কাজ করতে পারেন ব্র্যাকের সঙ্গে
১৯৭২ সাল থেকে ব্র্যাক বাংলাদেশে উন্নয়ন সংগঠন হিসেবে দারিদ্র্য বিমোচনে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত কর্মী, স্বেচ্ছাসেবক ও শিক্ষানবিশ বা ইন্টার্ন নিয়োগ করে থাকে। যাঁরা লেখাপড়া করছেন এবং ভবিষ্যতে উন্নয়ন বিষয়ে কাজ করার ইচ্ছা আছে, তাঁদের জন্য সময় এসেছে এই সুযোগ লুফে নেওয়ার। তাঁরা ইচ্ছা করলেই পড়াশোনার ফাঁকে কাজ করতে পারেন ব্র্যাকের ইন্টার্ন হিসেবে। বর্তমান সময়ে ব্র্যাক বাংলাদেশে দারিদ্র্য বিমোচন থেকে শুরু করে শিক্ষা, মানবাধিকার, স্বাস্থ্যসেবা, কৃষি, পরিবেশসহ নানা বিষয়ে কাজ করেছে। ‘একজন ইন্টার্ন যে বিষয়ে কাজ করতে চান, তাঁকে সেই বিষয়েই কাজ করার সুযোগ আমরা দিয়ে থাকি।’ বলেন ব্র্যাকের জ্যেষ্ঠ যোগাযোগ কর্মকর্তা আশনা চৌধুরী।প্রতিবছরই অনেক আগ্রহী প্রার্থী ব্র্যাকের কার্যক্রম সম্পর্কে জানার ইচ্ছায় এ শিক্ষানবিশির জন্য আবেদন করেন। এই প্রোগ্রাম শুধু ব্র্যাক বাংলাদেশের কার্যক্রমের সঙ্গে চালু আছে। যদি কেউ এই ইন্টার্নশিপে কাজ করে থাকেন, তিনি স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন বলে দাবি করেন আশনা চৌধুরী। তা ছাড়া পড়াশোনার পাশাপাশি কাজের অভিজ্ঞতাও হবে তাঁদের।ব্র্যাকের ইন্টার্নশিপের জন্য প্রার্থীদের ব্র্যাক থেকে কোনো টাকা দেওয়া হয় না। তা ছাড়া প্রার্থীকেই তাঁর প্রয়োজনীয় খরচ বহন করতে হয়। আর তাঁকে অবশ্যই ঢাকার বাইরে কাজ করার মানসিকতা থাকতে হবে।একজন স্নাতক পর্যায়ের শিক্ষার্থীর দ্বিতীয় বর্ষ সমপর্যায়ের বা ৬০ ক্রেডিটের শিক্ষা শেষ করতে হবে। যাঁরা এখনো আন্ডার গ্র্যাজুয়েট বা গ্রাজুয়েট পর্যায়ে লেখাপড়া করছেন, তাঁদের ফল ৪-এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। তাঁদের বাংলা ও ইংরেজিতে অবশ্যই ভালো দক্ষতা থাকতে হবে। আশনা চৌধুরী বলেন, এই ইন্টার্নশিপে তাঁদেরই আসা উচিত, যাঁরা এই ক্ষেত্রে পেশা গড়তে চান।এই ইন্টার্নশিপের আওতায় প্রার্থীদের একটি প্রতিবেদন তৈরি করতে হবে। এই প্রতিষ্ঠানে তাঁদের পর্যবেক্ষণের ওপর একটি উপস্থাপনা দিতে হবে। একজন ইন্টার্ন তাঁর ইন্টার্নশিপ চলাকালীন ব্র্যাকের প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় ও ব্র্যাকের বিভিন্ন প্রকাশনা সম্পর্কে জানবেন এবং তাঁদের এগুলোর ওপরই ওই প্রতিবেদন তৈরি করতে হবে।ব্র্যাকের ইন্টার্নশিপ চলে ছয় থেকে ১২ সপ্তাহের জন্য। সব ইন্টার্নকে গবেষণা, প্রশাসনিক সহযোগিতা, অনুষ্ঠান ব্যবস্থাপনা, নিউজ লেটার তৈরি, আলোকচিত্রীসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ দেওয়া হবে। যে ইন্টার্ন যে বিভাগে কাজ করবেন, তাঁকে সেই বিভাগের সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করতে হবে।উইন্টার, স্প্রিং, সামার ও ফল—এই চারটি সেমিস্টারে বিভিন্ন সেশনে ব্র্যাক তার ইন্টার্নশিপ প্রোগ্রাম পরিচালনা করে থাকে। এ বিষয়ে আশনা চৌধুরী বলেন, ‘আমাদের (ব্র্যাক) ওয়েবসাইটে ইন্টার্নশিপ শিডিউল বিস্তারিত দেওয়া আছে। সময় অনুযায়ী আবেদন করতে হবে। বিভিন্ন বিষয়ের পরিপ্রেক্ষিতে এই সময়ের পরিবর্তন আমরা করতে পারি।’ইন্টার্নশিপ সেশন শুরু হওয়ার ন্যূনতম এক মাস আগে প্রার্থীদের আবেদন করতে হবে। ইন্টার্ন নির্বাচন করা হয় মেধা ও প্রাতিষ্ঠানিক ফলাফলের ভিত্তিতে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীর কোনো প্রশংসাপত্র বা সুপারিশপত্র পাঠানো ঠিক না বলে জানান আশনা চৌধুরী। ইন্টার্নশিপের আবেদনের জন্য প্রার্থীদের ব্র্যাকের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। আবেদনপত্র ডাউনলোডের ঠিকানা www.brac.net/sites/default/files/Internship Application Form.doc।আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে প্রার্থী তাঁর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও এক কপি ডিজিটাল ছবি এবং সঙ্গে পূরণকৃত আবেদনপত্র ই-মেইল করতে হবে। ই-মেইলের ঠিকানা [email protected]। আশনা চৌধুরী বলেন, ‘আমরা আবেদনপত্র গ্রহণের পর প্রার্থীরা যে বিভাগে কাজ করতে ইচ্ছুক তাঁদের আবেদনগুলো সেই বিভাগে পাঠিয়ে দিই। আবেদনপত্রগুলো সঠিকভাবে পর্যবেক্ষণের পর আমাদের জানানো হয়। এরপর আমরা নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্র পাওয়ার তিন সপ্তাহের মধ্যে তাঁদের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দিই।’যোগাযেগা: ইন্টার্নশিপ, ব্র্যাক কমিউনিকেশন, ৭৫ মহাখালী, ঢাকা। ফোন: ৮৮২৪১৮০/২১৫৯, ই-মেইল: [email protected]।