ছোট বিভিন্ন দলকে কাছে টানতে আওয়ামী লীগের নেওয়া উদ্যোগে ভাটা পড়েছে। সংশ্লিষ্ট দলীয় সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।আর ধর্মভিত্তিক বিভিন্ন দলের সঙ্গে আলোচনার চেষ্টায়ও সফল হয়নি ক্ষমতাসীন দলটি। এসব দলের সঙ্গে আলোচনার আরেক দফা উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ।বিরোধী দল বিএনপি জোট সম্প্রসারণের উদ্যোগ নিলে গত মাসের মাঝামাঝি আওয়ামী লীগও ছোট দলগুলোকে কাছে টানতে তৎপরতা শুরু করে। তখন আবদুল কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ, এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ ও কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিসহ (এলডিপি) ছোট দলগুলোর সঙ্গে বৈঠকও করেন আওয়ামী লীগের নেতারা।এই দলগুলো বিএনপির পক্ষ থেকেও ঐক্যের ডাক পেয়েছিল। এর মধ্যে এলডিপি বিএনপির সঙ্গে চলে গেছে। দলটির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছি।’কৃষক শ্রমিক জনতা লীগ, বিকল্পধারা বাংলাদেশ, আ স ম রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এখনো সিদ্ধান্ত নেয়নি।জানতে চাইলে বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কোনো জোটে সম্পৃক্ত হওয়ার বিষয়ে আমার সঙ্গে কারও কথা হয়নি। শুধু ইফতারের দাওয়াতে গিয়েছি।’ বদরুদ্দোজা চৌধুরী সম্প্রতি বিএনপি-আওয়ামী লীগ উভয় দলের ইফতারে অংশ নিয়েছেন।কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী অবশ্য স্পষ্ট করে কিছু বলেননি। তিনি প্রথম আলোকে বলেন, এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার এখনো সময় হয়নি।ছোট এসব দলের সঙ্গে ঐক্য গড়ার বিষয়টি কতটা এগিয়েছে— জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, ‘মহাজোটের বাইরে কোনো দলকে জোটে আনার ব্যাপারে দলীয় কোনো সিদ্ধান্তের বিষয়ে আমি অবগত নই।’সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের একাধিক নেতা গত মাসে বিভিন্ন দলের নেতাদের বাসায় গিয়েছিলেন। এ কথা স্মরণ করিয়ে দিলে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘এ বিষয়ে কাদের ভাই বলতে পারবেন। হাইকমান্ড হয়তো উনাকে দায়িত্ব দিয়েছে।’জানতে চাইলে ওবায়দুল কাদের তাঁর নেওয়া ওই উদ্যোগকে ‘অনানুষ্ঠানিক মতবিনিময়’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘কিছু কিছু জায়গায় অভিন্ন ক্ষেত্রে কাজ করা যায় কি না, সে বিষয়ে আমরা কয়েকটি দলের সঙ্গে মতবিনিময় করেছি। এর অর্থ এই নয় যে তারা জোটে যোগ দিয়েছে। এটা রাজনীতিতে শত্রুতা কমানোর একটা উদ্যোগ।’সাড়া দেয়নি ধর্মভিত্তিক দলগুলো: দলীয় সূত্রগুলো জানায়, সরকারি দলের উদ্যোগে সাড়া দেয়নি ধর্মভিত্তিক দলগুলোও। সম্মিলিত ইসলামি ও সমমনা ১১ দলের অন্যতম নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির আবদুর রব ইউসুফী প্রথম আলোকে বলেন, ‘সরকারের আলোচনার প্রস্তাবে কোনো অগ্রগতি নেই। এ নিয়ে আমরা ভাবছিও না।’সূত্র জানায়, খেলাফত মজলিসের কয়েক নেতাকে গত শনিবার গণভবনে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর ইফতারে আমন্ত্রণ জানানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো আমন্ত্রণপত্র পান মাওলানা ইউসুফীও। কিন্তু তাঁরা কেউই ইফতারে অংশ নেননি।গত মাসের শেষ দিকে সরকারের পক্ষ থেকে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্য আন্দোলন, বাংলাদেশ ইসলামিক পার্টি ও কয়েকটি সংগঠনের মোর্চা সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদসহ বিভিন্ন ধর্মভিত্তিক দলকে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়। পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক কর্মকর্তা ও মহাজোটের শরিক বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরীর মাধ্যমে এ প্রস্তাব দেওয়া হয়েছিল।জানতে চাইলে মিছবাহুর রহমান গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে নতুন করে কোনো অগ্রগতি নেই। তিনি বলেন, গত শনিবার গণভবনে ইফতার অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সংক্ষিপ্ত কথা হয়েছে। তাঁকে প্রধানমন্ত্রী ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে বলেছেন।আওয়ামী লীগের পক্ষ থেকে বৈঠকে বসতে দুবার প্রস্তাব পেয়েছিল ইসলামী আন্দোলন। দলটির মহাসচিব ইউনূছ আহমাদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের সাড়া না পেয়ে সরকারপক্ষ হয়তো হতাশ হয়েছে। এ জন্য উদ্যোগ থেমে গেছে।’খেলাফত আন্দোলনও আওয়ামী লীগের সঙ্গে আলোচনায় বসতে রাজি নয়। দলটির মহাসচিব জাফরুল্লাহ খান বলেন, ‘রোজার পর বিশিষ্ট আলেমদের নিয়ে ঢাকায় বড় আকারে সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছি। সেখান থেকে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।’‘আলোচনার প্রস্তাব নিয়ে আর কোনো খবর নেই’ বলে জানান সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের যুগ্ম মহাসচিব খলিলুর রহমান মাদানী।অবশ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ প্রথম আলোকে বলেছেন, তিনি দেশের বিশিষ্ট আলেম ও ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে আবার পৃথক আলোচনার উদ্যোগ নেবেন। এ নিয়ে সম্প্রতি দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘কিছু ধর্মীয় বিষয়ে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। বিশিষ্ট আলেমদের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে। এ বিষয়ে জামায়াতে ইসলামী ছাড়া অন্য দলের সঙ্গে আমরা কথা বলব।’