হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য স্থাপনার বৈদ্যুতিক বা যান্ত্রিক সরঞ্জাম মেরামত ও রক্ষণাবেক্ষণের নামে গত অর্থবছরে কোটি টাকা লুটপাট করে নিয়েছেন গণপূর্ত অধিদপ্তরের কিছু কর্মকর্তা। দুর্নীতি করেও পার পেয়ে যাওয়ায় চলতি অর্থবছরে আরও বড় অঙ্কের টাকা আত্মসাৎ করার ক্ষেত্র তৈরি করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।খোঁজ নিয়ে জানা যায়, গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন অঞ্চল থেকে হাসপাতাল ও স্বাস্থ্য স্থাপনার জন্য বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ বৈদ্যুতিক ও যান্ত্রিক কাজের প্রাক্কলন তালিকা পাঠানো হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে। অভিযোগ উঠেছে, মন্ত্রণালয় থেকে ভালো করে যাচাই না করেই অর্থ বরাদ্দ করা হয়। গত অর্থবছরে (২০১০-১১) রাজধানীর মহাখালী এলাকায় বিভিন্ন স্বাস্থ্য স্থাপনার বৈদ্যুতিক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৯২টি কাজের অনুকূলে দুই কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দ করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। কিন্তু এসব স্থাপনা ঘুরে এবং সংশ্লিষ্ট সূত্রগুলোর সঙ্গে কথা বলে জানা যায়, বেশির ভাগ কাজই করা হয়নি। কিন্তু পুরো বিল নেওয়া হয়েছে। অন্যদিকে চলতি (২০১১-২০১২) অর্থবছরে স্বাস্থ্য খাতের অধীন বিভিন্ন স্থাপনায় একই ধরনের কাজের জন্য প্রায় ২১ কোটি টাকার হিসাব করা হয়েছে। সূত্রমতে, গণপূর্ত অধিদপ্তর থেকে অপ্রয়োজনীয় এই প্রাক্কলন পাঠানোর মাধ্যমে সরকারি অর্থ লুটপাটের আরেকটি মহাপরিকল্পনা করা হয়েছে।গণপূর্ত অধিদপ্তরের মহাখালী অঞ্চলের একাধিক কর্মকর্তা ছাড়াও বঞ্চিত কয়েকজন প্রভাব-প্রতিপত্তিহীন ঠিকাদার অভিযোগ করেন, গত অর্থবছরে আসল কাজ না করে ধোয়ামোছার কাজই বেশি হয়েছে। কিন্তু এসব কাজের জন্য অগ্রাধিকার ভিত্তিতে বিল দেওয়া হয়েছে। আর চলতি অর্থবছরের জন্য প্রায় ২১ কোটি টাকার প্রাক্কলনের বিপরীতে ঠিকাদারদের কাজ দেওয়ার কথা বলে তাঁদের কাছ থেকে দুই শতাংশ হারে টাকা পর্যন্ত উঠিয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট একজন নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে কনিষ্ঠ প্রকৌশলীরা এ কাজটি করেছেন বলে জানা যায়। কয়েকটি নমুনা: মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের রেফারেন্স ল্যাবে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র মেরামত, সার্ভিসিং ও গ্যাস চার্জসহ আনুষঙ্গিক কাজে খরচ দেখানো হয় প্রায় চার লাখ টাকা। কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, সেখানে ওই কাজ করতে কোনো লোকই যায়নি। ডক্টরস কোয়ার্টারের সামনে ওভারহেড লাইনের খুঁটি পরিবর্তন ও তার বসানোর জন্য চার লাখ টাকা খরচ করা হয়েছে বলা হয়। কিন্তু এলাকায় গিয়ে আগের পুরোনো তার ও খুঁটিই দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একজন সহযোগী অধ্যাপক বলেন, গত অর্থবছরে উল্লিখিত কাজ করতে তিনি দেখেননি। কাজ না করে বিল ওঠানোর এমন নজিরও খুব কম আছে। মহাখালীতে জনস্বাস্থ্য সরকারি আবাসিক কোয়ার্টারে (১ থেকে ৪ নম্বর) ত্রুটিযুক্ত সার্ভিস কেব্ল, কন্ট্রোল ইত্যাদি পরিবর্তনের জন্য খরচ দেখানো হয় পাঁচ লাখ টাকা। সংশ্লিষ্ট সূত্র জানায়, এখানে ওই কাজগুলো করা হয়নি।জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগ (রোটারি) ব্লকের বৈদ্যুতিক ওয়্যারিং, ফিটিং ফিকচার ইত্যাদি পরিবর্তনসহ আনুষঙ্গিক কাজের জন্য খরচ করা হয় চার লাখ টাকা। একই প্রতিষ্ঠান ও হাসপাতালের পুরোনো ভবনের বিভিন্ন পাম্প মোটর মেরামত, সার্ভিসিং ও স্টার্টার পরিবর্তনের জন্য খরচ দেখানো হয় দুই লাখ টাকা। দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এখানে কোনো ঠিকাদার বা তাঁদের নিয়োজিত কর্মীদের কাজ করতে দেখা যায়নি। তবে কাগজে-কলমে সব কাজই হয়েছে। অ্যাজমা ইনস্টিটিউট ও হাসপাতালের ৫০০ কেভিএ বৈদ্যুতিক উপকেন্দ্রের সার্ভিসিং, এলটি ফিডার, লুপ কেব্ল, কন্ট্রোল বা সার্কিট ব্রেকার ইত্যাদি পরিবর্তনসহ আনুষঙ্গিক কাজের জন্য খরচ করা হয় সাত লাখ টাকা। ওই হাসপাতালের চতুর্থ তলায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র সরবরাহ ও স্থাপনসহ অন্যান্য কাজের জন্য খরচ দেখানো হয় ছয় লাখ টাকা। পোস্ট অপারেটিভ ও নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) জন্য শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বাবদ খরচ করা হয় আরও ছয় লাখ টাকা। বাস্তবে এগুলো দৃশ্যমান নয়। সেবা মহাবিদ্যালয়ের বৈদ্যুতিক উপকেন্দ্র, পাম্প মেরামত ও পাম্পহাউস এবং চালক ছাউনির কেব্ল বসানো বাবদ প্রায় ছয় লাখ টাকা খরচ দেখানো হয়। বাস্তব কাজের সঙ্গে এ খরচের মিল পাওয়া যায়নি।জানা যায়, গত জুন মাসের শেষ সপ্তাহে তড়িঘড়ি করে কার্যাদেশ গ্রহণ করা হয়। বেশির ভাগ ঠিকাদার ঘটনাস্থলে কাজ করতে যাননি। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট একজন প্রকৌশলী তাঁর আওতাধীন প্রতিটি কাজের জন্য ৪০ শতাংশ হারে টাকা নেন এবং কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। বাস্তবে কোনো কাজ না করে শুধু ‘ধোয়ামোছা করে’ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অসাধু কর্মকর্তাদের যোগসাজশে কাজগুলো হস্তান্তর করেন। এ ছাড়া আগে মেরামত খাতে সাশ্রয় হওয়া প্রায় ১০ লাখ টাকা ভুয়া ভাউচারের মাধ্যমে আত্মসাৎ করা হয়।প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের মার্চে মহাখালী সংক্রামক হাসপাতালের কাছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) ভবন উদ্বোধন করেন। ছয় মাস যেতে না-যেতেই ওই ভবন সংস্কারের জন্য চলতি অর্থবছরে ৫০ লাখ টাকার কাজের প্রাক্কলন দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো কাজের তালিকায় রয়েছে নতুন বৈদ্যুতিক ওয়্যারিং, ফিটিং ফিকচার, সার্কিট ব্রেকার, কেব্ল, উপকেন্দ্র ইত্যাদি পরিবর্তন, মেরামতসহ মোট ১৫টি কাজ।১০ তলার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল ভবনটির বৈদ্যুতিক কাজগুলো প্রায় নতুন। অথচ ভবনটির বিভিন্ন তলার ফিটিং ফিকচার, সার্কিট ব্রেকার, ওয়্যারিং, কেব্ল পরিবর্তন, বৈদ্যুতিক উপকেন্দ্র মেরামত, জেনারেটরের কেব্ল পরিবর্তন, পানির পাম্প মেরামতসহ অন্যান্য বৈদ্যুতিক কাজ সম্পাদনের জন্য বড় ধরনের তালিকা করা হয়েছে। এ ছাড়া বৈদ্যুতিক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রায় চার কোটি টাকার প্রাক্কলন পাঠানো হয়েছে।জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় অ্যাজমা ইনস্টিটিউট ও হাসপাতালের এ ধরনের কাজের জন্য ১৯১টি কাজের বিপরীতে প্রায় আট কোটি টাকার প্রাক্কলন পাঠানো হয়। দায়িত্বশীল সূত্রমতে, এসব কাজের বেশির ভাগই ধারাবাহিকভাবে আগের অর্থবছরগুলোতেও করা হয়েছিল। শুধু নাম পরিবর্তন করে বর্তমান অর্থবছরের প্রাক্কলনে অন্তর্ভুক্ত করা হয়েছে। একইভাবে সংশ্লিষ্ট অন্য প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবিত কাজের (প্রায় নয় কোটি টাকার) বেশির ভাগের প্রয়োজন নেই। বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য স্থাপনার চিকিৎসক ও কয়েকজন কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, গত অর্থবছরে কাজ না করে বিল ওঠানোর কোনো তদন্ত হয়নি। সরকারি অর্থ আত্মসাৎকারী ও পরিকল্পনাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ও দুর্নীতির ঘটনা আরও বাড়বে। এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, তিনি খোঁজখবর নিয়ে প্রমাণ পেলে উপযুক্ত ব্যবস্থা নেবেন।