লিখেছেন রুহিনা তাসকিনহঠাৎ করে চাকরি ছেড়ে দিয়েছেন এসকেএফ এর ব্যবস্থাপনা পরিচালক। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ সেই মুহূর্তে বলতে গেলে কান্ডারিহীন। সংকট নিরসনে জরুরি বোর্ড মিটিং বসল। প্রস্তাবটা এল ভাই আরশাদ ওয়ালিউর রহমানের কাছ থেকে, ‘আচ্ছা, সিমিনই এখন দেখুক না কিছু দিন।’ বাবা লতিফুর রহমানও সায় দিলেন। সেটা ২০১১ সালের জানুয়ারি মাসের কথা।অনেকটা দুরু দুরু বুকেই শুরু হলো দেশের ষষ্ঠ বৃহৎ ওষুধ তৈরির প্রতিষ্ঠান এসকেএফ বাংলাদেশ লিমিটেডে সিমিন হোসেনের যাত্রা। ২২ বছরের পেশাজীবনে এটাকেই সবচেয়ে কঠিন সময় মানেন তিনি।সিমিন বলেন, “আমার পড়াশোনা অর্থনীতি এবং ব্যবসায়। ফার্মাসিউটিক্যাল বা ওষুধ শিল্প নিয়ে তেমন কিছু জানি না। বাবা তখন একটা কথাই বলেছিলেন আমাকে, ‘হোল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ইজ ওয়াচিং এসকেএফ।”চ্যালেঞ্জটা লুফে নিতে দেরি করেননি সিমিন হোসেন। শুধু বাইরের মানুষই নয়, প্রমাণ করার ছিল সহকর্মীদের কাছেও। পুরোনো কর্মীরা কেন সিমিনকে মানবেন? কেন তাঁকে শ্রদ্ধা করবেন? শুধু চেয়ারম্যানের মেয়ে বলে? ‘কখনোই নয়। পেশাদার একজন কর্মীকে দিয়ে আপনি জোর করে কিছু করাতে পারবেন না। পরিচালকের প্রতি শ্রদ্ধা না থাকলে সে দুদিন পর চাকরিটাই ছেড়ে দেবে। এসকেএফে এসে আমার প্রথম চ্যালেঞ্জই হলো নিজের যোগ্যতা প্রমাণ করা, যাতে তাঁরা আমার ওপর ভরসা রেখে কাজটা এগিয়ে নিতে পারেন। পরিচালকদের মধ্য থেকে আমি ব্যবস্থাপনা কমিটির সমন্বয়ক হিসেবে হাল ধরলাম। সঙ্গে ছিলেন অসম্ভব দক্ষ নয়জন মহাব্যবস্থাপক’, বলেন সিমিন হোসেন। এক বছরের চেষ্টা-পরিশ্রমের আশাব্যঞ্জক ফলও পেয়েছে এসকেএফ। এরই ধারাবাহিকতায় ২০১২ সালের জানুয়ারি মাসে সিমিন হোসেন নিয়োগ পান এসকেএফের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে।সাফল্য, স্বীকৃতি, সম্মান রাতারাতি তো ধরা দেয় না। বাবা লতিফুর রহমানের গড়া প্রতিষ্ঠান বলেই, ‘এলাম, দেখলাম, সব পেয়ে গেলাম’ এমনটা হয়নি সিমিন হোসেনের বেলায়। ১৯৯০ সালে ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (টিডিসিএল) অফিসার পদমর্যাদায় কর্মজীবন শুরু তাঁর। শুরুতে বিপণণ, বিক্রয়, অর্থ ইত্যাদি সব বিভাগেই কাজ করতে হয়েছে। ১৯৯৬ সালে প্রসাধনী ব্র্যান্ড লরিয়েলের ভোক্তা বিভাগটি (কনজিউমার ডিভিশন) দেখা শুরু করেন। তিনি টিডিসিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান ২০০৮ সালে। এবং এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হন ২০১০ সালে। ‘পারিবারিক ব্যবসা বলে আমাদেরই তার তদারক করতে হবে, বাবা এভাবে ভাবেন না। বরং আমাদের প্রতিটি প্রতিষ্ঠান চালানোর জন্য দক্ষ কর্মকর্তাদের দল রয়েছে। বাবা মনে করেন যে যেটা ভালো পারে, তাকে দিয়ে সেটাই করানো উচিত। আমার ওপর কোনো চাপ ছিল না ট্রান্সকমে কাজ করার জন্য। আর আমি কাজটা না পারলে বাবা আমাকে রাখতেনও না। প্রতিষ্ঠানের জন্য যা সবচেয়ে ভালো, সেটাই করতেন তিনি।’ সিমিন বললেন। ‘জানতাম, একমাত্র কাজ দিয়েই নিজেকে প্রমাণ করতে হবে। সেই চেষ্টাই করেছি।’ বললেন তিনি। তবে এ ক্ষেত্রে বাবার পরিচয়টা চাপ হয়ে দাঁড়ায়নি বলেই মনে করেন সিমিন, ‘আমার কাছে কি মানুষের খুব কিছু আশা করার ছিল? মনে তো হয় না। তবে চাপ আমি অনুভব করেছি আমার মায়ের তরফ থেকে। সব সময় মা আমাকে বলতেন, নিজেকে প্রমাণ করতেই হবে তোমার। আর সে জন্য একজন পুরুষের তুলনায় ১০ গুণ বেশি কাজ করতে হবে।’ বাবা তো পেশাগত দিকটায় সিমিনের শক্তি হয়ে আছেন। আর, ব্যক্তিগত জীবনে সিমিন নির্ভর করেন মা শাহনাজ রহমানের ওপর। তবে লতিফুর রহমানের মেয়ে হওয়ার বড় একটা সুবিধা তিনি পেয়েছেন বলেই মনে করেন। সিমিন বলেন, ‘ব্যবসার ক্ষেত্রে চোখ বন্ধ করে বাবার উপদেশ মেনে নেওয়া যায়। তাঁর দূরদৃষ্টি, প্রজ্ঞা তুলনাহীন। সব সময় তাঁকে কাছে পাই, তাঁর পরামর্শ নিতে পারি যেকোনো পরিস্থিতিতে। একজন ব্যবসায়ী হিসেবে এর চেয়ে বড় সুবিধা আর কী হতে পারে। অনেক সময় আমরা একদম বিপরীতভাবে চিন্তা করি। মনে মনে ভাবি, বাবা এসব কী বলছেন! কিন্তু অতীতে অনেকবার দেখেছি উনি যা বলেন সেটাই ঠিক হয়। তাই তাঁর কথা শুনলে পরে ঠিকই ফল পাব বলে জানি। তাঁর যেকোনো সিদ্ধান্তই আমি মেনে নিই। এমনকি কঠিন কোনো পরিস্থিতিতে আমি ভাবি, বাবা এখানে কী করতেন। তাঁর মতো করেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি।’মা বলতেন সিমিনকে, এটা পুরুষদের দুনিয়া। সেই দুনিয়াটা জয় করার মন্ত্র কী? সিমিন বলেন, ‘আমার শক্তি হলো আমার কাজ, আমার অর্জন। হ্যাঁ, বাংলাদেশে ব্যবসার ক্ষেত্রটায় এখনো পুরুষদের আধিপত্য বেশি। এখানে এমনকি একজন নারী কেমন পোশাক পরেন সেটাও সবাই খেয়াল করে। তবে আমার ক্ষমতার প্রকাশ কিন্তু পোশাক-আশাক আর আচরণে নয়। আমার প্রতিষ্ঠানের লাভ, বৃদ্ধিটাই আমার ক্ষমতা। আমি মনে করি দুটো কারণে আজকের এ অবস্থানে আসতে পেরেছি। যিনি যেই বিষয়ের বিশেষজ্ঞ তাঁর মতটা সব সময় গুরুত্ব দিই। আর যেকোনো ক্ষেত্রে খুব দ্রুত সিদ্ধান্ত দিতে চেষ্টা করি। আমার সহকর্মীরা ই-মেইল বা মেসেজ করলে চেষ্টা করি অল্প সময়ের মধ্যেই সাড়া দিতে।’কাজ আর পরিবার—এর মধ্যেই সিমিনের জীবন। ‘আসলে সবকিছু করতে গেলে সাফল্য আসে না। যেকোনো একটা দিকে তো ছাড় দিতেই হবে। আমি কমিয়ে দিয়েছি আমার সামাজিক জীবনটা। সকালে মা-বাবার সঙ্গে এক কাপ কফি খেয়ে দিন শুরু করি। অফিসের পর চলে আসি বাড়িতে। ছেলেদের সময় দিই। ছুটির দিনে রান্না করি। পার্টি, আড্ডা এই জিনিসগুলো আমাকে টানে না। তা করতে গেলে হয়তো আর কাজ করা হতো না। তবে পারিবারিক নিমন্ত্রণ, অনুষ্ঠানে যাই।’ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আর এসকেএফ বাংলাদেশ লিমিটেড—একটা দিয়ে কাজের শুরু, আর একটায় নিজেকে প্রমাণ করা। সিমিনের পরিকল্পনা এখন এদের নিয়েই। এ ছাড়া ট্রান্সকমের অধীন সবগুলো প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে তো আছেনই। ‘কঠিন সময়ে যোগ দিয়েছিলাম এসকেএফে। সবাই মিলে আমরা সে সময়টা পার করেছি। এখন আমাদের চোখ সামনে।’ বলেন সিমিন হোসেন।