কাজ ছাড়াই ৬৬৯ কর্মী বেতন পেলেন ২৮ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা অধিদপ্তরের ‘খাদ্য নিরাপত্তাহীন দরিদ্র মহিলাদের উন্নয়ন’ নামের প্রকল্প ২০০৪ সালে শেষ হওয়ার তারিখ থেকেই রাজস্ব খাতে স্থানান্তর করা হয়েছে। প্রায় ছয় বছর অচল থাকা এই প্রকল্পের ৬৬৯ জন কর্মকর্তা-কর্মচারীর বকেয়া বেতন দিতে সরকারের অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় ২৮ কোটি টাকা।১৯৯৭ সালের পরে নেওয়া প্রকল্পের জনবল রাজস্ব খাতে স্থানান্তর হবে না—এই বিধান বহাল থাকলেও বিশেষ বিবেচনায় কিছু প্রকল্পের জনবল রাজস্ব খাতে নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে ওই প্রকল্পটি রাজস্ব খাতে নেওয়া হয়। দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচি বা ভিজিডি কার্যক্রম বাস্তবায়নে ১৯৯৮ থেকে ২০০৪ সালের জুন পর্যন্ত এটির মেয়াদ ছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় গত বছরের ১০ নভেম্বর এই সমাপ্ত প্রকল্পের ৭২২টি পদের মধ্যে কর্মরত ৬৬৯ জনবল ২০০৪ সালের জুলাই থেকে রাজস্ব খাতে স্থানান্তরে সম্মতি দেয়। গত বছরের ১০ জানুয়ারি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কাছে এক সারসংক্ষেপে প্রকল্পটি জনবলসহ রাজস্ব খাতে স্থানান্তরের প্রস্তাব পাঠায়। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় ২০০৮ সালের মার্চ মাসে প্রাথমিকভাবে ৫৩২টি পদ রাজস্ব খাতে স্থানান্তরের সম্মতি দেয়। তবে প্রকল্পটি ১৯৯৭ সালের পরে শুরু হওয়ায় এবং অর্থ বিভাগের পরিপত্র মোতাবেক জনবল সাকল্যে বেতনে নিয়োগ হওয়ায় সরাসরি রাজস্ব খাতে স্থানান্তর করা সম্ভব নয় বলে মত দেয় অর্থ মন্ত্রণালয়। পরবর্তী সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ও আদেশটি বাতিল করে। সারসংক্ষেপে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এবং অর্থ বিভাগের পরিপত্রের ব্যত্যয় ঘটিয়ে প্রকল্পটিকে রাজস্ব খাতে স্থানান্তরের প্রস্তাব দেয় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সারসংক্ষেপ অনুমোদন করেন গত ফেব্রুয়ারি মাসে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রকল্পটি রাজস্ব খাতে নেওয়ার প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে।মহিলা অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রকল্পের আওতায় ১৭৮টি উপজেলায় কাজ হয়েছে। রাজস্ব খাতে অন্তর্ভুক্ত হওয়ার পর গত মার্চ পর্যন্ত তিন দফায় কর্মকর্তা-কর্মচারীদের পদের বিপরীতে প্রায় ২৮ কোটি টাকা বেতন বাবদ ব্যয় করেছে সরকার। ২০০৯ সালের জুলাই থেকে নতুন স্কেলে এবং এর আগে প্রকল্পের নির্ধারিত বেতন পেয়েছেন প্রকল্পে কর্মরত ব্যক্তিরা। কাজ না করেও বেতন পাবেন: প্রকল্পের কর্তাব্যক্তিরা প্রথম আলোর কাছে দাবি করেন, কয়েকজন ছাড়া সবাই কর্মরত ছিলেন। গত ১২ জুন অধিদপ্তরের মহাপরিচালক বরাবর জনৈক ব্যক্তির অভিযোগে বলা হয়, ‘২০০৩ সালের মে থেকে জুলাই পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি শেষ করে প্রশিক্ষক হিসেবে যোগ দিতে চাইলে তৎকালীন থানা কর্মকর্তা বলেন, প্রকল্পের কার্যক্রম বন্ধ আছে। কেউই অফিসে আসে না। আপনিও অফিসে আসবেন না।’ এই প্রশিক্ষক চিঠিতে আরও উল্লেখ করেছেন, পরে তিনি জানতে পেরেছেন, তাঁর জায়গায় গোপনে অন্য একজনকে নিয়োগ দেওয়া হয় এবং বেতনও দেওয়া হয়। প্রকল্পে হিসাবরক্ষক-কাম ক্রেডিট সুপারভাইজার পদে মোজাম্মেল হক নিয়োগ পান ২০০০ সালের জুন মাসে। ২০০৬ সালের এপ্রিলে এই ক্রেডিট সুপারভাইজার নরসিংদীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের শূন্যপদে নিয়োগ পান। মোজাম্মেল হক চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মহিলা অধিদপ্তর বরাবর রাজস্ব খাতে স্থানান্তরিত প্রকল্পে তাঁর পদটিতে প্রত্যাবর্তনের অনুমতি চেয়ে চিঠি লেখেন। সে চিঠিতে তিনি জানান, ২০০৬ সাল পর্যন্ত তিনি প্রকল্পে নিয়মিত কাজ করেন। টেলিফোনে মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘আমি কোনো অন্যায় করিনি। আমি অন্য জায়গায় চাকরি করেছি তা অধিদপ্তরকে জানিয়েছি।’তাঁরা কর্মরত ছিলেন না—এ অভিযোগ তুলে সাতজন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা প্রথমে বেতন বইতে স্বাক্ষর করেননি। বিষয়টি জানিয়ে তাঁরা চিঠি দেন মহাপরিচালককে। গত ২৮ জুন এই সাত কর্মকর্তাকে অধিদপ্তরে ডেকে এনে সরকারের নির্দেশ মানার জন্য মহাপরিচালক নির্দেশ দিয়েছেন। পরবর্তী সময়ে সবাই বেতন বইয়ে সই করেন বলে জানা যায়। অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রকল্পের কয়েকজন অন্য জায়গায় চাকরি করেছেন তা জানার পর তাঁদের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।’বেতনের হেরফের: প্রকল্পের অনুমোদিত প্রস্তাবনা অনুযায়ী ১৯৯৭ সালের বেতন স্কেলে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিকেরা বেতন পেতেন এক হাজার ৮৭৫ টাকা স্কেলে। এমএলএসএস পদে বেতন ছিল এক হাজার ৫০০ টাকা স্কেলে। প্রশিক্ষকদের বেতন ছিল সবচেয়ে কম। তিন মাস চুক্তিভিত্তিক নিয়োগে প্রশিক্ষকদের নির্দিষ্ট বেতন ছিল দুই হাজার ২০০ টাকা। কিন্তু রাজস্ব খাতে যাওয়ার পর চিত্রটি পাল্টে গেছে। এখন প্রশিক্ষকেরা এ দুই পদের চেয়ে বেশি বেতন পাবেন। কেননা, প্রশিক্ষকেরা বর্তমানে পাঁচ হাজার ৫০০ টাকার বেতন স্কেলে বেতন পাচ্ছেন। এ ছাড়া প্রকল্পের উচ্চ বেতনকাঠামো অনুযায়ী অন্যান্য পদ রাজস্ব খাতে অন্তর্ভুক্ত হওয়ায় অধিদপ্তরের মূল রাজস্বভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বেতনবৈষম্য চরম আকার ধারণ করার বিষয়টিও মেনে নিতে পারছেন না বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারী।