কাজ খোঁজার নতুন জায়গা
সকাল আটটা—অফিসে যাচ্ছি। দুপুর দুইটা—লাঞ্চ করছি। সন্ধ্যা ছয়টা—বাসায় ফিরছি। রাত আটটা—পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি। রাত ১১টা—শুভরাত্রি, ঘুমাতে যাচ্ছি। বন্ধুদের এমন হাজারো খবর দিচ্ছে ফেসবুক আর টুইটার। হাত বাড়ালেই হাজারো সামাজিক যোগাযোগের সাইট ইন্টারনেটে। দুই ঘণ্টা, তিন ঘণ্টা, চার ঘণ্টা। দিনের এটুকু সময় তো পুরোনো বন্ধুদের খোঁজা আর স্রেফ আড্ডাতেই চলে যায়। সামাজিক যোগাযোগের সব সাইটের মধ্যে ফেসবুক আর টুইটারই এগিয়ে আছে। এখন এসব সাইট শুধু যোগাযোগ রক্ষার জন্য নয়, সময় কাটানোর জন্যও জনপ্রিয় মাধ্যমে পরিণত হয়েছে। তবে এ নতুন চমক এবার অন্য জায়গায়। ফেসবুক ও টুইটার ব্যবহারকারীরা একটু সচেতন হলেই এখন এতে পেয়ে যেতে পারেন চাকরি, ব্যবসা বা অন্য কোনো কাজের খোঁজ।নতুন এক জায়গাপাশ্চাত্যে বিষয়টি এখন অনেকটাই প্রতিষ্ঠিত। বাংলাদেশে ফেসবুক তো তুমুল জনপ্রিয়। টুইটারের ব্যবহারকারীও কম নয়। সামাজিক যোগাযোগের সাইটগুলোকে ‘কাজের কাজি’ করে তোলার ব্যাপারটিও দেখা যাচ্ছে ইদানীং। শামীম আহমেদের (ছদ্মনাম) পেশাগত কাজ পাওয়ার কৃতিত্ব অনেকাংশে ফেসবুকেরই। পেশায় আলোকচিত্রী তিনি। নিজের তোলা ছবিগুলো রেখে দেন ফেসবুকে। পাশাপাশি ফেসবুকে থাকা প্রিয় মানুষদের প্রোফাইল পৃষ্ঠায়জুড়ে দেন (ট্যাগ) ছবিগুলো। এভাবেই বেসরকারি প্রতিষ্ঠানের একজন কর্মকর্তার চোখে পড়ে যায় ছবিগুলো। ফেসবুকের কল্যাণেই যোগাযোগ, অতঃপর সাক্ষাৎকার এবং পেয়ে যান কাজ করার সুযোগ।‘সামাজিক যোগাযোগের জন্য যেসব সাইট আছে সেগুলো একেকটা লাগসই মাধ্যম। এগুলোকে ভালোভাবে ব্যবহার করতে পারলে ব্যবসায়িক যোগাযোগও সম্ভব’—জানান করপোরেট কোচের চিফ কনসালট্যান্ট যিশু তরফদার। তবে তাঁর মতে পেশাজীবীদের জন্য সবচেয়ে উপযুক্ত সাইটটি হলো লিংকড-ইন (www.linkedin.com)। বললেন, এই সাইটে দেওয়া তথ্যগুলো অনেকটা জীবনবৃত্তান্তের মতো কাজ করে। কে কী চাইছে, সব ধারণা এখান থেকে পাওয়া যায়। এটি এখন আন্তর্জাতিকভাবেই স্বীকৃত। এর মাধ্যমে দেশে থেকে বিদেশেও চাকরি পাওয়া যায়। সে ক্ষেত্রে লিংকড-ইনের প্রোফাইলটি বেশ ভালোভাবে তৈরি করতে হবে। পেশাগত সম্পর্ক প্রতিষ্ঠায় চ্যাটিং, খুনসুটি করা আর খোঁজখবর নেওয়া—এই তো কাজ এসব জায়গায়। অনেকের আবার সারা দিনে একবার অনলাইনে না গেলে দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। তবে চাইলেই এসবের পাশাপাশি পেশাগত ও কাজের সম্পর্কটি গড়ে তুলতে পারেন। