গত ১৮ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন শিল্পের উন্নয়নের জন্য একনেক ৫৮ কোটি টাকার বরাদ্দ দিয়েছে। এই টাকা দিয়ে এফডিসির ক্যামেরা থেকে শুরু করে কারিগরি বিভিন্ন মেশিনপত্র নিয়ে আসা হবে। পাশাপাশি এফডিসিতে ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনেও এ টাকা ব্যয় করা হবে।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এফডিসির নানা সমস্যার কথা তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ ও তথ্যসচিব হেদায়েত উল্লাহ আল মামুনকে নির্মাতারা জানান। মন্ত্রী ও সচিব এফডিসি পরিদর্শন করে দ্রুত এসব সমস্যা সমাধানের জন্য একটি প্রকল্প হাতে নেওয়ার নির্দেশ দেন। তার পরই তথ্য মন্ত্রণালয় ও এফডিসিসংশ্লিষ্ট কর্মকর্তারা ৫৮ কোটি টাকার একটি বাজেট হাতে নেন। এটি এত দিন একনেকের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ছিল। ১৮ অক্টোবর তা পাস করা হয়।তথ্যসচিব হেদায়েত উল্লাহ আল মামুন বলেন, ‘আশা করা যাচ্ছে যে এ বছরের মধ্যেই কাজের অনেকটা অগ্রগতি হবে। ২০১৪ সালের মধ্যে আমাদের সব কাজ শেষ করার কথা থাকলেও, এর আগেই এ প্রকল্পের কাজ শেষ করা হবে এবং চলচ্চিত্রশিল্পে অত্যাধুনিক কারিগরি সুবিধা আমরা দিতে পারব।’এ ব্যাপারে প্রযোজক-পরিবেশক সমিতির সহসাধারণ সম্পাদক সাইদুর রহমান মানিক বললেন, ‘সরকারের নেওয়া সিদ্ধান্ত আমাদের চলচ্চিত্রশিল্পের জন্য ইতিবাচক।’শিল্পী সমিতির সভাপতি শাকিব খান বললেন, ‘সরকারের কাছে অনুরোধ করব, দ্রুত যেন কাজগুলো সম্পন্ন করা হয়। না হলে এই বরাদ্দের টাকা আমাদের কোনো কাজে লাগবে না।