জন্ম, মৃত্যু, নাগরিক সনদ, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন ধরনের সেবা নিতে গিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকার বাসিন্দাদের ভোগান্তি বেড়েছে। দেড় বছর ধরে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকা এবং সেবা গ্রহণের সুবিধা সংকুচিত হওয়ায় মানুষ সমস্যায় পড়ছে।মিরপুর, পল্লবী, রূপনগর, ভাষানটেক, দোয়ারীপাড়া, দামালকোট, মানিকদী, বালুঘাট, চিড়িয়াখানা, আলবদী, লালসরাই, বানরটেক ও বাইগারটেক এলাকা ঢাকা উত্তর সিটি করপোশেনের অঞ্চল-২-এর অধীন। আগে এসব এলাকায় আটজন নির্বাচিত জনপ্রতিনিধি (ওয়ার্ড কাউন্সিলর) দায়িত্ব পালন করতেন। ফলে সহজেই মানুষ সেবা প্রদানকারী সংস্থার কাছে যেতে পারতেন। কিন্তু ঢাকা উত্তর সিটি করপোরেশন গঠনের পর থেকে ওই এলাকার বাসিন্দাদের মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম-সংলগ্ন অঞ্চল-২-এর কার্যালয়ে যেতে হয় সেবা নিতে।৩৬টি ওয়ার্ড নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকা। আগে ৩৬ জন ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকে মানুষ সেবা পেত। এখন এসব ওয়ার্ডের মানুষকে মাত্র পাঁচটি আঞ্চলিক কার্যালয় (কারওয়ান বাজার, গুলশান, উত্তরা ও মিরপুরে দুটি) থেকে সেবা নিতে হচ্ছে। ফলে যাতায়াত সমস্যাসহ সেবাগ্রহীতারা বিভিন্ন ভোগান্তির শিকার হচ্ছেন।এ প্রসঙ্গে অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অমর চান বণিক প্রথম আলোকে বলেন, ‘আগে ওই অঞ্চলে আটজন ওয়ার্ড কাউন্সিলর সেবা দিতেন। আর এখন আমাকে একাই আটজনের কাজ করতে হচ্ছে। এ জন্য চাপ পড়ছে। সেবা নিতে এসে মানুষ যাতে দুর্ভোগে না পড়েন সে জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।’তবে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, নাগরিক সনদসহ বিভিন্ন কাজে কার্যালয়ে সেবা নিতে গেলে তাঁরা হয়রানির শিকার হন। অনেক ক্ষেত্রে অর্থের বিনিময়েও কাজ আদায় করতে হয়। এ প্রসঙ্গে অমর চান বণিক বলেন, অনিয়ম ও আর্থিক লেনদেনের সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। সেবা নিতে গিয়ে মানুষের ভোগান্তি প্রসঙ্গে কাফরুল এলাকার (১৬ নং ওয়ার্ড) সাবেক ওয়ার্ড কাউন্সিলর মাহমুদা বেগম প্রথম আলোকে বলেন, যেসব সংস্থা নির্বাচিত জনপ্রতিনিধি দিয়ে চলে সেখানে অনির্বাচিত লোকদের দিয়ে চালালে পুরোমাত্রায় সেবা পাওয়া সম্ভব না। এ জন্য ঢাকাবাসী চায় দ্রুত নির্বাচন হয়ে নির্বাচিত প্রতিনিধি আসুক।উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহমুদ রেজা খান প্রথম আলোকে বলেন, সেবা কমে গেছে এটা ঠিক নয়। পাঁচটি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে সেবা প্রদান অব্যাহত আছে। সেবা কার্যক্রম আরও বেগমান করা হবে। উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তাদের ভাষ্য, নির্বাচন না হওয়ায় করপোরেশনের প্রশাসক হয়ে যিনি আসেন তিনি কিছু বুঝে ওঠার আগেই বিদায় নেন। কারণ আইন অনুযায়ী প্রশাসকদের মেয়াদ মাত্র ১৮০ দিন। এ জন্য তাঁরা রুটিন কাজের মধ্যে সীমাবদ্ধ থাকেন। ফলে বড় ধরনের কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে না। ঢাকা উত্তর ও দক্ষিণের বর্তমান দুই প্রশাসকের মেয়াদ শেষ হবে ৩০ মে।