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম বলেন, অন্যান্য দেশের সামাজিক যোগাযোগের সাইটগুলোর মাধ্যমে চাকরি পাওয়ার প্রক্রিয়াটি বাংলাদেশে এখনো ততটা জনপ্রিয় হয়নি। তবে কিছু হয়তো হচ্ছে। ফেসবুকে পেশাগত গ্রুপ আছে। সেখানে সদস্য হওয়ার মাধ্যমে যোগাযোগ তৈরি হতে পারে। একজন চাকরিপ্রার্থীর মানসিকতা এবং তার সম্পর্কে জানার জন্য সাক্ষাৎকার নেওয়া হয়। তবে এতে অনেক সময় সামনে বসা মানুষটি সম্পর্কে অনেক বিষয়ই অজানা থাকে। কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা ফেসবুক ও টুইটারে চাকরিপ্রার্থীর এবং সদ্য চাকরিতে ঢোকা কর্মচারীর সাধারণ আচরণ, তার জানার আগ্রহ, অপছন্দের বিষয় জানতে পারেন। যেটা একটা জীনবৃত্তান্ত দেখে কিংবা অল্প কিছুক্ষণের সাক্ষাৎকারে জানা সম্ভব নয়। অনেক দেশে এটি এখন সাধারণ একটি পদ্ধতি।ব্র্যান্ডিং করার মাধ্যমপ্রতিটি মানুষেরই কিছু গুণ থাকে। কারওটা বেশি প্রচার পায়, কারওটা কম। সামাজিক এ সাইটগুলো বিনা খরচে নিজের গুণাবলি বা প্রতিষ্ঠানের পরিচিতি তুলে ধরার ভালো এক জায়গা। এক অর্থে ‘ব্র্যান্ডিং’ এখানে ভালোই হয়। রান্না করতে ভালোবাসেন এমন অনেকে নিজের রান্নার ছবি তুলে দিচ্ছেন। সুন্দর করে মেহেদি পরাতে কজন পারেন? যাঁরা পারেন, ছবি দিয়ে দিচ্ছেন। প্রশংসার পাশাপাশি মেহেদি পরিয়ে দেওয়ার জন্য অনুরোধও আসতে পারে। এর মাধ্যমে আয়ও করা যায়। শরিফুল ইসলামের মতে, ‘সামাজিক যোগাযোগের এ জায়গাগুলো খুবই শক্তিশালী। এখানে অনেক ধরনের তথ্য দেওয়া যায়। ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়েরই অ্যাকাউন্ট থাকে এখানে। যার মাধ্যমে সহজেই ব্র্যান্ডিং করা যায়। ব্যবসার খাতিরে...‘কম্পিউটারটি নষ্ট হয়ে পড়ে আছে প্রায় এক বছর হয়ে গেল। ঠিক করাব করাব করেও করানো হচ্ছিল না। অবশেষে ফেসবুকে ছবি দেওয়ার জন্যই কম্পিউটারটি সারানো হলো।’ বলছিলেন মণিদীপা দাশগুপ্তা। পেশায় তিনি একজন ফ্যাশন ডিজাইনার। শুধু ফেসবুকের মাধ্যমেই নিজস্ব বুটিক আনস্টিচের প্রচার করে পাচ্ছেন সফলতা। বুটিকের শুরুটা হয়েছিল ২০০৭ সালের দিকে। এর আগে তিনি ড্রেসিডেলে ডিজাইনার হিসেবে কাজ করতেন। সন্তান হওয়ার কারণে চাকরিটি ছেড়ে দেন। এরপর মায়ের উৎসাহে বাসাতেই ছোট্ট পরিসরে বুটিকের কাজ শুরু করেন। ২০১০ সালের জুন মাসে বুটিকের কিছু পোশাকের ছবি ফেসবুকে রাখেন মণিদীপা। এরপর স্বামীর পরামর্শে ডিসেম্বরের দিকে এক বন্ধুকে ট্যাগ করে দেন। ব্যস, সেই শুরু। ‘আমার বন্ধুসংখ্যা ছিল ২৫০। ছবিগুলো দেখে এই তিন-চার মাসে আমাকে বন্ধু হওয়ার জন্য অনুরোধ পাঠিয়েছেন ৩০০ জন। প্রত্যেকেই এখন আমার গ্রাহক।’