কাজ না করেই ৫০ শতাংশ টাকা উঠিয়ে পালিয়েছে ঠিকাদার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ-লাখাই উপজেলা সড়কের মাত্র দুই কিলোমিটার প্রশস্তকরণের কাজ গত দেড় বছরেও শেষ করেনি নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান। শুধু তাই নয় ওই ঠিকাদারি প্রতিষ্ঠান ডলি কনস্ট্রাকশন কাজ না করেই তার বিলের ৫০ শতাংশ টাকা উত্তোলন করে নিয়ে গেছে। এলাকাবাসী বলছেন, কিছু দিনের মধ্যেই এ সড়কের কাজ শেষ না হলে তাঁরা আন্দোলনের ডাক দেবেন।হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, হবিগঞ্জ-লাখাই সড়কের দুই কিলোমিটার রাস্তার দুই পাশে প্রশস্তকরণ কাজের অর্ধ কোটি টাকার কাজের দরপত্র আহ্বান করা হয় গত বছরের মে মাসে। ঢাকার ডলি কনস্ট্রাকশন ১৩ শতাংশ পেয়েছে সর্বনিম্ন দরদাতা হিসেবে বিবেচিত হয়ে। এ ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২০০৯ সালের ৪ জুন কার্যাদেশ দেয় হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। কার্যাদেশ অনুযায়ী ৬০ দিনের মধ্যে এ কাজ শেষ করার কথা। কিন্তু দেড় বছর পেরিয়ে গেলেও ডলি কনস্ট্রাকশন এ কাজ শুরুই করেনি। ঠিকাদার প্রথম অবস্থায় রাস্তার দুই পাশে পরিখা খনন করে লাপাত্তা হয়ে গেছেন। ফলে মাসের পর মাস এ সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে। আর গর্তে কাদা-পানি জমে আছে।সরেজমিনে হবিগঞ্জ-লাখাই সড়কের রিচি গ্রামে গিয়ে দেখা যায়, রাস্তার দুই পাশে মাটি কেটে রাখা হয়েছে। স্থানীয় লোকজন জানান, এ কাজে নিয়োজিত ঠিকাদার প্রায় দেড় বছর ধরে রাস্তার কোনো কাজ না করেই অনুপস্থিত আছেন। ঠিকাদার কাজ শুরুর আগে রাস্তার দুই পাশে মাটি কেটে পরিখা তৈরি করার পর আর তাঁকে দেখা যায়নি। এভাবে গত দেড় বছরে রাস্তার কোনো কাজের অগ্রগতি নেই। বর্তমানে রাস্তার দুই পাশে মাটি কেটে গর্ত করে রাখার কারণে বৃষ্টির পানি জমছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। রিচি গ্রামের আবদুর রহমান জানান, ঠিকাদার নিয়মবহির্ভূতভাবে রাস্তার পাশে মাটি কেটে রেখেছেন। যে কারণে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। একটি পরিবহন দুর্ঘটনায় একজন মানুষও মারা গেছেন। সম্প্রতি এলাকার সাংসদ আবু জাহির একটি অনুষ্ঠানে গ্রামে আসেন। তাঁর উপস্থিতিতে একটি গাড়ি গর্তে পড়ে বেশ কয়েকজন আহত হন। এ সময় সাংসদ সড়ক ও জনপদ বিভাগকে অবহিত করলে তারা সঙ্গে সঙ্গে কয়েক বস্তা বালু এন গর্তে ফেলে। এরপর সড়ক ও জনপথ বিভাগের কোনো দায়িত্ব দেখা যায়নি।নাম প্রকাশ না করার শর্তে সওজের একজন ঠিকাদার বলেন, ডলি কনস্ট্রাকশন সড়কের কাজ না করেই তার অর্ধ কোটি টাকার কাজের ৫০ শতাংশ উত্তোলন করে নিয়ে গেছে। এ অনিয়মের সঙ্গে সওজের কয়েকজন কর্মচারী-কর্মকর্তা জড়িত বলে তিনি অভিযোগ করেন।রিচি সমাজ কল্যাণ যুবসংঘের সাধারণ সম্পাদক জিতু মিয়া বলেন, ‘এ রাস্তার কাজের গাফিলতির বিষয়টি আমরা এলাকার সাংসদ আবু জাহিরকে অবহিত করেছি। পাশাপাশি এ কাজ দ্রুত সমাপ্ত করার জন্য হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে। এর মধ্যে কাজ শেষ না হলে কয়েকটি গ্রাম নিয়ে আমরা আন্দোলনের ডাক দেব।’ এ বিষয়ে সড়কের কার্যাদেশ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠান ডলি কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. নাসির উদ্দিনের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। এ বিষয়ে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নবাগত নির্বাহী প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল প্রথম আলোকে বলেন, ‘আমি বিষয়টি জানার পর পরেই সংশ্লিষ্ট ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ করেছি।’ কাজ শেষ না করেই ৫০ শতাংশ টাকা উত্তোলনের বিষয়ে নির্বাহী প্রকৌশলী জানান, অফিসের নথি পর্যালোচনা করে দেখা গেছে, তিনি ৩৫ শতাংশ কাজ শেষ করে এ টাকা উত্তোলন করেছেন।