স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সূত্র বলছে, শিগগিরই দুই সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করা হবে। এটি হলে চতুর্থ দফায় প্রশাসক পরিবর্তন হবে। উল্লেখ্য, ২০১১ সালের ডিসেম্বরে ঢাকা সিটি করপোরেশনকে ভাগ করে উত্তর ও দক্ষিণ নামে পৃথক দুটি করপোরেশন করা হয়। রাস্তাঘাটের চিত্র: উত্তর সিটি করপোশেনের আওতাধীন মিরপুর এলাকার বেশির ভাগ রাস্তা গত এক বছরেও সংস্কার হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। সরেজমিনে দেখা গেছে, মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ নম্বর পর্যন্ত যাওয়ার প্রধান সড়কটির বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গত কয়েক দিনের বৃষ্টিতে এই রাস্তার অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। সড়কটির সংস্কার না হওয়ার বিষয়ে উত্তর সিটি করপোরেশনের একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন, এই রাস্তার দরপত্র নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা ছিল। তাই সংস্কারকাজ হয়নি। শেওড়া পাড়া বাসস্ট্যান্ড থেকে পীরেরবাগের দিকে যাওয়ার রাস্তার বিভিন্ন অংশে পিচ উঠে গেছে। এই রাস্তাটির সংস্কার শুরু হলেও ধীরগতিতে কাজ হচ্ছে। রাজস্ব আদায়ে ধীরগতি: চলতি অর্থবছরে উত্তর সিটি করপোরেশনে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ২৮৮ কোটি টাকা (মামলাভুক্ত বিষয় ছাড়া)। এর মধ্যে মার্চ মাস পর্যন্ত আদায় হয়েছে ১২৩ কোটি টাকা। তবে রাজস্ব আদায়ে ধীরগতির বিষয়টি মানতে নারাজ উত্তর সিটি করপোশেনের প্রধান রাজস্ব কর্মকর্তা গোলাম মোস্তফা খান। তিনি বলেন, চলতি অর্থ বছরের (জুন, ২০১২-জুন, ২০১৩) মার্চ পর্যন্ত ৫৭ দশমিক ১১ শতাংশ রাজস্ব আদায় হয়েছে।প্রধান কার্যালয়ের স্থায়ী ঠিকানা হয়নি: ঢাকা সিটি করপোরেশন ভাগ হওয়ার দেড় বছর পরও উত্তর সিটি করপোরেশনের স্থায়ী প্রধান কার্যালয় হয়নি। অস্থায়ীভাবে ৮১ গুলশান এভিনিউয়ের একটি দ্বিতল ভবন এবং বনানী কমিউনিটি সেন্টারে (কাঁচাবাজারের ওপরে) প্রধান কার্যালয় স্থাপন করা হলেও স্থানসংকুলান হচ্ছে না।গুলশান কার্যালয়ে গিয়ে দেখা যায়, ভবনের নিচ তলায় ছোট একটি কক্ষে প্রধান প্রকৌশলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা একসঙ্গে অফিস করছেন। দোতলায় প্রশাসকের কার্যালয়। অন্য কর্মকর্তা-কর্মচারীদেরও বিভিন্ন কক্ষে গাদাগাদি করে বসতে হচ্ছে। নিচ তলায় ‘হেল্প ডেস্ক’ থাকলেও সেখানে পরামর্শ ও সহযোগিতার জন্য কোনো কর্মকর্তাকে পাওয়া যায় না বলে অভিযোগ রয়েছে। উত্তর সিটি করপোশেনের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, বনানী ও গুলশান কার্যালয়ে ফাইল নিয়ে আসতে-যেতেই সময় চলে যায়। ওই কর্মকর্তা বলেন, নিজেরাই যদি ঠিকমতো বসতে না পারি তাহলে অন্যের কাজ করব কীভাবে?করপোরেশনের আরেকজন কর্মকর্তা জানান, প্রধান কার্যালয় করার জন্য তিনটি জায়গা নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে কুড়িলের একটি জায়গায় প্রধান কার্যালয় হওয়ার সম্ভাবনা বেশি।উত্তরের প্রধান কার্যালয়ে বর্তমানে প্রায় ৩০০ কর্মকর্তা আছেন। কিন্তু তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ জন্য নতুন একটি সাংগঠনিক কাঠামোর প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। উত্তর সিটি করপোশেনের সচিব মো. আবু ছাইদ শেখ জানান, প্রস্তাবিত সাংগঠনিক কাঠামোতে প্রধান কার্যালয়ের জন্য ৯৭৩ জন এবং আঞ্চলিক কার্যালয়ের জন্য ৮৮৫ জন জনবল প্রস্তাব করা হয়েছে।