নিজের কাজের ব্র্যান্ডিং এভাবেই করেছেন মণিদীপা। এতে তিনি ইতিবাচক সাড়াও পেয়েছেন। শুধু দেশেই নয়, ফেসবুকের মাধ্যমে দেশের বাইরেও পোশাক পাঠিয়ে আয় করছেন তিনি। ‘অনেকেরই এমন প্রতিভা আছে। কাজ হয়তো ঠিকই করছেন, কিন্তু প্রচারের সুযোগ পাচ্ছেন না তেমন। সামাজিক যোগাযোগের এই ওয়েবসাইটগুলো এ ক্ষেত্রে অনেক শক্তিশালী ভূমিকা রাখে। এর মাধ্যমে বিনা পয়সায় যে কেউ তার প্রতিষ্ঠানের প্রচার করতে পারেন।’ বলেন মণিদীপা।সুনজরে পড়ার উপায়অনেক দেশেই ফেসবুক, টুইটার ও লিংকড-ইনকে চাকরি পাওয়ার দ্বিতীয় মাধ্যম হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বাংলাদেশেও তার প্রভাব লক্ষ করা যাচ্ছে। তবে এটি পুরোপুরি নির্ভর করবে আপনি কীভাবে আপনার প্রোফাইলটি ব্যবহার করছেন তার ওপর। অনেকেই একটু রংচঙে চমকদার নাম দেন ‘ইউজার নেম’ হিসেবে। বন্ধুদের সঙ্গে হয়তো এটি করা চলে।কিন্তু পেশাগত ক্ষেত্রে ব্যবহার করার জন্য ভালো দিক নাও হতে পারে। এ ক্ষেত্রে আপনার একটি আলাদা অ্যাকাউন্ট করা যায়, যেটা আপনার পেশাগত দিকটি তুলে ধরবে। যিশু তরফদার বলেন, নিজের দিকটি তুলে ধরা যায় এখানে অনেকভাবেই। ওয়েবসাইট অপশনে নিজের জীবনবৃত্তান্ত রেখে দিতে পারেন। কোনো ব্লগে লেখালেখি করলে সেটার ঠিকানা বা লিংক দিয়ে রাখা যায়। আপনার কোনো ওয়েবসাইট থাকলে সেটিও রাখতে পারেন। এতে সবাই আপনার কাজ এবং আপনার সম্পর্কে জানবে। ফেসবুক, টুইটারে মাঝেমধ্যেই বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের বিজ্ঞপ্তি দেখা যায়। এ লিংকগুলোর মাধ্যমে গেলেও পেয়ে যেতে পারেন চাকরির খবর। শরিফুল ইসলাম বলেন, ‘নিজেকে যে চাকরির বাজারে উপস্থাপন করতে চাই, সেই বাজার সম্পর্কে জানা যায়। কোনো প্রতিষ্ঠান চাকরিপ্রার্থীর জানার আগ্রহ জানতে পারে।উদাহরণস্বরূপ বলা যায়, কেউ যদি ছবি তুলতে পছন্দ করেন তাহলে এর ওপর একটি গ্রুপ তৈরি করা যেতে পারে। সদস্যসংখ্যা বাড়ানোর পাশাপাশি আপনার তোলা ছবিগুলোর প্রদর্শনী করতে পারবেন এখানে। এ ছাড়া পেশাগত পৃষ্ঠা বানাতে পারেন। আপনার পেশা সম্পর্কে প্রচুর তথ্য জানাতে পারেন সবাইকে। যতটা সম্ভব বন্ধুদের মধ্যে এটি ছড়িয়ে দিন। এতে করে আপনার কাজের প্রতি আগ্রহ সম্পর্কে সবারই একটি ইতিবাচক ধারণা জন্মাবে। তবে কোনো বিষয় পছন্দ করার জন্য কাউকে জোর করা উচিত না। নিজস্ব স্বকীয়তা আর যোগ্যতা তুলে ধরুন সবার সামনে। তাহলেই হবে। বাকি কাজ ফেসবুক, টুইটারের ওপর ছেড়ে দিন।