কাচিনে সংঘর্ষ বন্ধে মিয়ানমার পার্লামেন্টে প্রস্তাব অনুমোদন
কাচিন বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ বন্ধে প্রস্তাব অনুমোদন করেছে মিয়ানমারের পার্লামেন্ট। আজ শুক্রবার এ প্রস্তাব অনুমোদন করা হয়। গত বছর দেশটিতে নির্বাচিত বেসামরিক সরকার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কার-প্রক্রিয়া শুরুর পরও উত্তরাঞ্চলীয় রাজ্য কাচিনের বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনীর সংঘাত চলছিল।বিবিসির খবরে বলা হয়, সাম্প্রতিক সময়ে সেনাসদস্যরা কাচিন বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে আকাশপথেও হামলা শুরু করে। এ ঘটনায় কাচিন ইনডিপেনডেনস অর্গানাইজেশনের (কেআইও) সামরিক শাখা কাচিন ইনডিপেনডেনস আর্মির (কেআইএ) সঙ্গে সেনাবাহিনীর সংঘাত বৃদ্ধি পায়।কাচিনের ইউনিটি অ্যান্ড ডেমোক্রেসি পার্টির পার্লামেন্ট সদস্য দইবু যুদ্ধবিরতি-সংক্রান্ত একটি প্রস্তাব আজ পার্লামেন্টের নিম্নকক্ষে উত্থাপন করেন। স্পিকার শিও মান প্রস্তাবটি ‘হ্যাঁ-না’ ভোটের মাধ্যমে অনুমোদন করেন। ওই প্রস্তাবে যুদ্ধ বন্ধে সেনাবাহিনী ও কাচিন বিদ্রোহীদের মধ্যে দ্রুত সময়ে শান্তি আলোচনা শুরু করার সুপারিশ করা হয়।প্রায় এক বছর আগে সংখ্যালঘু জাতিগত বিদ্রোহীদের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান থেকে সরে আসতে থেইন সেইনের সরকার সেনাবাহিনীকে আদেশ দেয়। কিন্তু কাচিন বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের বিষয়টিতে এর কোনো প্রভাব লক্ষ করা যায়নি।