কাজ দিয়েই নিজেকে প্রমাণ করতে হবে
কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার, এসকেএফ‘স্কুল-কলেজ পাস করার পর ফার্মেসি বিভাগে পড়ার সিদ্ধান্ত নিই। আর এ জন্য রাজশাহী মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে ভর্তি হই। এর পর থেকেই ফার্মাসিস্ট হওয়ার স্বপ্ন দেখেছি আর সেভাবেই নিজেকে তৈরি করছি।’ ফার্মাসিস্ট হিসেবে পেশাজীবন শুরু করার ঘটনা এভাবেই বললেন এসকেএফের কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার আসমা রেজা। ১৯৯৭ সালে স্নাতকোত্তর বিভাগের ফল প্রকাশের আগেই এসকেএফে প্রোডাকশন ফার্মাসিস্ট হিসেবে চাকরিতে যোগ দেন আসমা রেজা। এরপর জ্যেষ্ঠ প্রোডাকশন ফার্মাসিস্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন প্রোডাক্ট কন্ট্রোল, ম্যানেজার কোয়ালিটি কন্ট্রোল এবং সর্বশেষ কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার হিসেবে পদোন্নতি লাভ করেন তিনি। ‘শুরুটা করি ওষুধের উৎপাদন কার্যক্রম দিয়ে আর এখন আমার কাজ ওষুধের মান নিয়ন্ত্রণের। তাই কাঁধের ওপর আগের চেয়ে অনেক বেশি দায়িত্ব।’ বললেন আসমা রেজা।আসমা রেজার স্বামী সাবের হোসেন আগে এসকেএফে কর্মরত ছিলেন। এরপর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাণরসায়ন এবং অণুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা শুরু করেন। ফলে একজন ফার্মাসিস্ট হিসেবে কাজ শুরু করার পর থেকেই স্বামীর সহযোগিতা পেয়েছেন আসমা রেজা।আসমা রেজা বলেন, ‘পেশার ক্ষেত্রে আমার মনে হয় আমি খুবই ভাগ্যবান। শুরু থেকেই সহকর্মীদের অনেক সহযোগিতা পেয়েছি। তবে বিভিন্ন প্রতিষ্ঠানে মেয়েদের কাজ করার ক্ষেত্রে এখনো নানা ধরনের সীমাবদ্ধতা রয়েছে। তাই প্রথমে তাকে ভুলে যেতে হবে যে সে মেয়ে, আর নিজের কাজের মাধ্যমেই নিজেকে প্রমাণ করতে হবে যে সে আলাদা। এসবের পাশাপাশি পারিবারিক সমর্থনও একটি বড় বিষয়।’আসমা রেজার দুই সন্তান। মেয়ে পঞ্চম শ্রেণীতে পড়ে আর ছেলের বয়স দুই বছর। কাজের বাইরে ছুটির দিনে আর অফিসের শেষে পরিবারের জন্য সময় বরাদ্দ থাকে তাঁর। কাজের পাশাপাশি ফার্মেসি বিষয় নিয়ে আরও পড়াশোনার ইচ্ছা আছে আসমা রেজার।আসমা রেজা ও ফিরোজা খানমের লেখা লিখেছেন মোছাব্বের হোসেন