্সিকোর কানকুনে অনুষ্ঠেয় বিশ্ব জলবায়ু সম্মেলনে অভিন্ন অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা পাঁচ বছরের (২০১০-১৫) মধ্যে এ অঞ্চলে বনায়ন ও পুনর্বনায়নের অংশ হিসেবে এক কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নেন।