কাজ অনেক, বেতন কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামে কোন পরিবারে শিশুর জন্ম হলো হিসাব রাখো। মারাই বা গেল কে? চুরি-ডাকাতি-ছিনতাই-রাহাজানি হলে সবার আগে পড়ে ডাক। স্থানীয় ইউপি সদস্যকে জানানো, ইউপি চেয়ারম্যানকে খবর দেওয়া ও থানায় গিয়ে বাদী হওয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সপ্তাহে এক দিন হাজিরা দাও, ভিজিএফ, ভিজিডি কার্ড বিতরণ হবে, কাছে গিয়ে দাঁড়িয়ে থাকো, গ্রাম-মহল্লায় ঘুরে ঘুরে ইউনিয়ন পরিষদের যাবতীয় নোটিশ পৌঁছে দাও। শুধু কাজ, কাজ আর কাজ। কোনো কাজে ফাঁকি দেওয়া যাবে না। সবচেয়ে সমস্যা হয় গ্রামে চুরি-ডাকতি হলে। জেরার পর জেরা। থানার দারোগাবাবু তুষ্ট হলে বাদী হও, অতুষ্টিতে মাজায় দড়ি।সব মিলিয়ে এই হলো তাদের জীবন। কেউ তাদের বলে গ্রামপুলিশ, কেউবা বলে চৌকিদার। যে নামেই ডাকা হোক না কেন, কাজ ওই একই এবং বেতন মাস গেলে এক হাজার ৪০০ টাকা।ফরিদপুর সদরের চরমাধবদিয়া ইউনিয়নের গ্রামপুলিশ সাকেলা খাতুন বলেন, ‘মাসে যে টাকা পাই, তা দিয়া পেট চলে না। স্বামী আবুল হোসেন মারা গেছে চার বছর আগে। রোজগাইরা আমি একা। সংসারে আটজন মানুষ। বাঁচি কেমনে?’ বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আবদুল গফ্ফার বলেন, ‘যদি আমরা চতুর্থ শ্রেণীর কর্মচারীর মর্যাদা পাইতাম, তাহলে একপ্রকার চলতে পারতাম। মাস যে আর চলে না। মা-বাবা, স্ত্রী-সন্তানসহ সাতজনের সংসার। কীভাবে বাঁচব?’ একই দাবি জেলার গ্রামপুলিশ দলের সব সদস্যের।ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি এ এইচ এম রাফেদ জানান, প্রতি থানায় ২৫ জনের ওপর পুলিশ থাকে না। কিন্তু প্রতি গ্রামের প্রতি ইউনিটে ১০ জন করে গ্রামপুলিশ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে। অথচ সরকার তাদের দিকে নজর দেয় না। যে টাকা বেতন দেওয়া হয়, তার মধ্যে সরকার দেয় ৭০০ টাকা। বাকি ৭০০ টাকা দেওয়া হয় ইউনিয়ন পরিষদের অফিস থেকে। সেখানেও নানা সমস্যা। কথায় কথায় কৈফিয়ত দিতে হয়।গত ২৭ ডিসেম্বর আট দফা দাবির সমর্থনে মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়নের ফরিদপুর জেলা শাখা। ওই দিন সকালে ফরিদপুর শহরের আলীপুর মোড় থেকে প্রায় পাঁচ শতাধিক গ্রামপুলিশ তাদের দাবির সমর্থনে মিছিল বের করে। আট দফা দাবির মধ্যে রয়েছে—গ্রামপুলিশদের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সমস্কেলে বেতন দিতে হবে, অবসরকালীন ভাতা দফাদারদের ক্ষেত্রে ৬০ হাজার ও মহলাদারদের ক্ষেত্রে ৫০ হাজার টাকার ঘোষণা বাস্তবায়ন করতে হবে, প্রশিক্ষণের ব্যবস্থা করা, গ্রামপুলিশ বিধিমালা ২০০৭ বাংলায় রূপান্তর করে দ্রুত বাস্তবায়ন করা, রেশনিং ব্যবস্থা চালু করা, প্রশিক্ষণ একাডেমি স্থাপন করা, ইউনিয়নে বসার কক্ষ দেওয়া এবং থানায় হাজিরাকালে বসার জন্য বিশ্রামাগার নির্মাণ করা।ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, ‘গ্রামপুলিশদের দাবি যুক্তিসংগত। তারা দিনরাত পরিশ্রম করেন। কিন্তু বিনিময়ে যা পান, তা দিয়ে দুইজনের সংসারও চালানো সম্ভব নয়। এ ব্যাপারে সরকারসহ বেসরকারি প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা প্রয়োজন।’